১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নিরস্ত্র, ঘুমন্ত নিরীহ মানুষের ওপর সংঘটিত হয় মানব ইতিহাসের অন্যতম নৃশংস ও বর্বরোচিত গণহত্যা। সমগ্র দেশ যখন অভিভাবকহীন, দিশেহারা ও গভীর স্তব্ধতায় নিমজ্জিত, ঠিক তখনই বীর বাঙালি পিঠ দেয়ালে ঠেকে গেলে যেভাবে অকুতোভয়ে গর্জে ওঠে, তেমনি উদ্ভূত চরম সংকটময় মুহূর্তে এক বজ্রকণ্ঠের আবির্ভাব ঘটে। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে নিজের জীবন বাজি রেখে স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দেন তৎকালীন তরুণ মেজর জিয়াউর রহমান। তাঁর সেই অভয়বাণী ও দীপ্ত আহ্বান দিশেহারা জাতিকে যেন এক নিমেষে এক অলৌকিক শক্তিতে উজ্জীবিত করে তোলে। তিনি শুধু ঘোষণাই দেননি, সেক্টর কমান্ডার হিসেবে রণক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মুক্তিকামী মানুষকে যুদ্ধের ময়দানে ঐক্যবদ্ধ করেছিলেন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, অগণিত মা বোনের আত্মত্যাগ আর বীর মুক্তিযোদ্ধাদের অসীম বীরত্বের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় একটি লাল সবুজের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
তবে স্বাধীনতার রক্তিম ঊষালগ্নের সেই স্বপ্ন ও আকাক্সক্ষা যেন দ্রুতই ধূসর হতে শুরু করে। স্বাধীনতার অব্যবহিত পরেই নবজাত রাষ্ট্রটি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে এক অনাকাক্সিক্ষত অন্ধকারে নিপতিত হয়। ১৯৭২ থেকে ১৯৭৫ সালের প্রথমার্ধ পর্যন্ত সদ্য স্বাধীন দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি; বরং একদলীয় বাকশাল ব্যবস্থা চাপিয়ে দিয়ে বিরোধী রাজনৈতিক মতামতকে নির্মমভাবে পিষ্ট করা হয়। জনগণের মৌলিক বাকস্বাধীনতা হরণ, হাজার হাজার ভিন্নমতাবলম্বী রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা ও গুম করার মধ্য দিয়ে গণতন্ত্রের মূল আত্মাকেই ক্ষতবিক্ষত করা হয়। এর পাশাপাশি বিদেশি প্রেসক্রিপশনে চাপিয়ে দেওয়া তথাকথিত সমাজতন্ত্র আর ঢালাও জাতীয়করণের নামে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের যে মহোৎসব শুরু হয়েছিল, তা অচিরেই এক চরম অর্থনৈতিক নৈরাজ্য সৃষ্টি করে। যোগ্য নেতৃত্বের অভাব আর দুর্নীতির চরম সীমায় পৌঁছে ১৯৭৪ সালে দেশে দেখা দেয় এক মর্মান্তিক ও মানবসৃষ্ট দুর্ভিক্ষ। অন্নহীন মানুষের হাহাকার আর রাজপথে অনাহারে হাজার হাজার প্রাণের মৃত্যু নবজাত বাংলাদেশের অস্তিত্বকে এক ঘোর অনিশ্চয়তা ও চরম অস্তিত্ব সংকটের মুখে দাঁড় করিয়ে দেয়।
এই নিদারুণ হতাশা, চরম রাজনৈতিক অস্থিরতা, সার্বিক অরাজকতা ও জাতীয় সার্বভৌমত্বের ঘোরতর সংকটের পটভূমিতেই ইতিহাসের পাতায় উদিত হয় ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর। সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে সেদিন জাতির এক নতুন পুনর্জন্ম ঘটেছিল। রাজনীতির নামে যখন দেশকে জিম্মি করার চক্রান্ত চলছিল, তখন সাধারণ সৈনিক আর লাখো দেশপ্রেমিক জনতার অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত জাগরণে রাজনৈতিক সংকটের অবসান ঘটে। সেই অন্ধকার সময়ের গভীর ঘূর্ণাবর্ত থেকে দেশ ও জাতির রক্ষক হিসেবে আবির্ভূত হন মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। তাঁর বলিষ্ঠ দায়িত্ব গ্রহণে এক নতুন ভোরের প্রত্যাশায় আবার বুক বাঁধে বাংলার মানুষ। স্বাধীনতার পর সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে সংবিধানে চাপিয়ে দেওয়া হয়েছিল ‘বাঙালি জাতীয়তাবাদ’। এটি ছিল মূলত একটি ভৌগোলিক ও ভাষাগত একক কেন্দ্রিক ধারণা, যা কার্যত দেশের পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অন্যান্য ধর্মীয় সাংস্কৃতিক সম্প্রদায়কে একপ্রকার বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিয়েছিল। জিয়াউর রহমান এই গভীর মনস্তাত্ত্বিক ক্ষত উপলব্ধি করেন এবং এই ঐতিহাসিক ভুল সংশোধন করে উপহার দেন এক কালজয়ী দর্শন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’।
