ত্রিপুরা জনগোষ্ঠীর ককবরক ভাষার শব্দ ‘মসংতৈছা’। এর মানে হচ্ছে সবুজে ঘেরা বনের মধ্যে একটি সুউচ্চ পাহাড় দুই ভাগে বিভক্ত, যার মধ্যবর্তী স্থান গহিন ও নির্জন এলাকা হওয়ায় এ খুমে ঝিঁঝিঁ পোকাসহ নানা কীটপতঙ্গ এবং অন্যান্য প্রাণীর শব্দসমষ্টিতে নিয়ত অসম ব্যঞ্জন ধ্বনিত হয়। মসংতৈছা অনেকটা বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটনকেন্দ্রের মতো। মসংতৈছা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের নতুনপাড়া নামে দুর্গম স্থানে অবস্থিত। মাটিরাঙ্গা উপজেলায় অবস্থান হলেও খাগড়াছড়ি সদর হয়ে এর সহজ যোগাযোগ। মাটিরাঙ্গা হয়েও আসা যায়, তবে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ। ট্র্যাকিং ও ভ্রমণপ্রিয় এবং সৌন্দর্যপিপাসুদের জন্য অনন্য স্থান এটি।

অন্যদিকে স্থানীয় চন্দ্রমোহন ত্রিপুরার মতে, এলাকাবাসীর জন্য এটি অন্যতম তীর্থস্থান। প্রতি বৃহস্পতিবার পূজা দেওয়া হয়। আশপাশে বসবাসকারীরা এ পূজায় শামিল হন। মসংতৈছা এখানে আছে– এটি চারদিকে জানাজানি হয়ে গেছে। দুই বছর ধরে দূরদূরান্তের লোকজন এ দুর্গম এলাকার সৌন্দর্য উপভোগ করতে আসেন। এখানে আশপাশে কোনো দোকানপাট নেই। অনেকে দূর থেকে আসার সময় সঙ্গে খাবার নিয়ে আসেন। ঘোরাঘুরির পর এখানে খাবার খান। আবার কেউ কেউ এখানেই রান্না করেন। অনেকটা পিকনিকের আমেজ। এখান থেকে উঠে আসার পথে পাঁচ সদস্যের একটি টিমের সঙ্গে দেখা হয়। খুব আগ্রহ আর হাসিমুখ নিয়ে এগিয়ে যাচ্ছেন। তারা সঙ্গে পানি, খাবার নিয়ে এসেছেন। কিন্তু খাবারের পর পলিথিন এবং অন্যান্য বর্জ্য মংসতৈছার বুকে থেকে যায়। এটাই মূল সমস্যা।

এসবের মধ্যে পলিথিন, প্লাস্টিক বোতলসহ নন-ডিগ্রেডেবল বা অপচনশীল বর্জ্য রয়েছে। যেগুলো এ ঝিরি হয়ে ছড়ায় গিয়ে পড়বে এবং ছড়া থেকে খাল হয়ে নদীতে পৌঁছাবে। অবিকৃত অবস্থায় থাকবে অনন্তকাল। পানিতে ভেসে যাবে। আবার এ পানিই পাহাড়ি জনপদের অধিকাংশ মানুষের খাবার এবং নৈমিত্তিক ব্যবহারের একমাত্র উৎস। পানিতে মিশছে পলিথিনের উৎস থেকে প্রাপ্ত মাইক্রো প্লাস্টিক। পানি থেকে সরাসরি কিংবা খালের মাছ থেকে যাচ্ছে মানুষের শরীরে।

এ ছাড়া এসব বর্জ্য বিভিন্ন উপায়ে পরিবেশের ক্ষতি করবে। কাদামাটি আর পানির স্রোতে কিছু পলিথিন মাটির নিচে আটকা পড়ছে। এ পলিথিন কোনোভাবে গাছের শিকড়ে আটকা পড়লে সে গাছের বৃদ্ধি ব্যাহতসহ মারাও যেতে পারে।

আবার কেউ কেউ মসংতৈছায় এসে তীব্র চিৎকার বা হই-হুল্লোড় করে। যা আমাদের সীমাহীন আনন্দ, তা বনের নির্জনে বসবাসকারী প্রাণীর জন্য মরণফাঁদ। এতে বনের নীরবতা যেমন ক্ষুণ্ন হয়, তেমনি বিভিন্ন বন্যপ্রাণীর ভেতরে ভয় ও সংশয় দানা বাঁধে। এসব নিরাপদ আশ্রয়স্থলও দিন দিন অনিরাপদ হয়ে যাচ্ছে। এ ছাড়া প্রকৃতিপ্রেমী স্থানীয় লোকজন মনে করে, এসবের কারণে মসংতৈছার পবিত্রতা নষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে এ জায়গায় গমনের ক্ষেত্রে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা কয়েক দফায় নিষেধাজ্ঞাও আরোপ করেন। তবুও মানুষ উপভোগ করতে যাচ্ছে, সঙ্গে বিরূপ আচরণে দূষণ এবং ক্ষতিও করে যাচ্ছে। মসংতৈছার মতো ছড়াগুলোই আমাদের নদীর উৎস, যা আমাদের পরিবেশ-প্রাণ-প্রকৃতিকে সচল ও সজীব রাখে। অধিকাংশ ঝিরি, ছড়া ধ্বংস হওয়ার কারণে নদীগুলো প্রাণ হারাচ্ছে।

মসংতৈছার মতো নাম না জানা অনেক রহস্যময়ী নান্দনিক পর্যটনকেন্দ্র তিন পার্বত্য জেলায় রয়েছে। যেগুলো স্বীকৃত পর্যটনকেন্দ্র নয়, তবে সৌন্দর্য়ের তীর্থস্থান হিসেবে সমাদৃত। এসব অপরূপ স্থানকে রক্ষা করতে হলে আমাদের কাণ্ডজ্ঞান প্রয়োগ করা উচিত। একজন নাগরিকের পাহাড়, প্রকৃতি, সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রতি দায়িত্বশীল হওয়া নৈতিক দায়িত্ব বলে মনে করা দরকার। এসব স্থানে ভ্রমণের ক্ষেত্রে পরিবেশ-প্রকৃতির জন্য ক্ষতিকর আচরণ পরিহার করা এবং এ বিষয়ে জনসচেতনতা গড়ে তোলা জরুরি।

মো. বেলায়েত হোসেন: কবি ও প্রাবন্ধিক