সাম্প্রতিক সময়ে পুরো দেশ যেন এক জ্বলন্ত চুল্লিতে পরিণত হয়েছে। গ্রীষ্মের চিরচেনা রূপ ছাড়িয়ে এবারের তীব্র তাপদাহ বা ‘হিটওয়েভ’ জনজীবনকে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলেছে। প্রতিদিন সকাল গড়িয়ে দুপুর হতেই সূর্য যেন আগুন বর্ষণ করতে থাকে। আর এই তাপ ও অসহ্য গরমে বেশি পিষ্ট হচ্ছেন এ দেশের সাধারণ ও শ্রমজীবী মানুষ। পত্রিকায় চোখ রাখলেই দেখা যাচ্ছে হিট স্ট্রোকের খবর; হাসপাতালের বারান্দায় ডায়রিয়া আর পানিশূন্যতায় আক্রান্ত রোগীর ভিড়। প্রকৃতি যেন এক নির্মম পরীক্ষায় ফেলেছে আমাদের। কিন্তু এই পরীক্ষার দায় কি শুধুই প্রকৃতির?
সহজেই অনুমেয়, এই তীব্র গরমে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রিকশাচালক, দিনমজুর, হকার কিংবা নির্মাণ শ্রমিক, যাদের ঘরে বসে থাকার কোনো উপায় নেই। জীবন ও জীবিকার তাগিদে এই রোদেও তাদের রাস্তায় নামতে হচ্ছে। এক টানা কয়েক ঘণ্টা রিকশা চালিয়ে একজন চালক যখন ঘেমে-নেয়ে অস্থির, তখন একটু ছায়া বা এক গ্লাস বিশুদ্ধ পানির জন্য তাকে হাহাকার করতে হয়।
তীব্র গরমে সাধারণ মানুষের এই ত্রাহি অবস্থার বাস্তব চিত্র দেখতে দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই। সাভারের পরিস্থিতি আমি স্বচক্ষে দেখেছি। শিল্পাঞ্চলখ্যাত এই জনপদে হাজার হাজার পোশাক শ্রমিক দুপুরের কড়া রোদ মাথায় নিয়ে কারখানার দিকে ছুটছেন। সাভারের বিভিন্ন মোড় ও বাসস্ট্যান্ডে তৃষ্ণার্ত রিকশাচালক আর পথচারীদের এক ফোঁটা ঠান্ডা পানির জন্য যে ব্যাকুলতা, তা যে কোনো বিবেকবান মানুষকে নাড়া দেবে। সেখানকার অপরিকল্পিত নগরায়ণ, দিন দিন কমে যাওয়া গাছপালা আর কলকারখানার নির্গত ধোঁয়া পুরো এলাকাকে যেন একটি জ্বলন্ত চুল্লিতে রূপান্তর করেছে। সাভারের এই চিত্র আসলে পুরো দেশেরই এক খণ্ড চিত্র।
এর সঙ্গে যোগ হয়েছে লোডশেডিংয়ের যন্ত্রণা। শহরের বহুতল ভবনের বাসিন্দারা তাও কিছুটা স্বস্তিতে থাকার সুযোগ পান। কিন্তু ঘনবসতিপূর্ণ বস্তি বা টিনের ঘরে যারা থাকেন, তাদের অবস্থা আরও শোচনীয়। একদিকে বাইরের প্রচণ্ড তাপ, অন্যদিকে ঘরের ভেতর বাতাসহীন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। সব মিলিয়ে সাধারণ মানুষের দিন কাটছে চরম যাতনায়।
এই চরম ভোগান্তির পেছনে প্রকৃতির খামখেয়ালিপনার পাশাপাশি আমাদের নিজেদের দায়ও কম নয়। আমরা উন্নয়ন আর আধুনিকায়নের নামে নির্বিচারে গাছ কেটে চলেছি। জলাশয় ভরাট করে কংক্রিটের জঙ্গল বানাচ্ছি। ঢাকা ও এর আশপাশে সাভারের মতো উপশহরগুলোতে এখন সবুজ খুঁজে পাওয়াই দুষ্কর। গাছপালা কমে যাওয়া এবং এসি ও গাড়ির কার্বন নিঃসরণ বৃদ্ধির কারণে এসব অঞ্চল একেকটি ‘হিট আইল্যান্ড’ বা তাপ দ্বীপে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তনের এই ধাক্কা এখন আমাদের দরজায় কড়া নাড়ছে, যার প্রত্যক্ষ ভুক্তভোগী সাধারণ জনগণ।
এই মুহূর্তে প্রথম কাজ হলো শ্রমজীবী ও সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমানো। শহরের মোড়ে মোড়ে অস্থায়ীভাবে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন সরবরাহের ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে গরমে অসুস্থ হয়ে পড়া মানুষদের দ্রুত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোতে বিশেষ সেল গঠন করা জরুরি।
তবে দীর্ঘমেয়াদি সমাধান ছাড়া এ সংকট থেকে মুক্তির কোনো উপায় নেই। আমাদের এখনই নগর পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। শুধু কংক্রিটের ভবন নয়, শহরগুলোকে আবার সবুজে ভরে তুলতে হবে। প্রতিটি ফাঁকা জায়গা, রাস্তার পাশে গাছ লাগানোর মহাপরিকল্পনা হাতে নিতে হবে এবং জলাশয় রক্ষা করতে হবে।
প্রকৃতির এই রুদ্র রূপ আমাদের স্পষ্ট বার্তা দিচ্ছে– এখনই যদি আমরা পরিবেশ রক্ষায় কঠোর না হই, তবে আগামী বছরগুলোতে এ ভোগান্তি হবে ব্যাপক। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে নয়, বরং প্রকৃতিকে বাঁচিয়ে রেখেই আমাদের বাঁচতে হবে।
অঋত্রী বিনতে আতিক: গবেষক
