জিয়াউর রহমান ছিলেন একজন বাংলাদেশী বীর মুক্তিযোদ্ধা, সামরিক কর্মকর্তা, এবং রাজনীতিবিদ। যিনি বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠাতা। তিনি শহীদ জিয়া হিসাবে বাংলাদেশে সর্বাধিক পরিচিত।

১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে কুখ্যাত পাকিস্তান হানাদার সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ শুরু করলে তিনিও বিদ্রোহ করেন এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। মুক্তিযুদ্ধে তার বীরত্বের জন্য তাকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব বীর উত্তম প্রদান করা হয়। তিনি ‘জেড ফোর্স’ এর কমান্ডার ছিলেন এবং সেক্টর ১ ও সেক্টর ১১ এর নেতৃত্ব দেন। ১৯৭৫ সালের পরবর্তী রাজনৈতিক অস্থিরতার সময় তিনি ক্ষমতা গ্রহণ করেন এবং ১৯৭৭ সালের ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করেন এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গঠনে প্রাথমিক ভূমিকা পালন করেন। তার রাজনৈতিক দর্শন এবং অবদান নিয়ে বিভিন্ন মহলে ভিন্নমত থাকলেও, বাংলাদেশপর স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা অনস্বীকার্য।

১৯৮১ সালের ৩০শে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউসে বাংলাদেশ সেনাবাহিনীর একদল কর্মকর্তা কর্তৃক হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পেছনে বেশ কিছু কারণ ও উদ্দেশ্য ছিল, যদিও এর মূল কারণ নিয়ে এখনও বিতর্ক ও নানা প্রশ্ন রয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশের ইতিহাসে মূল কারণগুলো নিম্নরূপ হিসাবে উল্লেখ রয়েছে॥ জিয়াউর রহমানের শাসনামলে বেশ কয়েকটি সামরিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান ঘটেছিল। সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা ও পাকিস্তান প্রত্যাগত কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং জিয়াউর রহমান শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছিলেন, যার ফলে অনেক কর্মকর্তাকে সামরিক ট্রাইব্যুনালে বিচার ও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই বিষয়গুলো সেনা কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল। জিয়াউর রহমান সামরিক শাসক থেকে বেসামরিক শাসকে রূপান্তরিত হয়ে বিএনপি গঠন করেন। এর ফলে সামরিক বাহিনীর মধ্যে তার ক্ষমতা ভাগ করে নেওয়ার বিষয়ে অসন্তোষ তৈরি হয়।

মেজর জেনারেল আবুল মঞ্জুরকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করার জিয়ার সিদ্ধান্তের কারণে তার ও তার অনুগত কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই বদলিকে মঞ্জুরের ক্ষমতা খর্ব করার প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছিল। জিয়াউর রহমানের কিছু নীতি, যেমন ভারতের সাথে গঙ্গার পানি বণ্টন নিয়ে বিরোধ এবং জাতীয়তাবাদী অবস্থান, কিছু মহলের কাছে পছন্দ ছিল না। অনেকে মনে করেন যে, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডটি একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং এর পেছনে একটি বৃহত্তর দেশীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। যার উদ্দেশ্য ছিল তার পতন এবং দেশে একটি নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা।

১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে জিয়াউর রহমান নিহত হওয়ার পর, তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদের নির্দেশে একটি সামরিক আদালত (ঋরবষফ এবহবৎধষ ঈড়ঁৎঃ গধৎঃরধষ) গঠন করে। যাদের অনেকেই ছিলেন মুক্তিযোদ্ধা। এই আদালতের মাধ্যমে জড়িত সন্দেহে এক ডজনেরও বেশি সামরিক কর্মকর্তাকে দ্রুত বিচার করে ফাঁসি দেওয়া হয়েছিল বা হত্যা করা হয়েছিল। তবে এই বিচার প্রক্রিয়াকে ‘প্রহসনের বিচার’ বলে অভিহিত করা হয় এবং এতে ন্যায়বিচার নিশ্চিত হয়নি বলে অভিযোগ রয়েছে। জেনারেল মঞ্জুরকেও আটক করার পর হত্যা করা হয়। সমালোচকদের মতে, এটি ছিল বিচারের নামে আরেকটি হত্যাকাণ্ড এবং এর মাধ্যমে মূল ষড়যন্ত্রকারীদের আড়াল করা হয়েছিল।পরবর্তীতে, ২০০০ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ওই কোর্ট মার্শালের কার্যক্রমে নানা ধরনের অসঙ্গতি খুঁজে পায়। তবে এর পরবর্তী অগ্রগতি থেমে যায়।

