‘হেমন্ত আসিয়া গেছে’! যারা আগাম আমন করেছিলেন, তারা ইতোমধ্যে উত্তোলনে ব্যস্ত। নভেম্বরের শুরু থেকে মূল আমন উত্তোলন শুরুর আশা। এ কার্যক্রম সম্পন্ন হলে শুরু হবে রবিশস্যের আবাদ। আলু, সরিষা, পেঁয়াজ প্রভৃতি অর্থকরী ফসল বলে বিবেচিত। গেল মৌসুমে চাহিদার বেশি আলু উৎপাদন হয়েছিল। এর দাম এখনও অনেক কম। আলু ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত। এ অবস্থায় আলু উৎপাদনে আগ্রহ হারাতে পারে কৃষক। ধান-চালের পর আলু কিন্তু আমাদের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ।

চালের বিকল্প নেই অবশ্য। এর দাম তাই সবিশেষ গুরুত্বপূর্ণ। চাল উৎপাদনে আমাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রয়াস দীর্ঘদিনের। সেটা অর্জনের পরও কোনো কোনো সময় চাল আমদানি হয়ে ওঠে অনিবার্য। মজুত জোরদার করতে সরকারকেও আমদানি করতে দেখা যায়। অন্তর্বর্তী সরকারকে যেতে হয়েছে এ প্রক্রিয়ায়। বেসরকারি খাতও করছে আমদানি। চালের দাম বাড়ার প্রবণতা রোধে এটা কার্যকর হওয়ার খবর রয়েছে। যে হারে বেড়েছিল, সেই হারে না কমলেও দাম কমেছে। আমন উত্তোলন পুরোদমে শুরু হলে এর প্রভাবে চালের দাম পূর্বাবস্থায় এলে সেটা হবে স্বস্তির।

দাম কখনও পূর্বাবস্থায় ফেরে না বলে বক্তব্য ঠিক নয়। দাম আগের চাইতেও কমে যেতে দেখা যায়। আলুর দামই এর প্রমাণ। মাঝে এর দাম এত বেড়েছিল যে, আলু আমদানিতেও যেতে হয়েছিল। আলু আমরা কিছুটা হলেও রপ্তানি করতাম; যদিও রপ্তানিযোগ্য আলুর উৎপাদন কম। এ ক্ষেত্রে সীমাবদ্ধতা না থাকলে অতিরিক্ত আলু উৎপাদনের সময়টায় আমরা রপ্তানি বাড়াতে পারতাম। তাতে অভ্যন্তরীণ বাজারে দাম কিছুটা বাড়ত। এ অবস্থায় কেউ কেউ সরকারকে বলছেন কিছু আলু কিনে খাদ্য সহায়তা কর্মসূচিতে জোগাতে। কাজটা সহজ নয় অবশ্য। এ ক্ষেত্রে সংরক্ষণের ঝুঁকি রয়েছে। সরকার আপাতত চাইছে চাল ও গমের মজুত সন্তোষজনক পর্যায়ে রাখতে। আকস্মিক ঝুঁকিও যেন সামলানো যায়।

খাদ্য সহায়তা কার্যক্রমে চালের বিতরণ বাড়লেও বিশেষত মোটা চালের দাম কমে আসে। হালে তালিকাভুক্ত মৎস্যজীবীদের মধ্যেও জোগানো হয়েছে চাল। ইলিশ সংরক্ষণে নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণেই এ ব্যবস্থা। তবে নিষেধাজ্ঞা নাকি তেমন কার্যকর হয়নি। এর একটা কারণ নিয়ে বরাবরই আলোচনা হয়– মৎস্যজীবীদের তো শুধু চাল পেলে চলে না। নিত্যপ্রয়োজনীয় অন্যান্য জিনিস তাদের কিনতে হয় বাজার থেকেই। সে জন্য হাতে অর্থ থাকা চাই। চালের বদলে তাদের তাই নগদ অর্থ দেওয়ার পরামর্শ অনেকের। মৎস্যজীবীর তালিকাও ত্রুটিপূর্ণ। ইতোমধ্যে নিষেধাজ্ঞা অবশ্য অতিক্রান্ত। তাতে বাজারে মাছের সররবাহ বাড়ার কথা। এতে দাম কমে আসাই স্বাভাবিক।

ইলিশের দাম জানতে চাওয়ার অবশ্য মানে নেই। এটি অনেক দিন ধরেই সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে। এ অবস্থায় যেসব মাছ নিয়মিত কেনা হয়, সেগুলোর দাম কমে এলেই লোকে খুশি হবে। মুক্ত জলাশয় শুকিয়ে আসতে থাকায় সামনে মাছ আহরণ বাড়বে। তবে মাঝে পাঙাশ উৎপাদনে খামারিদের আগ্রহ হ্রাসের খবর মিলেছিল। সংশ্লিষ্ট বিভাগের উচিত তাদের উপযুক্ত সহায়তা জোগানো। পাঙাশসহ চাষের মাছের ওপর নিম্ন আয়ের মানুষের ব্যাপক নির্ভরশীলতার কথা কারও অজানা নয়। এটা তাদের পুষ্টিরও বড় উৎস। খামারে উৎপাদিত মুরগি আর ডিমের সহজপ্রাপ্যতা বজায় রাখার গুরুত্বও অনস্বীকার্য। মাঝে হঠাৎ ডিমের দাম বেড়েছিল। তখন তীব্র গরম আর বৃষ্টি-বাদলের প্রভাবের কথা বলেছিলেন কেউ কেউ। হালে ডিমের দাম কমে আসার প্রবণতা অবশ্য দেখা যাচ্ছে।

