সীমিত জনবল ও জলযান নিয়ে কার্যক্রম শুরু করে সময়ের পরিক্রমায় সক্ষমতা বৃদ্ধি, কৌশলগত দক্ষতা অর্জন এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশ কোস্ট গার্ড একটি পূর্ণাঙ্গ বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। সমদ্রপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মানবপাচার দমন, মাদক প্রতিরোধ, মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়ারণ্য বাস্তবায়ন এবং জাটকা ও ইলিশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের ভূমিকা প্রশংসা অর্জন করেছে।\r\n১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশ কোস্ট গার্ড দিবস ২০২৬ পালিত হয়েছে। ১৯৯৫ সালের এই দিনে গার্ডিয়ান অ্যাট সি (সমুদ্রের রক্ষক) মূলমন্ত্র নিয়ে বাহিনীটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল।

গত তিন দশকে এই বাহিনী দেশের বিশাল সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, ইলিশ ও মৎস্য সম্পদ সংরক্ষণে এক অবিচ্ছেদ্য আস্থায় পরিণত হয়েছে।\r\nকোস্ট গার্ড মূলত বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা (১,১৮,৮১৩ বর্গ কি.মি.) এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কাজ করে। মাদক ও চোরাচালান বিরোধী অভিযান এবং অবৈধ চোরাচালান রোধে বাহিনীটি জিরো টলারেন্স নীতি ধারণ করে। মৎস্য সম্পদ রক্ষায় বাহিনী বিশেষ সফলতা পেয়েছে। বিশেষ করে মা ইলিশ সংরক্ষণ অভিযান এবং জাটকা নিধন রোধে কোস্ট গার্ডের ভূমিকা অনন্য। চট্টগ্রাম বন্দর ও সুন্দরবন সংলগ্ন এলাকায় জলদস্যুতা প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনতে কোস্ট গার্ড সফল হয়েছে। পরিবেশ ও বন রক্ষায় সংস্থাটির সফলতা রয়েছে।

\r\nবাহিনীটিকে আরও শক্তিশালী করতে সরকার বেশকিছু আধুনিক পদক্ষেপ নিয়েছে। নতুন জাহাজ ও সরঞ্জাম ক্রয় তার অন্যতম। আধুনিক অফশোর প্যাট্রোল ভেসেল, ফাস্ট প্যাট্রোল বোট এবং ইনশোর প্যাট্রোল ভেসেল বহরে যুক্ত হয়েছে। কোস্ট গার্ডের নিজস্ব ড্রোন এবং হেলিকপ্টার যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে, যা দূর সমুদ্রে নজরদারি সহজ করবে। উপকূলীয় এলাকায় ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম স্থাপন করা হয়েছে। মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় বাহিনীর ভূমিকা প্রশংসিত। সমুদ্রে নিখোঁজ জেলেদের উদ্ধার বা দুর্ঘটনাকবলিত জাহাজকে সহায়তা করতে তারা সর্বদা প্রস্তুত থাকে। দুর্যোগকালীন ত্রাণ যেমন- ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় উপকূলীয় দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া এবং মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ তারা নিষ্ঠার সঙ্গে করে।\r\n ভিশন ২০৪১ এর আলোকে কোস্ট গার্ডকে একটি আধুনিক ও স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন নতুন বেইস, ফরোয়ার্ড অপারেটিং বেস এবং অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর জাহাজ সংগ্রহের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।