এই দেশে ইতিহাস কুক্ষিগত করা বা বিকৃতির অভিযোগ নতুন নয়। বিশেষত, আওয়ামী লীগ কীভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কুক্ষিগত করে রেখেছিল, আমরা জানি। শুধু তাই নয়; একাত্তরের আগেও যে দেশভাগসহ অন্যান্য রাজনৈতিক মাইলফলক রয়েছে; বিভিন্ন সরকারি ভাষ্যে সেগুলোর সঠিক ইতিহাস পাওয়াও কঠিন ছিল। বস্তুত ক্ষমতাসীনরা সব সময় ইতিহাস নিজের অনুকূলে রাখার চেষ্টা করে; যদিও সত্য ও বাস্তব তার শক্তিতেই সামনে চলে আসে।

যদিও দেশভাগ বা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে কয়েক দশক পর; হতাশার বিষয়, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে মাত্র দুই বছরের মাথায়। গণঅভ্যুত্থানের পক্ষেরই এক রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছে গণঅভ্যুত্থানের পক্ষের অপর রাজনৈতিক দল এনসিপি। আক্ষেপের বিষয়, অভিযোগটি উঠল খোদ জুলাই গণঅভ্যুত্থান দিবসে। ৫ আগস্ট এ উপলক্ষে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন প্রমুখ। সেখানেই বিএনপির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তোলেন এনসিপি নেতারা।

অভিযোগের সূত্রপাত একটি প্রামাণ্যচিত্রকে কেন্দ্র করে। সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের এক পর্যায়ে এনসিপি নেতারা দাঁড়িয়ে প্রতিবাদ করেন। তাদের মতে, প্রামাণ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের ১ দফার ঘোষক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখানো হয়েছে, তা ইতিহাসের বিকৃতি। যদিও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ওই অনুষ্ঠানে বলেছেন, বিকৃতি নয়, প্রামাণ্যচিত্রে কিছু ভুল রয়েছে। যেমন ওই প্রামাণ্যচিত্রে রংপুরে শহীদ শিক্ষার্থী আবু সাঈদের ছবি দেখানো হয়নি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবিও দেখানো হয়নি।

এরই মধ্যে সামাজিক মাধ্যমে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের ২০২৪ সালের ৩ আগস্টের একটি ভিডিও ‘ভাইরাল’ হয়েছে। এই ভিডিওর ক্যাপশনে স্পষ্টভাবে লেখা হয়েছে, ‘শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ দাবিতে আগামীকাল রোববার সারাদেশে সর্বাত্মক অসহযোগ শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।’ বুধবার বিকেল পর্যন্ত প্রায় ৯ হাজার লোক এই ভিডিওটি শেয়ার করেছেন। অবশ্য এই প্রশ্ন থেকেই যায়– কে প্রথম এক দফা ঘোষণা করেছেন। এ প্রসঙ্গে অধ্যাপক আসিফ নজরুল তাঁর ফেসবুকে লিখেছেন– ‘জুলাই একদফা নিয়ে এখন কথা হচ্ছে। এই একদফার ঘোষক আসলে অনেকেই। আনু ভাই দ্রোহযাত্রায় বলেছেন, সলিমুল্লাহ খানও অতি ক্ষুদ্র সমাবেশে এটা বলেছেন, এমনকি লজ্জার মাথা খেয়ে বলি ১৯ জুলাই শাহবাগে অভিভাবক সমাবেশে আমি নিজেও শেখ হাসিনার পদত্যাগ দাবী করেছিলাম। আমার ধারণা রাজনীতিকসহ আরো অনেকে কোথাও না কোথাও একই কথা বলেছেন। কিন্তু সার্বিক বিবেচনায় এক দফার ঘোষক অবশ্যই নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনের সবচেয়ে জোরালো মুখ নাহিদ আর আসিফ।’

মূল বিষয় হচ্ছে, এক দফা কে ঘোষণা করেছেন, সেটা মুখ্য হয়ে উঠবে কেন? জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দলের সম্পত্তি নয়; এক দফা ঘোষণার ‘মালিকানা’ নিয়ে বিতর্ক হবে কেন? বিএনপি, জামায়াত, বর্তমান এনসিপি নেতারা– সবাই গণঅভ্যুত্থানের অংশীদার।

মুক্তিযুদ্ধের ঘোষক কে– এই বিতর্ককে কেন্দ্র করে পুরো জাতি দুই ভাগে বিভক্ত। এখন গণঅভ্যুত্থানের এক দফা ঘোষণা নিয়েও কি আমরা একই বিভাজনের পথে হাঁটব? গণঅভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনার আগে অনেকেই এক দফার দাবি তুলতে পারেন। কিন্তু ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে একটা কথা আছে এবং কোন নেতৃত্বের জায়গা থেকে কথাটি বলা হচ্ছে, তাও খুবই গুরুত্বপূর্ণ। গণঅভ্যুত্থানের মতো ঐতিহাসিক মুহূর্তে একজন মাঠ পর্যায়ের রাজনৈতিক নেতার ভূমিকা আর বুদ্ধিজীবীর আহ্বান– দুটোর মধ্যেও আকাশ-পাতাল পার্থক্য। এ কারণে এক দফা দাবির ঘোষক কে– এ নিয়ে বিতর্ক করার কোনো মানে নেই। এ বির্তক সমাজের বিদ্যমান স্থিতিশীলতাকে আরও দুর্বল করে দেয়। বরং আমাদের দরকার ইতিহাসকে ইতিহাসের জায়গায় মূল্যায়ন করা। ঐতিহাসিক কোনো ঘটনাকে আমরা যেন দলীয় ইতিহাস বানানোর অপচেষ্টা না করি।

গণঅভ্যুত্থান যেমন বিএনপির একক নেতৃত্বে ঘটেনি, তেমনি বর্তমান জামায়াত-শিবির কিংবা এনসিপি নেতাদের একক তৎপরতায় ঘটেনি। সর্বস্তরের ছাত্র-জনতা এ আন্দোলনে সক্রিয়ভাবে শরিক ছিল। এই কৃতিত্ব ও বাস্তবতা অস্বীকার করে আমরা এগোতে পারব না। এই অপচেষ্টার মানে হলো সমাজে নৈরাজ্যকে উস্কে দেওয়া। সে যেই পক্ষই হোক, ইতিহাস কুক্ষিগত করা কিংবা বিকৃতির অপচেষ্টা পুরো জাতির জন্যই ক্ষতিকর। এতে সবচেয়ে উদ্বেগের বিষয়, সমাজে বিভ্রান্তি ও অপ্রয়োজনীয় বিতর্ক ছড়িয়ে পড়ে, যা বিভাজনকেই উস্কে দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয় পুরো জাতি।

ইফতেখারুল ইসলাম: সহসম্পাদক, সমকাল