রেস্তোরাঁসহ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও ডিমের চাহিদা রয়েছে। যারা এ বিপুল চাহিদা মেটাচ্ছেন, সেই খামারিদের দিকে সুনজর থাকে না অনেক সময়। তাদের আন্দোলনেও নামতে দেখা যায়। ক্ষুদ্র ও মাঝারিরা অভিযোগ তোলেন এ খাতের করপোরেট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এ ক্ষেত্রে অন্তত ‘লেভেল ফিল্ড’ ধরে রাখার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সেটা না থাকলে ডিমের বাজারে অস্থিরতা স্থায়ী রূপ নিতে পারে। বাড়তে পারে আমদানি-নির্ভরতাও। স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর আমদানি-নির্ভরতা মানে পিছিয়ে যাওয়া। পুষ্টি নিরাপত্তার মূল ক্ষেত্রগুলোয় যা মোটেও কাম্য নয়। মাঝে আমাদের ডিম আমদানিতেও যেতে হয়েছিল। এ ক্ষেত্রে অবশ্য সুবিধা আছে। দু-এক দিনের চাহিদা পূরণের মতো আমদানি হলেই ঘাটতি পূরণ হয়ে যায়। কারণ মুরগি তো ডিম পাড়া বন্ধ করে না।

হেমন্ত শেষ হয়ে আসতে আসতে শীতের সবজিতে বাজার ভরে যাবে। ইতোমধ্যে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। এর চাষে উৎসাহ বেড়েছে ভালো দাম পাওয়া যায় বলে। ক্রেতাদেরও বিশেষ আগ্রহ থাকে নতুন শাকসবজিতে। এ জন্য বেশি দাম দিতে তারা রাজি। এদিকে আগাম শীতকালীন সবজির দাম দ্রুত কমছে বলে জানাচ্ছেন প্রতিবেদকরা। এর কারণ হতে পারে উৎপাদন বৃদ্ধি। সবজি উৎপাদনের অনুকূল আবহাওয়া নাকি বিরাজ করছে। গ্রীষ্মকালীন সবজিও বাজারে কম নেই। এ অবস্থায় আগাম শীতকালীন সবজি আসায় গোটা বাজারই কিছুটা ভোক্তার অনুকূলে। রিকশা ভ্যানে সবজি বিক্রেতা একটি শ্রেণির উদ্ভব ঘটেছে শহরাঞ্চলে। রাস্তাঘাট উন্নত হওয়ায় এরা হালে গ্রামের ক্রেতাদের কাছেও যাচ্ছে।

চালের সঙ্গে সবজির দাম কমে এলে জনমনে স্বস্তি আসার পাশাপাশি অন্তর্বর্তী সরকারও স্বস্তি বোধ করবে। কারণ কমতে থাকা মূল্যস্ফীতিতে তখন পড়বে আরও কিছুটা ইতিবাচক প্রভাব। মাঝে চাল ও গ্রীষ্মকালীন সবজির দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতির ধারায় ছন্দপতন হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মূল্যস্ফীতি যতটা কমবে বলে আশাবাদী, ততটা কমছে না পণ্যবাজারে অস্থিরতা চলতে থাকায়। এ ক্ষেত্রে বৃষ্টি-বাদলের একটা প্রভাব অনস্বীকার্য। এ সময়টায় খরার কারণেও কোনো কোনো পণ্য উৎপাদন ব্যাহত হয়। যেমন– অতিবৃষ্টির চাপে কাঁচামরিচের ফলন হয়েছে ক্ষতিগ্রস্ত। মাঝে এর হঠাৎ দাম বৃদ্ধি উদ্বেগ ছড়ায়। দুর্গাপূজার ছুটিতে সীমান্তপথে আমদানিও ব্যাহত হয় তখন। কাঁচামরিচসহ টমেটো, গাজর ইত্যাদি আমদানি হচ্ছে এখন। কিছুদিন পর এর প্রয়োজন ফুরাবে। দেশের ভেতর থেকেই এসবের সরবরাহ আসবে বাজারে। পণ্য সরবরাহ আর সংরক্ষণের জন্যও বছরের এ সময়টা ভালো। মাঝে আমরা বলাবলি করছিলাম– আলু, পেঁপে, মিষ্টিকুমড়া ছাড়া কোনো কিছুই সহজলভ্য নয়। তাদের জন্য পরিস্থিতি আবার বিশেষভাবে কঠিন, যারা এ মূল্যস্ফীতির মধ্যে কাজ হারিয়েছে। দারিদ্র্য পরিস্থিতির অবনতির কথা সরকারিভাবেই স্বীকার করা হচ্ছে। এ অবস্থায় হেমন্তকাল দিয়ে যে ‘উৎপাদন মৌসুমে’ আমরা প্রবেশ করলাম, সেটা বাজারে অস্থিরতা কমিয়ে আনবে বলেই আশা। খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজারও এ সময়ে অনুকূলে বলে খবর মিলছে। সরকার অবশ্য বেশি দামে গম আনছে যুক্তরাষ্ট্র থেকে। সেটা ওই দেশটিতে তৈরি পোশাক রপ্তানি ধরে রাখার বৃহত্তর স্বার্থে। বেসরকারি খাত অবশ্য যেখান থেকে সুবিধা, সেখান থেকেই আমদানি করবে। তারা কম দামে গম আনবে রাশিয়া থেকে আর চাল ভারতের মতো সুবিধাজনক উৎস থেকে। জটিল রাজনৈতিক সম্পর্ক একে প্রভাবিত না করলেই সেটা অর্থনীতির জন্য হিতকর।

হাসান মামুন: সাংবাদিক, কলাম লেখক