একসময় যে দেশে ইন্টারনেট ছিল সীমিত মানুষের নাগালে, আজ সেখানে অনলাইন ব্যাংকিং, ই-কমার্স, ডিজিটাল সরকারি সেবা, ফ্রিল্যান্সিং এবং রিমোট ওয়ার্ক দৈনন্দিন বাস্তবতার অংশ। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও রয়ে গেছে– এই ডিজিটাল অগ্রগতি কি সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করেছে, নাকি নতুন ধরনের বৈষম্যের ভিত্তি গড়ে তুলছে?

সাম্প্রতিক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৫৩.৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং ৫৫ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে। প্রথম দৃষ্টিতে এটি ইতিবাচক চিত্র। কিন্তু একই তথ্যের ভেতর লুকিয়ে আছে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা– বাংলাদেশের প্রায় অর্ধেক সংখ্যক মানুষ এখনও নিয়মিত ইন্টারনেট ব্যবহারের বাইরে।

আরও উদ্বেগজনক হলো, এই প্রবেশাধিকার সমানভাবে বণ্টিত নয়। ডিজিটাল বিভাজনের সবচেয়ে স্পষ্ট চিত্র দেখা যায় গ্রাম ও শহরের মধ্যে। বিবিএসের সর্বশেষ জরিপ অনুযায়ী, শহরাঞ্চলে ইন্টারনেট ব্যবহারের হার ৭৫.৭ শতাংশ, যেখানে গ্রামীণ এলাকায় তা মাত্র ৪৩.৬ শতাংশ। অর্থাৎ দুই অঞ্চলের মধ্যে ৩২.১ শতাংশের ব্যবধান রয়েছে। একইভাবে শহরের ৬০.৩ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ থাকলেও গ্রামীণ পরিবারে সেই হার মাত্র ৪৬ শতাংশ।

এই ব্যবধানকে শুধু প্রযুক্তিগত সমস্যা হিসেবে দেখলে ভুল হবে। কারণ বর্তমান বিশ্বে ইন্টারনেট কেবল তথ্য পাওয়ার মাধ্যম নয়; এটি শিক্ষা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক সুযোগের প্রবেশদ্বার। একজন শহুরে শিক্ষার্থী অনলাইন কোর্স, ভার্চুয়াল ইন্টার্নশিপ বা আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে, যেখানে অনেক গ্রামীণ শিক্ষার্থী এখনও নির্ভরযোগ্য সংযোগ, ডিভাইস কিংবা প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতার অভাবে পিছিয়ে রয়েছে। ফলাফল হিসেবে একই দেশের ভেতরে তৈরি হচ্ছে দুই ধরনের বাস্তবতা। এক দল তরুণ বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সংযুক্ত হচ্ছে, আরেক দল সেই অর্থনীতির প্রান্তসীমায় দাঁড়িয়ে।

এই পরিবর্তনের সবচেয়ে দৃশ্যমান ক্ষেত্রগুলোর একটি হলো ফ্রিল্যান্সিং ও গিগ ইকোনমি।

গত কয়েক বছরে হাজারো বাংলাদেশি তরুণ আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করে নিজেদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। কিন্তু গিগ ইকোনমির গল্প শুধুই সাফল্যের নয়। এই খাতে স্থায়ী চাকরির মতো নিরাপত্তা নেই, নির্দিষ্ট বেতন নেই এবং প্রতিযোগিতা প্রতিনিয়ত বাড়ছে। ফলে ফ্রিল্যান্সিং আজ আর ‘সহজে আয় করার মাধ্যম’ নয়। বরং এটি আজীবন শেখার একটি যাত্রা। ঠিক এই সময়েই বিশ্ব প্রবেশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে। যে কাজ একসময় কয়েক ঘণ্টা সময় নিত, তার অনেক কিছুই এখন কয়েক মিনিটে সম্পন্ন করা সম্ভব। ফলে বেসিক কনটেন্ট রাইটিং, ডেটা প্রসেসিং কিংবা কাস্টমার সাপোর্টের মতো কিছু পেশা চাপে পড়ছে। আগামী দিনের বিভাজনটি শুধু ‘ইন্টারনেট আছে কি নেই’– তা দিয়ে নির্ধারিত হবে না। বরং নির্ধারিত হবে ‘কে প্রযুক্তিকে কাজে লাগাতে পারছে, আর কে পারছে না’– সেই প্রশ্নে।

এই বাস্তবতায় বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রযুক্তি নয়, মানবসম্পদের উন্নয়ন। আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও অনেকাংশে পরীক্ষাভিত্তিক ও সার্টিফিকেটনির্ভর। অথচ ডিজিটাল অর্থনীতিতে সফল হওয়ার জন্য প্রয়োজন অভিযোজন ক্ষমতা, বাস্তব দক্ষতা এবং ক্রমাগত শেখার মানসিকতা। শুধু ডিগ্রি ভবিষ্যতের চাকরির নিশ্চয়তা দিতে পারবে না; বরং শেখার সক্ষমতাই হবে সবচেয়ে বড় যোগ্যতা। তাই ডিজিটাল বাংলাদেশের পরবর্তী অধ্যায় শুধু ইন্টারনেট সংযোগ বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। প্রয়োজন মানসম্মত ও সাশ্রয়ী সংযোগ, গ্রামীণ অঞ্চলে প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং ভবিষ্যৎমুখী দক্ষতা উন্নয়ন কর্মসূচি। একই সঙ্গে নীতিনির্ধারক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত এবং উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে প্রযুক্তির সুফল কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে।

রাইসুল ইসলাম: শিক্ষার্থী, চট্টগ্রাম