ঢাকার যানজট নিয়ে নতুন করে বলার কিছু নেই। প্রতিদিন লাখ লাখ মানুষ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকেন। অফিসের সময় নষ্ট হয়, শিক্ষার্থীরা ক্লাসে দেরি করে, রোগী নিয়ে অ্যাম্বুলেন্স আটকে থাকে, জ্বালানি পুড়ে, বাড়ে বায়ুদূষণ। সবচেয়ে বড় কথা, এই যানজট এখন শুধু নাগরিক দুর্ভোগ নয়; এটি অর্থনীতি ও মানুষের কর্মক্ষমতার ওপরও বড় চাপ তৈরি করছে। প্রশ্ন হলো, ঢাকার যানজট কি শুধু রাস্তা ছোট বলে? শুধু নতুন রাস্তা, ফ্লাইওভার বা ইউটার্ন বানালেই কি সমস্যার সমাধান হবে?

আমার মনে হয়, এখন আমাদের সমস্যাটাকে একটু অন্যভাবে দেখতে হবে। ঢাকার রাস্তা যতটা বড় করা সম্ভব, তারও একটি সীমা আছে। কিন্তু একই রাস্তা যদি তথ্যের ভিত্তিতে পরিচালনা করা যায়, তাহলে বিদ্যমান সড়ক থেকেই অনেক বেশি কার্যকারিতা পাওয়া সম্ভব। লন্ডনে থাকার সুবাদে একটি বিষয় কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। লন্ডনেও যানজট হয়। পার্থক্য হলো, সেখানে যানজটকে শুধু পুলিশের হাতে ছেড়ে দেওয়া হয় না। কোন রাস্তায় কখন গাড়ির চাপ বাড়ছে, কোথায় সিগন্যালের সময় পরিবর্তন করা দরকার, কোথায় বাসকে অগ্রাধিকার দিতে হবে, এসব সিদ্ধান্তে নিয়মিতভাবে তথ্য ব্যবহার করা হয়। লন্ডনের ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ ২৬ জানুয়ারি ২০২৬-এ প্রকাশিত তাদের পাঁচ বছরের পরিকল্পনায় জানিয়েছে, ফিউশন নামের উন্নত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও বিস্তৃত করা হবে। বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে সিগন্যালের সময় আরও দ্রুত ও বুদ্ধিমানভাবে পরিবর্তনের লক্ষ্য নেওয়া হয়েছে। এর মাধ্যমে যানজটজনিত বিলম্ব সর্বোচ্চ ১৪ শতাংশ পর্যন্ত কমানোর সম্ভাবনার কথাও বলা হয়েছে। অর্থাৎ, লন্ডনের শিক্ষা হলো, রাস্তার ওপর শুধু মানুষ দাঁড় করিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ নয়; রাস্তার কাছ থেকেই তথ্য নিতে হবে এবং সেই তথ্য অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।

সিঙ্গাপুরের অভিজ্ঞতাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চ্যানেল নিউজএশিয়া ৩১ অক্টোবর ২০২৫-এর এক প্রতিবেদনে জানায়, সেখানে নতুন ট্রাফিক এনফোর্সমেন্ট ক্যামেরা চালুর প্রথম মাসেই ৬ হাজারের বেশি আইনভঙ্গ শনাক্ত হয়েছিল। পরে ২০২৬ সালে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিডিও অ্যানালিটিকস ও স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে এসব ক্যামেরা লাল বাতি অমান্য, অবৈধ ইউটার্নসহ বিভিন্ন অপরাধ শনাক্ত করছে। এখানে আসল শিক্ষা ক্যামেরার সংখ্যা নয়। শিক্ষা হলো, একজন পুলিশ সদস্য যতটা দেখতে পারেন, প্রযুক্তি তার চেয়ে অনেক বড় পরিসরে একই সময়ে নজর রাখতে পারে। পুলিশকে সরিয়ে দেওয়ার জন্য নয়, বরং পুলিশকে আরও কার্যকর করার জন্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। মালয়েশিয়াও একই পথে হাঁটছে। মালয় মেইল ১৯ মে ২০২৫-এর এক প্রতিবেদনে জানায়, কুয়ালালামপুরে অও-ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে রিয়েল-টাইম তথ্য বিশ্লেষণ করে যান চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনা বা সড়কের সমস্যাও দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে। আরও গুরুত্বপূর্ণ হলো, মালয়েশিয়া প্রযুক্তিকে একদিনে পুরো দেশের ওপর চাপিয়ে দেয়নি। প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে ব্যবহার করছে। আমাদেরও ঠিক এই পথটি বিবেচনা করা উচিত।

দুবাইয়ের অভিজ্ঞতা আরও উচ্চাভিলাষী। গালফ নিউজ ২৫ ফেব্রুয়ারি ২০২৫-এ জানায়, দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ অও, পূর্বাভাসভিত্তিক বিশ্লেষণ এবং ডিজিটাল টুইন প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণের নতুন ব্যবস্থা চালু করেছে। পরে একই সংবাদমাধ্যম ৪ সেপ্টেম্বর জানায়, নির্দিষ্ট গুরুত্বপূর্ণ মোড়ে এই প্রযুক্তির মাধ্যমে যান চলাচলের গতি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ফল পাওয়া গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ঢাকার জন্য কী করা সম্ভব? সুখবর হলো, বাংলাদেশ ইতিমধ্যেই সেই পথে হাঁটা শুরু করেছে। দ্য ডেইলি স্টার ৩০ এপ্রিল ২০২৬-এ জানায়, ডিএমপি ঢাকায় এআইভিত্তিক সড়ক পরিবহন আইন লঙ্ঘন শনাক্তকরণ ব্যবস্থা চালু করেছে। শুরুতে ২৫টি ক্যামেরা দিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় এই ব্যবস্থা চালু করা হয়।

