বহুল প্রতীক্ষিত ও আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় দেশে স্বস্তি নেমে এসেছে। নির্বাচনের মাধ্যমে অনিশ্চয়তা, শঙ্কা ও দোদুল্যমানতা কাটিয়ে ওঠার পর আগামী দিনের রাজনীতির রূপরেখাও আলোচনার বিষয় হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংস্কার আলোচনা ও নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় ত্রয়োদশ নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক’ হলো কিনা– এ নিয়ে বিতর্ক রয়ে গেলেও বলা যায়, হত্যাসহ নানা অপরাধে অভিযুক্ত আওয়ামী নেতৃবৃন্দও অন্তর্বর্তী সরকারসহ পুরো সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া নিয়েই নেতিবাচক ভূমিকা রেখেছেন। এরপর আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে তর্ক করবার সুযোগ কমে এলেও দলটির বিপুল কর্মী-সমর্থকের ভোট নিজ নিজ বাক্সে নিতে প্রতিদ্বন্দ্বী সব দলই সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে প্রচারণাকালে বিভিন্ন দলের প্রার্থীরা আওয়ামী লীগ নেতাকর্মীর নিরাপত্তা, হামলা-মামলা থেকে রেয়াতের প্রতিশ্রুতিও দেন।

আওয়ামী লীগের অনুপস্থিতিতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণের দেখাও মেলে। জামায়াতের নেতৃত্বে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ বিপুল উদ্যমে নির্বাচনের মাঠে উপস্থিত হয়। বিএনপির সঙ্গে দীর্ঘকালের মিত্রতা ছেড়ে প্রবল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা জামায়াতে ইসলামী প্রথমবারের মতো ক্ষমতায় যেতে পারে– সামাজিক মধ্যেমে এ ধরনের ‘হাইপ’ ওঠে। নির্বাচনের ফলাফলে অবশ্য বিপরীত চিত্র মেলে। বিএনপি ২০৯, জামায়াত ৬৮ ও এনসিপি ৬টি আসনে জয়লাভ করে। প্রাপ্ত ভোটের হার– বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬% ও এনসিপি ৩.০৫%। বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এর সুবিধা-অসুবিধা দুই-ই রয়েছে। যতই প্রচারণা থাকুক– ‘ব্রুট মেজরিটি’ স্বেচ্ছাচারী শাসনের ঝুঁকি তৈরি করে। তারপরও বলতে হয়– নির্বাচনের এই ফলাফল চলমান অস্থিতিশীল রাজনৈতিক বাস্তবতায় সংহত-মজবুত সরকার প্রতিষ্ঠার সম্ভাবনা সৃষ্টি করেছে। এই অসামান্য জনসমর্থন যদি বিএনপি সরকার দায়িত্ববোধ, কর্তব্যনিষ্ঠা ও রাজনৈতিক দূরদর্শিতার সঙ্গে ব্যবহার করে, তবে তা দেশে সার্বিকভাবে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।

২. জামায়াতে ইসলামীর বিপুল ভোটপ্রাপ্তির কারণ গভীর অনুসন্ধানের বিষয়। মুক্তিযুদ্ধে জামায়াতের বিরোধী ভূমিকা সর্বজনবিদিত। তারপরও দলটি এখন মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রধান বিরোধী দল। আওয়ামী লীগের অনুপস্থিতি কিংবা ক্ষমতাসীন কোনো কোনো মহলের আশীর্বাদে জামায়াতের এই উল্লম্ফন– এত সরল অঙ্ক করলে উদারপন্থি রাজনৈতিক দলগুলোকে সামনে আরও সংকটে পড়তে হবে। জামায়াত প্রধানত বেশি ভোট পেয়েছে দারিদ্র্যপীড়িত উত্তরাঞ্চল, উপেক্ষিত সীমান্তবর্তী এলাকা, মেট্রোপলিটন শহরেও কম উন্নত এলাকায়। এর কারণ যেমন ভাবনায় নেওয়া জরুরি, একই সঙ্গে নির্বাচন ছাড়াও বছরজুড়ে জামায়াতের ‘বাড়ি বাড়ি’ ঘিরে নানা কর্মসূচি মোকাবিলার মতো জনবান্ধব কর্মসূচিও অন্যদের প্রণয়ন করতে হবে। রাজনৈতিক দলের সুনির্দিষ্ট নীতি ও কর্মসূচি না থাকলে যে পরিস্থিতি দাঁড়ায়, এবারের নির্বাচনে জাতীয় পার্টি তার উদাহরণ। যে জাতীয় পার্টি এইচএম এরশাদের কল্যাণে রংপুরের অবিসংবাদিত দল ছিল; সেই দল খোদ এরশাদের আসন রংপুর-৩ এ গো-হারা হেরেছে। জি এম কাদেরের তৃতীয় অবস্থান বুঝিয়ে দিয়েছে, রাজনৈতিক দলের নীতিহীন আচরণের জবাব জনগণ সময়মতো দিতে জানে। শুধু জাতীয় পার্টি নয়; প্রতিটি দলকে আত্মসমীক্ষায় অবতীর্ণ হতে হবে। ধর্মের রাজনৈতিক ব্যবহার নিরুৎসাহিত করতেই স্বাধীন বাংলাদেশের সংবিধানের অন্যতম স্তম্ভ হয় ধর্মনিরপেক্ষতা। অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত জুলাই সনদে ধর্মনিরপেক্ষতা যেমন বর্জন করবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে; এবারের নির্বাচনেও ধর্মভিত্তিক দলগুলো এক-চতুর্থাংশের বেশি আসনে জয়ী হয়েছে। বিএনপিকে দক্ষতার সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

