চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্রিজ (বারঘোরিয়া) থেকে শিবগঞ্জ উপজেলা বিশ্বরোড পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে। রাস্তার কাজ চলমান থাকায় এলাকায় ধুলোবালির মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে সোনামসজিদ স্থলবন্দর থেকে বিভিন্ন বড় গাড়িসহ হাজার হাজার মানুষ ও শতশত যানবাহন চলাচল করে। উড়ন্ত ধুলোবালির কারণে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্ট, কাশি ও চোখের সমস্যায় ভুগছেন। পাশাপাশি আশপাশের আমের গাছ ও ফসলি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ ধুলো নিয়ন্ত্রণে নিয়মিত ও পর্যাপ্ত পানি ছিটানো হচ্ছে না। এলাকাবাসীর দাবি, জনস্বার্থে সড়ক সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা হোক এবং কাজ চলাকালীন নিয়মিত পানি ছিটিয়ে গ্রহণ করা হোক ধুলো নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা।