গত ২৭ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক তরুণী বাসের এক ব্যক্তির সঙ্গে হাতাহাতিতে লিপ্ত। বাসের সামনের আসনে বসা এক ব্যক্তির কোনো একটি মন্তব্য নিয়ে এক তরুণী ক্ষিপ্ত হয়ে পড়েন। তিনি তেড়ে যান লোকটির দিকে। ওই সময় লোকটি আসন ছেড়ে উঠে তরুণীকে চড় মারেন। একপর্যায়ে দুজন জুতা খুলে দুজনের দিকে তুলে ধরেন। সে সময় ওই ব্যক্তি তরুণীকে আঘাত করেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন। ওই ব্যক্তি এরপর বারবার তরুণীর গায়ে ধাক্কা মারেন ও আঘাত করার চেষ্টা করেন। সেই সময় তরুণী চিৎকার করে বলছিলেন, তুই আমার পোশাক তুলে কেন কথা বলবি? সেদিনের সেই ঘটনাটি ঘটেছিল রাজধানীর বসিলায়।\r\nপরে জানা গেছে তরুণীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উক্ত ব্যক্তি বাসটির কন্ডাক্টর।

সবচেয়ে দুঃখজনক বিষয়, তরুণী মেয়েটিকে হেনস্তার ঘটনা কয়েক মিনিট স্থায়ী হয়। অথচ কেউ আঘাত করা ব্যক্তিটিকে থামানোর চেষ্টা করেননি, প্রতিবাদ করেননি। একদম চুপ ছিলেন যাত্রীরা। জুতা হাতে একাই বাস কন্ডাক্টরের সঙ্গে লড়ে যাচ্ছিলেন ওই তরুণী। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে জানিয়েছেন প্রতিবাদ না করায় গণপরিবহনে হরহামেশাই নারীরা শারীরিক লাঞ্ছনা ও যৌন হয়রানির শিকার হচ্ছেন। অনেকে ওই তরুণীর সাহসী প্রতিবাদের কারণে তাকে অভিনন্দন জানিয়েছেন। \r\nএ ঘটনা নতুন নয়। হরহামেশাই এ ধরনের ঘটনা ঘটছে। বাসে গাদাগাদি করে যাত্রী তোলার পরে দেখা যায় অনেক পুরুষ যাত্রীকেও হয়রানি করা হয়। বাস কন্ডাক্টরের সঙ্গে ভাড়া নিয়ে বচসার ঘটনাটিও প্রতিনিয়ত হয়ে থাকে। অন্যায়ের প্রতিবাদ হয় না। সেই কারণে কন্ডাক্টরা সেই তরুণীকে হেনস্তা করার সাহস পেয়েছে।

হেনস্তার শিকার সেই মেয়েটি জানিয়েছেন কন্ডাক্টর তাকে লক্ষ্য করে বলেছিলেন, এ সকল নষ্ট মাইয়াদের জন্য বাসের পরিবেশ নষ্ট হয়ে যায়। যা যা বাস থেকে নেমে যা নষ্ট মাইয়াছেলে বাস কন্ডাক্টরের এই মন্তব্য শোনার পর মেয়েটি ক্ষিপ্ত হয়ে উঠেন এবং ফলে এই পরিস্তিতির সৃষ্টি হয়। পরে মেয়েটির অভিযোগের প্রেক্ষিতে রমজান পরিবহন নামের বাসের হেনস্তাকারী সেই কন্ডাক্টর নিজাম উদ্দিনকে (৪৫) গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। বিষয়টি কিছুটা হলেও স্বস্তি দেবে ওই তরুণীকে। \r\nএ ঘটনা পর একটি প্রশ্ন সবার মনে প্রতীয়মান হয় যে, একজন বাস কন্ডাক্টর কিভাবে একজন তরুণী যাত্রীকে হেনস্তার সাহস পায়। তবে সেই তরুণী সবার সামনে একটা উদাহরণ সৃষ্টি করেছে যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। নাহলে এই যাত্রী হেনস্তা থেকে মুক্তি পাওয়া যাবে না। মূলত বাস কন্ডাক্টররা বা ড্রাইভাররা অল্প শিক্ষিত। তারা এমন একটা আবহে চলা ফেরা করে; যেখানে তারা মানবিক মূল্যবোধ তৈরির সুযোগ পায় না। যার ফলে তারা সামাজিক ন্যায়-অন্যায় বোধ থেকে দুরে সরে যায়। তাই কন্ডাক্টররা যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না। অনেক যাত্রী মান সম্মানের ভয়ে কন্ডাক্টরদের সঙ্গে ঝামেলায় জড়াতে চান না। আর এতেই তারা যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার প্রবণতা হারিয়ে ফেলে। ড্রাইভারদের ক্ষেত্রেও তাই। তারা বেপরোয়া গাড়ি চালাতে, ট্রাফিক আইন ভঙ্গ করাটাকে নিজেদের কৃতিত্ব বলে মনে করে। ফলে সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। সাধারণ মানুষ এই অবস্থা থেকে মুক্তি চায়। অপরাধীদের জন্য দ্রুত শাস্তির বিধান থাকলে এই সব হয়রানি থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। অপরাধী বাস কন্ডাক্টরের গ্রেফতার করা হয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে যাত্রী হয়রানির প্রবনতা কমবে বলে মনে করে গণপরিবহনের যাত্রীরা।