বাংলাদেশি জাতীয়তাবাদ শুধুমাত্র কোনো রাজনৈতিক স্লোগান নয়; এটি হলো ভূখ-ভিত্তিক এক বহুমাত্রিক, সর্বজনীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অনন্য রাষ্ট্রদর্শন। এই দর্শনের মূলকথা অত্যন্ত স্পষ্ট: বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাসকারী সকল নাগরিকের ভাষা, ধর্ম, নৃগোষ্ঠী, সংস্কৃতি বা জীবনধারা যাই হোক না কেন, প্রত্যেকে সমান রাষ্ট্রীয় মর্যাদা, সাম্য, সামাজিক সুবিচার ও নাগরিক অধিকারে এক ও অভিন্ন ‘বাংলাদেশি’। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নদী অববাহিকায় বেড়ে ওঠা মারমা কিংবা চাকমা, কিংবা সমতলের বরেন্দ্র অঞ্চলের সাঁওতাল ভাইবোনেরা থেকে শুরু করে পদ্মা মেঘনা যমুনার পলিমাটির প্রতিটি মানুষ এই দর্শনে খুঁজে পায় নিজেদের আত্মপরিচয়ের পরম নির্ভরতা ও পূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি। কোনো বিভাজন বা সংকীর্ণতা নয়, বরং মাটির প্রতি গভীর মমত্ববোধকে ধারণ করে সমগ্র জাতিকে এক অবিচ্ছেদ্য ঐক্যের মেলবন্ধনে বেঁধে দেয় এই দর্শন।
রাষ্ট্রের শাসনভার গ্রহণের পর ধ্বংসস্তূপের মধ্য থেকে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করা ছিল জিয়াউর রহমানের অন্যতম শ্রেষ্ঠ ও অমর অবদান। একদলীয় স্বৈরাচারী বাকশালের বন্দিদশা থেকে জাতিকে মুক্ত করে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্রের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনেন। নিষিদ্ধ করে দেওয়া সকল রাজনৈতিক দলকে পুনরায় তাদের মতপ্রকাশ ও রাজনৈতিক অধিকার চর্চার উন্মুক্ত ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া হয়। বাকশাল আমলে নির্মমভাবে বন্ধ করে দেওয়া সংবাদপত্রগুলোর ওপর থেকে কালো নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তিনি সংবাদপত্রের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের সুযোগ নিশ্চিত করেন। একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও সার্বজনীন ভোটাধিকার ফিরিয়ে দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনায় জনগণের সার্বভৌম ক্ষমতা ও প্রত্যক্ষ অংশীদারিত্বের এক নতুন সংস্কৃতি কায়েম করেন।
স্বাধীনতা পরবর্তী সময়ে সমাজতন্ত্র ও অযৌক্তিক জাতীয়করণের নামে যে রাষ্ট্রীয় অদক্ষতা, অপচয় আর চরম দুর্নীতি দেশকে গ্রাস করেছিল, জিয়াউর রহমান তা থেকে মুক্তির দিগন্ত উন্মোচন করেন। তিনি অনুধাবন করেছিলেন যে, ব্যক্তি মানুষের সম্ভাবনাকে শৃঙ্খলিত করে কোনো জাতি কখনো আত্মনির্ভরশীল হতে পারে না। তাই তিনি দেশে মুক্তবাজার অর্থনীতির দ্বার খুলে দেন এবং ব্যক্তি উদ্যোগ ও বেসরকারি খাতকে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তিতে রূপান্তর করেন। আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়ানো আধুনিক বাংলাদেশের অর্থনীতির যে মজবুত মেরুদ-, তার সিংহভাগই জিয়ার দূরদর্শী চিন্তার ফসল। বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনিই। দেশীয় উদ্যোক্তাদের বৈশ্বিক বাণিজ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং ইউরো আমেরিকান বাজারের সাথে শুল্কমুক্ত ও কোটামুক্ত সংযোগ স্থাপন করে তিনি তৈরি করেন এক বিশাল কর্মসংস্থানের ক্ষেত্র, যেখানে লাখ লাখ নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছিল।