লাল বাতি অমান্য, ভুল লেনে চলা, উল্টো পথে গাড়ি চালানো ও অবৈধ পার্কিংসহ বিভিন্ন অপরাধ শনাক্ত করার কথা বলা হয়। এরপর ১১ মে ডেইলি স্টার জানায়, মাত্র এক সপ্তাহে এই ব্যবস্থার মাধ্যমে ৩০০-এর বেশি মামলা করা হয়েছে। ৩০ জুনের আরেক প্রতিবেদনে পত্রিকাটি জানায়, এআই ট্রাফিক নজরদারি ব্যবস্থায় প্রায় ১,৫০০ মামলা রেকর্ড হয়েছে এবং ক্যামেরার সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সরকারের দিক থেকেও বিষয়টিকে গুরুত্ব দেওয়ার লক্ষণ ¯পষ্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় এআই ক্যামেরা স্থাপনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন এবং পুরোনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহন সরানোর বিষয়েও নির্দেশনা দিয়েছেন। এটি অবশ্যই ইতিবাচক উদ্যোগ।

কারণ, যানজটের মতো দীর্ঘদিনের সমস্যার সমাধানে সরকার যখন প্রযুক্তি, সিগন্যাল আধুনিকীকরণ এবং যানবাহন ব্যবস্থাপনা—সবগুলোকে একসঙ্গে ভাবছে, তখন সেটিকে স্বাগত জানানো উচিত। তবে এখানেই থেমে গেলে চলবে না। এআই ক্যামেরা বসালেই ঢাকার যানজট চলে যাবে, এমন ধারণা ভুল। ঢাকার সমস্যার সঙ্গে জড়িয়ে আছে অবৈধ পার্কিং, রাস্তা অবৈধ দখল, যত্রতত্র বাস থামানো, অনুপযুক্ত ও পুরোনো যানবাহন, দুর্বল গণপরিবহন, পথচারীর অনিরাপদ চলাচল এবং অনেক জায়গায় সিগন্যাল ব্যবস্থার সমন্বয়হীনতা। তাই এখন প্রয়োজন একটি সমন্বিত ঢাকা ট্রাফিক কমান্ড সিস্টেম। শহরের গুরুত্বপূর্ণ ক্যামেরা, সিগন্যাল, যানবাহনের তথ্য ও সড়কের পরিস্থিতি একটি কেন্দ্রীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে। কোন মোড়ে গাড়ির চাপ বাড়ছে, কোথায় দুর্ঘটনা ঘটেছে, কোথায় সিগন্যালের সময় পরিবর্তন দরকার, এসব তথ্য রিয়েল-টাইমে বিশ্লেষণ করে ব্যবস্থা নিতে হবে। অ্যাম্বুলেন্স ও গণপরিবহনের জন্য বিশেষ অগ্রাধিকারও দেওয়া যেতে পারে। কোনো নির্দিষ্ট রুটে অ্যাম্বুলেন্স চললে সংশ্লিষ্ট সিগন্যালগুলো সাময়িকভাবে সমন্বয় করা সম্ভব। একইভাবে ব্যস্ত সময়ে বাস চলাচলকে অগ্রাধিকার দিলে একই রাস্তা দিয়ে বেশি মানুষ দ্রুত চলাচল করতে পারবেন। আর এআই ক্যামেরার মাধ্যমে জরিমানা করার ক্ষেত্রেও স্বচ্ছতা জরুরি। প্রতিটি মামলার সঙ্গে ছবি বা ভিডিও প্রমাণ থাকতে হবে। ভুল হলে আপিল করার সহজ সুযোগ থাকতে হবে। প্রযুক্তি মানুষের ওপর কর্তৃত্ব করার জন্য নয়; মানুষের সেবা নিশ্চিত করার জন্য।

সবশেষে আমাদের সাফল্যের হিসাবও বদলাতে হবে। কতগুলো ক্যামেরা বসানো হয়েছে, এটি সাফল্যের মাপকাঠি হতে পারে না। কত মিনিট একজন নাগরিকের যাত্রার সময় কমেছে, অ্যাম্বুলেন্স কত দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারছে, সিগন্যালের অপেক্ষার সময় কত কমেছে এবং চালকদের আইন মানার প্রবণতা কতটা বেড়েছে, এসবই হতে হবে আসল সূচক। ঢাকার রাস্তা রাতারাতি সিঙ্গাপুর, লন্ডন বা দুবাই হয়ে যাবে না। আমাদের বাস্তবতা আলাদা, সমস্যাও আলাদা। কিন্তু অন্যদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা তৈরি করা সম্ভব।

সরকার যে পথে এগোচ্ছে, সেই উদ্যোগকে তাই রাজনৈতিক দৃষ্টিতে নয়, নাগরিক স্বার্থের জায়গা থেকে দেখা দরকার। এআই ক্যামেরা, স্মার্ট সিগন্যাল, পুরোনো যানবাহন নিয়ন্ত্রণ ও গণপরিবহন সংস্কার, সবগুলো যদি একটি সমন্বিত পরিকল্পনার অংশ হয়, তাহলে পরিবর্তন সম্ভব। ঢাকার যানজটের সমাধান শুধু আরও রাস্তা বানানো নয়। এবার সময় এসেছে রাস্তার ব্যবস্থাপনাকে বুদ্ধিমান করার। কারণ, ভবিষ্যতের শহরে শুধু বড় রাস্তা নয়, রাস্তারও চোখ থাকা জরুরি।

লেখক: রাজনীতিবিদ ও কলামিস্ট।