বাংলাদেশ এক কৃষিভিত্তিক দেশ- এ কথাটি আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি। কিন্তু কথাটি যেন আজ শুধুই মুখের কথা হয়ে দাঁড়িয়েছে। বাস্তবে আমরা কতটা কৃষির প্রতি যত্নশীল, কতটা কৃষকের পাশে দাঁড়িয়েছি, সেটা নিয়ে প্রশ্ন তুললে দেখা যাবে- চিত্রটা অনেক দুঃখজনক। দেশের খাদ্য সরবরাহ, অর্থনীতি, কর্মসংস্থান- সবকিছুর মূল ভিত্তি কৃষি আর সেই কৃষির চালিকাশক্তিই কৃষক। অথচ এই কৃষকই আজ আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত ও বঞ্চিত শ্রেণীর মানুষ। কৃষক মানে শুধু একজন পেশাজীবী নয়, তিনি আসলে জাতির প্রাণ। তিনি মাঠে কাজ করেন, ফসল ফলান, সেই ফসল থেকেই আমরা খাই, বাঁচি, বেঁচে থাকি। অথচ এই কৃষকের জীবনই সবচেয়ে অনিশ্চিত।
তার পরিশ্রমের কোনো নিশ্চয়তা নেই, তার ঘামের কোনো মূল্য নেই, তার জীবনের সুখ-স্বপ্ন সবই যেন হারিয়ে যায় সময়ের অন্ধকারে।\r\nকৃষকের পরিশ্রমের গল্প : প্রতিদিন ভোরবেলা যখন শহরের মানুষ ঘুমে মগ্ন, তখন গ্রামের কৃষক মাঠে বেরিয়ে পড়েন। কাঁধে কোদাল, হাতে হাল আর মনে হাজার আশা নিয়ে তিনি মাটির সঙ্গে যুদ্ধ শুরু করেন। প্রখর রোদ, বৃষ্টির ঝড়, শীতের কুয়াশা- কিছুই তাকে থামাতে পারে না। তার ঘামেই সোনালি ধান পাকে, তার হাতেই দেশের অন্নের নিশ্চয়তা গড়ে উঠে। তবুও আশ্চর্যের বিষয়, যেদিন বাজারে সেই ধান বিক্রি করতে যান, সেদিন তার চোখে হতাশা। কারণ ফসলের দাম ঠিক করে কৃষক নয়, ঠিক করে ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীরা। কৃষক যে ধান ফলাতে ৩০ টাকা ব্যয় করেন, বিক্রি করতে হয় ২৫ টাকায়।
সার, বীজ, কীটনাশক, সেচ, শ্রম- সবকিছুর দাম দিন দিন বাড়ছে। কিন্তু কৃষকের উৎপাদিত ফসলের দাম বাড়ে না। এতে তার জীবন দিন দিন অনিশ্চিতয়তার মুখে পড়েছে।\r\nপ্রাকৃতিক দুর্যোগের আঘাত : বাংলাদেশের কৃষক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রাকৃতিক দুর্যোগে। হঠাৎ বন্যা, ঘূর্ণিঝড়, খরা বা অতিবৃষ্টিতে মুহূর্তেই নষ্ট হয়ে যায় মাসের পর মাসের পরিশ্রম। সরকার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই সাহায্য পৌঁছায় না অধিকাংশ কৃষকের কাছে। অনেক সময় দেখা যায়, তালিকায় নাম না থাকায় তারা সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত হয়। ফল-ঋণের বোঝা মাথায় নিয়ে তারা দিশেহারা হয়ে পড়ে।
কেউ কেউ কৃষি ছেড়ে শহরমুখী হয়, কেউ পেশা বদলে দিনমজুরিতে নেমে আসে।\r\nন্যায্য মূল্যের অভাব : বাংলাদেশে কৃষক কেন অবহেলিত- এই প্রশ্নের বড় একটি কারণ হলো ফসলের ন্যায্য মূল্য না পাওয়া। কৃষকের হাতে ফসল বিক্রির কোনো শক্তিশালী ব্যবস্থা নেই। হাটে বা আড়তে তারা বাধ্য হয়ে ফসল বিক্রি করে দেন কম দামে। মধ্যস্বত্বভোগীরা সেই ফসল বাজারে নিয়ে বিক্রি করে কয়েকগুণ বেশি দামে। এতে কৃষক ঠকে। কিন্তু ভোক্তা ও ব্যবসায়ী লাভবান হয়। যদি সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ফসল কেনার উদ্যেগ বাড়ায়, তবে কৃষকেরা তাদের প্রাপ্য মূল্য পাবে। কিন্তু বাস্তবতা হলো- বছরের পর বছর এই সমস্যার সমাধান হয়নি।
ফলে কৃষক ক্রমেই কৃষির প্রতি আগ্রহ হারাচ্ছে, যা দেশের ভবিষ্যৎ অর্থনীতির জন্য এক ভয়াবহ সংকেত।\r\nপ্রযুক্তির অভাব ও আধুনিক কৃষির সীমাবদ্ধতা: আজকের যুগ প্রযুক্তির যুগ। কৃষিক্ষেত্রেও প্রযুক্তির ছোঁয়া লেগেছে পৃথিবীর উন্নত দেশগুলোতে। সেখানে আধুনিক যন্ত্রপাতি, গবেষণাভিত্তিক বীজ, মাটির মান অনুযায়ী ফসল উৎপাদনের কৌশল ব্যবহার করা হয়। কিন্তু আমাদের দেশের অধিকাংশ কৃষক এখনো ঐতিহ্যবাহী উপায়ে চাষ করেন। অনেক সময় তারা জানেন না কোন সার কখন প্রয়োগ করতে হয়, কিংবা কোন বীজে ভালো ফসল হয়। কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সঠিক পরামর্শও অনেক সময় তাদের কাছে পৌঁছায় না। ফলে কৃষকের উৎপাদনও কম হয়। আর লাভ তো দূরের কথা, খরচই উঠে না।
এই বাস্তবতা পরিবর্তন করতে হলে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং কৃষি গবেষণার বিস্তৃতি দরকার।\r\nকৃষি ঋণের জটিলতা : কৃষকদের অন্যতম বড় সমস্যা হলো কৃষি ঋণ। সরকারি ব্যাংক থেকে কৃষি ঋণ নেওয়ার প্রক্রিয়া এতটাই জটিল যে, অনেক কৃষক সেই সুযোগই নিতে পারে না। জামিন, নথিপত্র, সুদের হার- সব মিলিয়ে তারা হতাশ হয়ে পড়ে। ফলে তারা বাধ্য হয়ে যায় স্থানীয় মহাজনের কাছে ঋণ নিতে, যা অনেক সময় দ্বিগুণ সুদে নিতে হয়। এই ঋণের বোঝায় তারা বছরের পর বছর কষ্ট পায়? সরকার যদি কৃষকদের জন্য সহজ ও স্বচ্ছ ঋণব্যবস্থা নিশ্চিত করে, তবে তারা স্বাধীনভাবে কৃষিকাজে মনোযোগ দিতে পারবে এবং উৎপাদনও বাড়বে।\r\nনারী কৃষকের অবদান : বাংলাদেশের কৃষিক্ষেত্রে নারীর অবদানও অনস্বীকার্য। গ্রামের মহিলারা ফসল রোপণ, কাটা, শুকানো, বীজ সংরক্ষণ- সব জায়গাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ তাদের শ্রমের কোনো স্বীকৃতি নেই। তারা অধিকাংশ সময় বিনা মজুরিতেই কাজ করেন। সরকার যদি নারী কৃষকদের জন্য, প্রশিক্ষণ, প্রণোদনা ও সুবিধা দেয়, তবে কৃষিক্ষেত্রে আরও বড় ইতিবাচক পরিবর্তন আসবে।\r\nভবিষ্যতের কৃষি ও করণীয়\r\nআমরা যদি সত্যিই একটি শক্তিশালী, স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়তে চাই, তবে কৃষকের উন্নয়ন ছাড়া সেটা কখনো সম্ভব নয়। কৃষককে শুধু সহানুভূতির নয়, সম্মানের জায়গা দিতে হবে। বাংলাদেশের কৃষক অবহেলিত থাকলে, আমাদের উন্নয়নও অবহেলিত থেকে যাবে। কারণ কৃষকই এই দেশের প্রাণ, কৃষিই অর্থনীতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ডই যদিই দুর্বল হয়, তাহলে উন্নয়নের কাঠামো কখনো স্থায়ী হবে না। যেদিন কৃষকের ঘরে আলো জ্বলবে, সেদিনই সত্যিকারের অর্থে বাংলাদেশ হবে এক সমৃদ্ধ কৃষিভিত্তিক দেশ।
