তৃতীয় বিশ্বের একটি দরিদ্র ও উন্নয়নশীল দেশ বাংলাদেশের অন্যতম আলোচ্য বিষয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি। দেশ আজ কালোবাজারী, ঘুষখোর, দুর্নীতিবাজ লোকজনের কারসাজিতে সর্বক্ষেত্রে মূল্যবৃদ্ধির মহোৎসব চলছে যা দেখার কেউ নেই। কারসাজি বা সিন্ডিকেটের মাধ্যমে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে থাকে। বিষয়টি বহুল আলোচিত। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ জোরালো পদক্ষেপ নেবে-এমন আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা লক্ষ করা যায় না। ফলে ভোক্তাকে বাড়তি দামেই পণ্য ক্রয় করতে হয়। বেঁচে থাকার জন্য আমাদের অপরিহার্য প্রয়োজন হচ্ছে খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসা। এর মধ্যে খাদ্যের প্রয়োজন সর্বাগ্রে। অথচ যে হারে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের মূল্য লাগাম ছাড়া বাড়ছে তাতে দেশের গরীব ও মধ্যবিত্ত পরিবারগুলো এখন অনাহারের দ্বারপ্রন্তে চলে এসেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি জনজীবনকে করে তুলছে অচল ও আড়ষ্ঠ। বিশেষ করে নিম্নআয়ের দরিদ্র জনগোষ্ঠীর জন্য লাগামহীন এ মূল্যবৃদ্ধি অভিশাপ ছাড়া আর কিছু নয়। প্রতিবছর রমজান শুরু হওয়ার কয়েক মাস আগে থেকেই কারসাজি করে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, যা এখন থেকেই শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে কর্তৃপক্ষ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়ে থাকে, তা দৃশ্যমান নয়। মূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে ভোক্তার জন্য দেওয়া ছাড় ক্রেতার কাছে পৌঁছায় না। বিষয়টি দুঃখজনক।
সরকারের পক্ষ থেকে ভোজ্যতেল ও চিনির দাম বেঁধে দেওয়া হলেও কেন তা কার্যকর হয় না, জরুরি ভিত্তিতে তা খতিয়ে দেখা দরকার। লক্ষ করা যায়, যখন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে, তখন ব্যবসায়ী সিন্ডিকেটের অপতৎপরতা আরও বেড়ে থাকে এবং সংশ্লিষ্ট পণ্যের সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এতে ভোক্তাদের দুর্ভোগ আরও বেড়েছে। অভিযোগ রয়েছে, তদারকি সংস্থার অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসাধু ব্যবসায়ীদের আঁতাত রয়েছে। এ কারণেই কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করলেও ভোক্তা এর সুফল পান না। কাজেই আগে সরষের ভেতরের ভূত তাড়াতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। অনেক সময় সরকারের মাথাভারি, দুর্নীতিগ্রস্ত প্রশাসন চালাতে গিয়ে সরকারকে জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা বা মূল্য বৃদ্ধি চাপাতে হয়ে থাকে। সে লক্ষে সরকার ইতিমধ্যে বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহনসহ সকল ক্ষেত্রে মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে বাধ্য হয়।
প্রতি রমজানের সময় দেখি চিনি ও ভোজ্যতেলে শুষ্ক ছাড় দেওয়ার পরও এ দুটি পণ্যের দাম কিছুটা কমার কথা। কিন্তু বাস্তবতা হলো-বাজারে এর প্রভাব পড়তে কোন রোজাতে দেখেনি। এমন পরিস্থিতিতে সীমিত ও স্বল্প আয়ের মানুষ পরিবারের ব্যয়ভার বহন করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। সাম্প্রতিক সময়ে বহু মানুষের আয় কমেছেতারপরও বাজারে শাক-সবজি থেকে শুরু করে কোন পণ্যের দাম কমতে দেখা যায় না। এ পরিস্থিতিতে কেউ কেউ বলছেন, তদারকি জোরদার না করার কারণে বাজারে কোন পণ্যের দাম কমেছে না। বিপুলসংখ্যক মানুষ যখন প্রয়োজনের তুলনায় অর্ধেক পণ্য নিয়ে বাজার থেকে ঘরে ফিরছেন, তখন ‘পণ্যের দাম কমেছে’ এমন মন্তব্য ভোক্তার সঙ্গে বিদ্রুপের শামিল।
উচ্চমূল্যের কারণে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন প্রয়োজনীয় প্রোটিন প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, তখন মাছ, মুরগী বা পোলট্রি, ডিম ইত্যাদি খাত নিয়ে চলছে বড় ধরনের কারসাজি। এ বিষয়ে কর্তৃপক্ষ যদি জোরালো ভূমিকা না নেয়, তাহলে ভোক্তা ক্ষতিগ্রস্ত হবেন। একই সঙ্গে হাজারো তরুণ উদ্যোক্তা পথে বসতে বাধ্য হবেন। ভরা মৌসুমেও চালের বাজারে অস্থিরতা লক্ষ্য করা গেছে। এটাও ছিল অসাধু ব্যবসায়ীদের কারসাজির ফল। অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে নিত্যপণ্যের বাজার অস্থির করে তুললে মানুষ পরিবারের পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য হারিয়ে ফেলবে। অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। এসব সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে সময়মতো পদক্ষেপ নিতে হবে।
লেখক : গণমাধ্যমকর্মী।