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ফৌজদারি মামলা হিসেবে সাধারণ আদালতে কোনো বিচার শুরু হয়নি।এই হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারী বা উদ্দেশ্য নিয়ে আজও রাজনৈতিক বিতর্কও রয়ে গেছে। সামগ্রিকভাবে, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার না হওয়া বাংলাদেশের রাজনীতির একটি অমীমাংসিত অধ্যায় হিসেবে রয়ে গেছে।এই বিচার না হওয়ার পেছনে বিভিন্ন কারণ ও অভিযোগ রয়েছে। এর মূল কারণগুলো সংক্ষিপ্ত আকারে নিম্নে যোগ হলো :

পরবর্তী সরকারগুলোর পক্ষ থেকে মামলাটি পুনরায় চালু করার জন্য রাজনৈতিক সদিচ্ছা বা আইনি পদক্ষেপের অভাব রয়েছে, যার ফলে আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের মূল রহস্য ও ষড়যন্ত্র উন্মোচিত হয়নি বা এর পূর্ণাঙ্গ বিচার হয়নি। বিভিন্ন প্রতিবেদন এবং রাজনৈতিক ভাষ্যমতে, তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপি’র নেতৃত্বে দুই মেয়াদে (১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬) ক্ষমতায় থাকলেও, তিনি বা তাঁর দল জিয়া হত্যাকাণ্ডের বিচার শুরু করার জন্য কোনো আইনি পদক্ষেপ নেননি।

বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও আইন বিশেষজ্ঞদের মতে, জিয়াউর রহমান হত্যার বিচার শুরু করতে গেলে অনেক বিষয় এবং ষড়যন্ত্রের মূল হোতাদের নাম সামনে আসতে পারে, যা তাদেররাজনৈতিক জটিলতা সৃষ্টি করতে পারে। সদ্য সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায়শই অভিযোগ করা হয়েছিল যে, বিএনপি জিয়া হত্যার বিচার চায় না। তারা আরও দাবি করেন যে, যা দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। বিএনপির প্রতিপক্ষ দলের নেতারা আরওঅভিযোগ করেছেন যে, জিয়া পরিবার তার মৃত্যুর ঘটনা থেকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে লাভবান হয়েছিল, যে কারণে তারা বিচার চায়নি। বিশেষজ্ঞরা মনে করেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার না হওয়ার মূল কারণ হলো রাজনৈতিক জটিলতা এবং পরবর্তী সরকারগুলোর ইচ্ছার অভাব। প্রকৃত সত্য উদঘাটন হলে তৎকালীন সামরিক ও রাজনৈতিক অনেক নেতার পরিচয় প্রকাশ পেতে পারত। ১৭ই নভেম্বর ২০২৫ সাল-এ বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জুলাই ২০২৪ হত্যা মামলার বিচারিক আদালতের রায়ের পর বিএনপি-র নেতৃবৃন্দ এই রায় কে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। এই রায়ের পর জনমনে গুঞ্জন সৃষ্টি হচ্ছে যে, জিয়াউর রহমান হত্যা মামলার যথাযথ বিচার করে বিএনপি এবং জিয়া পরিবার কেন দৃষ্টান্ত স্থাপন করছেন না। যারা জিয়া-র আদর্শের সৈনিক বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, তাদের আদর্শিক নেতা হত্যা মামলার বিচার করার জন্য কেনইবা তারা উদ্যোগী হচ্ছেন না।

