৩০ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশের ইতিহাসের এক বিশাল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। মহান রবের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন দেশনেত্রী খালেদা জিয়া। তিনি কেবল একটি রাজনৈতিক দলের প্রধান ছিলেন না, তিনি ছিলেন এদেশের গণতন্ত্রের মূর্ত প্রতীক, সাহসের এক অবিনাশী বাতিঘর। ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে এমন একজন নেত্রী হিসেবে, যিনি ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে একটি জাতির জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করে গেছেন।\r\nখালেদা জিয়ার রাজনৈতিক জীবনের শুরু কোনো পরিকল্পিত উচ্চাভিলাষ থেকে ছিল না। তিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ, যিনি স্বামী ও সন্তানদের নিয়ে সুখী জীবনযাপন করছিলেন। কিন্তু ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মর্মান্তিক শাহাদাত বরণ তাকে ইতিহাসের এক কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করায়। দলের ভাঙন রোধে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় লাজুক স্বভাবের সেই গৃহবধূ বাধ্য হয়েই রাজপথে নামতে হয়। সেদিন তিনি যদি হাল না ধরতেন, তবে জাতীয়তাবাদী রাজনীতি হয়তো সেখানেই শেষ হয়ে যেত।