একই সাথে তিনি অনুভব করেছিলেন দেশের বিপুল মানবসম্পদের সুপ্ত শক্তিকে। মধ্যপ্রাচ্যসহ বিশ্ববাজারে সরকারি কূটনৈতিক উদ্যোগে দক্ষ ও আধাদক্ষ জনশক্তি রপ্তানির যে যুগান্তকারী প্রক্রিয়া তিনি শুরু করেছিলেন, তা আজ আমাদের সমৃদ্ধ রেমিট্যান্স অর্থনীতির সবচেয়ে বড় লাইফলাইন। কৃষিনির্ভর এই দেশের মাটি ও মানুষের সাথে ছিল তাঁর নাড়ির গভীর টান। কৃষকের মুখে হাসি ফোটাতে এবং দেশকে খাদ্য সংকটের হাত থেকে চিরতরে বাঁচাতে তিনি নিজে কোদাল হাতে নেমে ‘খাল খনন কর্মসূচি’ সূচনা করেছিলেন। তাঁর সেই ‘সবুজ বিপ্লব’ দেশের শুষ্ক জমিতে সেচের পানির প্রবাহ ফিরিয়ে আনে, সার ও উন্নত বীজের সহজলভ্যতা নিশ্চিত করে এবং বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়।
একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে জিয়াউর রহমান প্রণয়ন করেছিলেন তাঁর ঐতিহাসিক ১৯ দফা কর্মসূচি। এটি শুধুই কোনো রাজনৈতিক ইশতেহার ছিল না, বরং ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করার এক অলিখিত জাতীয় রূপরেখা। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখ-তা রক্ষা করা, সকল প্রকার ভেদাভেদ ভুলে বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকাতলে সমগ্র জাতিকে ইস্পাতকঠিন ঐক্যে বেঁধে ফেলা এবং গ্রামীণ অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করে তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তন করা।
এই নীতিমালায় ঢালাও জাতীয়করণ পরিহার করে উদ্যোক্তা সৃষ্টির পথ তৈরি করা হয়, দেশের মোট জনসংখ্যার প্রধান চালিকাশক্তি যুবসমাজ ও নারী সমাজকে জাতীয় উন্নয়নের ফ্রন্টলাইনে নিয়ে আসা হয় এবং সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে একসময় বাংলাদেশ যখন নির্দিষ্ট একটি মেরুর ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে একাকীত্বের ঝুঁকির মুখে দাঁড়িয়েছিল, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে আসেন এক যুগান্তকারী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি ‘সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’। তিনি ইসলামী সম্মেলন সংস্থার মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্থানে অধিষ্ঠিত করেন এবং আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোর সাথে গড়ে তোলেন ঐতিহাসিক ভ্রাতৃত্বের মজবুত সেতু। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, আঞ্চলিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুদূরপ্রসারী চিন্তা থেকে তিনিই প্রথম সার্ক গঠনের ঐতিহাসিক রূপরেখা প্রণয়ন ও উদ্যোগ গ্রহণ করেন। কোনো পরাশক্তির তাঁবেদারি না করে জোট নিরপেক্ষ আন্দোলন ও জাতিসংঘে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান নিশ্চিত করার মাধ্যমে তিনি বিশ্বদরবারে বাংলাদেশকে এক আত্মমর্যাদাশীল ও সমীহ জাগানিয়া রাষ্ট্র হিসেবে পরিচিত করেছিলেন।
বাংলাদেশের সমাজব্যবস্থা ঐতিহ্যগতভাবেই গভীর ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও চিরন্তন পরমতসহিষ্ণুতার ওপর প্রতিষ্ঠিত। সংখ্যাগরিষ্ঠ মানুষের এই আত্মিক ও সাংস্কৃতিক অনুভূতিকে সম্মান জানিয়ে জিয়াউর রহমান সকল ধর্মের অনুসারীদের সমঅধিকার, আত্মমর্যাদা ও নিরাপত্তার সাংবিধানিক নিশ্চয়তা প্রদান করেন। এর ফলে সমাজ থেকে কৃত্রিম অস্থিরতা ও উগ্রপন্থা দূরীভূত হয়ে এক অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও সম্প্রীতিময় সামাজিক শৃঙ্খলা গড়ে ওঠে। জিয়ার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাই কেবল একটি ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক সংগঠন নয়; এটি এ দেশের মাটি, মানুষ, সার্বভৌমত্ব এবং মেহনতি মানুষের মৌলিক অধিকার রক্ষার এক চিরন্তন সংগ্রামের নাম।
লেখক: রাজনৈতিক বিশ্লেষক।