নিম্নলিখিত কারণে জিয়াউর রহমানসহ সকল হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত : এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা করে, ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য শান্তি নিশ্চিত করে এবং সমাজে আইনের শাসন বজায় রাখতে সাহায্য করে। বিচার নিশ্চিত করে যে অপরাধীদের তাদের কাজের জন্য জবাবদিহি করতে হয়। এটি ভুক্তভোগীদের পরিবারের জন্য ন্যায়বিচার নিয়ে আসে এবং এই ধারণা দেয় যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিচার প্রক্রিয়া সমাজের নিয়ম ও মূল্যবোধকে সমুন্নত রাখে। যখন অপরাধের বিচার হয়, তখন এটি আইনের শাসনকে শক্তিশালী করে এবং দেখায় যে বিশৃঙ্খলা সহ্য করা হবে না। শাস্তির ভয় সম্ভাব্য অপরাধীদের ভবিষ্যতে একই ধরনের অপরাধ করা থেকে বিরত রাখে। এটি সমাজকে নিরাপদ রাখতে সাহায্য করে।

বিচারহীনতার সংস্কৃতি সমাজে অস্থিরতা ও বিদ্বেষ সৃষ্টি করতে পারে। বিচার হলে সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসে এবং মানুষ ব্যবস্থার উপর আস্থা রাখতে পারে। ভুক্তভোগী ও তাদের পরিবার বিচারের মাধ্যমে কিছুটা হলেও মানসিক শান্তি পান এবং মনে করেন যে তাদের প্রিয়জনের জীবন বৃথা যায়নি। সংক্ষেপে, সকল হত্যাকাণ্ডের বিচার একটি সভ্য সমাজের ভিত্তি এবং এটি নিশ্চিত করে যে প্রতিটি জীবন মূল্যবান এবং সুরক্ষিত। বিএনপির উচিত তারা ক্ষমতায় এলে ৯০ দিনের মধ্যে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্তে নতুন করে একটি তদন্ত কমিশন গঠন করবে বলেঅনতিবিলম্বে ঘোষণা দেওয়া।

একটি কাল্পনিক দৃশ্যপট লেখে নিবন্ধটি শেষ করছি : সময়টা এক কুয়াশাচ্ছন্ন শীতের সকাল, যখন ঢাকার অভিজাত পাড়ায় বেগম জিয়ার বাসভবনে এক অস্বাভাবিক নীরবতা বিরাজ করবে। বাইরে রাজনৈতিক অঙ্গনে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচারের দাবি যখন তুঙ্গে, তখন হঠাৎ করেই পরিবারের পক্ষ থেকে এক অপ্রত্যাশিত ঘোষণা আসবে। বেগম জিয়া, তাঁর পুত্র তারেক রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা মিলে একটি যৌথ সংবাদ সম্মেলন ডাকবেন। সকলের চোখেমুখে লেগেথাকবে এক অদ্ভুত শান্তভাব। তারেক রহমান মাইকের সামনে এসে বলবেন, আমরা অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আমরা আর এই হত্যাকাণ্ডের বিচার চাই না।

সাংবাদিকদের মধ্যে গুঞ্জন শুরু হল। কেন নয়? তারেক রহমান ব্যাখ্যা করবেন, আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ছিল দেশের শান্তি ও স্থিতিশীলতা। আমরা যদি এই বিচার প্রক্রিয়া নিয়ে এগোই, তবে দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে, যা আমাদের বাবার আদর্শের পরিপন্থী।

এই কাল্পনিক দৃশ্যে, অনেকের দৃষ্টিতে জিয়া পরিবার তাদের ব্যক্তিগত শোক ও ন্যায়বিচারকে ছাপিয়ে দেশের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়েছেন, তাদের এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে, যেখানে প্রতিশোধের বদলে ক্ষমা ও স্থিতিশীলতা স্থান করে নেয়। কতক আবার বলেন, এই সিদ্ধান্ত ন্যায়বিচার বা আইনের শাসনের পরিপন্থী।

লেখক: প্রাবন্ধিক, কথা সাহিত্যিক এবং প্রেসিডেন্ট, আন্তর্জাতিক মাদকবিরোধী সংগঠন ফ্রিডম ইন্টারন্যাশনাল এন্টি অ্যালকোহল।