বাংলাদেশে নির্বাচনী রাজনীতির ইতিহাসে ভোট মানেই উত্তেজনা, সংঘাত-সংঘর্ষ, সহিংসতা, খুনখারাপির মতো অনিবার্য বাস্তবতা। স্বাধীনতা উত্তর ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার দাউদকান্দি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সশস্ত্র গুণ্ডাবাহিনী কর্তৃক বেশকিছু কেন্দ্র দখল ও ব্যালট ডাকাতির ঘটনা ঘটে। অর্ধশতাব্দীকাল পার হলেও সেই আশঙ্কা থেকে জাতি আজও মুক্তি পায়নি, যা বিশ্ব দরবারে আমাদের মাথা নত করে দেয়। সম্প্রতি রাজধানীর পল্টন কালভার্ট রোডে নির্বাচনী প্রচারকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করে ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদ, যে একজন প্রফেশনাল শুটার।
এমন পেশাদার খুনিদের মোকাবিলায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের সুরক্ষায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান ও রিটেইনার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে একটি নীতিমালাও পাস করেছে। \r\nএই সিদ্ধান্তের ইতিবাচক-নেতিবাচক দুটি দিকই রয়েছে। এমন সিদ্ধান্ত রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র ও জননিরাপত্তা নিয়ে দেশবাসীর মনে প্রশ্ন তুলেছে। সরকার বলছে, এটি নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধ ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। বাস্তবতা হলো, এ সিদ্ধান্ত নির্বাচনী মাঠকে আরও অস্ত্রনির্ভর, ভীতিকর পরিস্থিতি ও অসম করে তোলার ঝুঁকি বহন করতে পারে। নীতিমালায় বলা হয়েছে, প্রকৃত নিরাপত্তা ঝুঁকি থাকলেই দেওয়া হবে লাইসেন্স।
কিন্তু এই ঝুঁকি নির্ধারণ করবে কে বা কারা?- তা উল্লেখ করা হয়নি। আমাদের গোয়েন্দা সংস্থার মূল্যায়ন কতটা স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক এর কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই। বাস্তবে দেখা যায়, ক্ষমতাসীন বা প্রভাবশালী প্রার্থীরাই এমন সুবিধা বেশি পেয়ে থাকেন। এতে নির্বাচনী প্রতিযোগিতা আনন্দপূর্ণ অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হওয়ার পরিবর্তে, ভয়ংকর ভীতির বার্তা দেবে, যা নির্বাচনী সংস্কৃতিতে এক অশনি সংকেত। ফলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ঝুঁকিতে পর্যবসিত হওয়ার আশঙ্কা থাকবে। নীতিমালায় আরও বলা হয়েছে, ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এটি ব্যবহার করা যাবে না। \r\nবাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় অস্ত্রের উপস্থিতিই ভয় তৈরির জন্য যথেষ্ট।
আচরণবিধির কাগুজে শর্ত মাঠপর্যায়ে কতটা মানা হবে, এর নজির বিগত দিনে খুবই অসহায় দৃশ্যের অবতারণা করেছে। লাইসেন্সের মেয়াদ নির্বাচন–পরবর্তী ১৫ দিন পর্যন্ত সীমাবদ্ধ রাখার কথা বলা হলেও অতীত অভিজ্ঞতা বলে, সাময়িক ব্যবস্থাই অনেক সময় স্থায়ী রূপ নেয়। অন্যান্য শর্তপূরণসাপেক্ষে সাধারণ লাইসেন্সে রূপান্তরের সুযোগ রেখে সরকার নিজেই এই আশঙ্কার পথ সুগম করেছে। এতে সমাজে প্রচলিত রাজনৈতিক দলগুলোর দুষ্ট কর্মীরা তাদের অবৈধ অস্ত্রের যত্রতত্র ব্যবহার বৈধ অস্ত্রের মোড়কে করার সমূহ সম্ভাবনা রয়েছে। যা দীর্ঘমেয়াদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে। এদিকে মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই- পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের নির্বাচন বানচালের সব অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমরা সরকারের এই অঙ্গীকারের যথাযথ বাস্তবায়ন দেখতে চাই।