৩. আশু আরেকটি চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার প্রেক্ষিতে বিএনপিকে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করতে হবে? স্বীকার্য, কিছু ক্ষেত্রে বিতর্কের অবকাশের পরও জুলাই সনদ চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ও প্রত্যয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় দলিল। এতে বিএনপি ও জামায়াত– হালের ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দল, দুটিই স্বাক্ষর করেছে। যদিও বিএনপির ১১টি নোট অব ডিসেন্ট ছিল। বিএনপির নির্বাচনী ইশতেহারও দলটির ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘিরে প্রণীত; জুলাই সনদভিত্তিক নয়। সেই ইশতেহারেই সংসদে দুই-তৃতীয়াংশ আসন পেয়েছে। কাজেই বিএনপিকে দেশ ও জাতির স্বার্থে দীর্ঘমেয়াদি ইতিবাচক দিকগুলো গভীরভাবে ভেবে দেখে সিদ্ধান্ত নিতে হবে।

অন্যান্য ক্ষেত্রে গুরুতর না হলেও জুলাই সনদে সংসদের উচ্চকক্ষে আনুপাতিক হারে আসনপ্রাপ্তি নিয়ে প্রধান দলগুলোর মধ্যে ঘোর মতপার্থক্য রয়েছে। জামায়াত ও এনসিপি প্রাপ্ত ভোটের হারে আসন চাইলেও বিএনপি চায় প্রাপ্ত আসন অনুপাতে। উচ্চকক্ষে আসন সংখ্যা ১০০। এই আসনগুলো রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণি-পেশাসহ নিজ নিজ দল থেকে মনোনয়ন দেবে। আইন পাস করবার জন্য নিম্নকক্ষের অনুমোদনের পাশাপাশি উচ্চকক্ষের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে।

দেশের যে অর্থনৈতিক অবস্থা, তাতে দ্রুত সংসদে আরও ১০০ সদস্য অন্তর্ভুক্ত করা এখনই যৌক্তিক কিনা– সব পক্ষের ভেবে দেখা জরুরি। নতুন সদস্যদের জন্য ভাতা, বাড়ি-গাড়ি, সুযোগ-সুবিধার বিপুল খরচ নির্বাহ এখনই সংগত কিনা, ভাবা দরকার। এর বদলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে সংসদ সদস্যদের স্বাধীনতা ও ভোটদানের ক্ষমতা বাড়ালে উচ্চকক্ষের নজরদারি কর্তব্য নিম্নকক্ষেই করে নেওয়া যায়। পরে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে উচ্চকক্ষের বিলাসিতায় যাওয়া যেতে পারে।

সংসদে বিএনপির শক্তিশালী অবস্থান নতুন সরকারকে বিভিন্ন জটিল সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা প্রদান করবে। নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে কোনোভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনেও তিনি বলেছেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও আইনের শাসন প্রতিষ্ঠাই নতুন সরকারের প্রধান অঙ্গীকার। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই মূলত চব্বিশের গণঅভ্যুত্থান। বিগত ৫৪ বছরে সব গণতান্ত্রিক আন্দোলনের মূল লক্ষ্যও তাই। সরকারি প্রতিষ্ঠানগুলোকে যার যার মতো কাজ করতে দিতে হবে। প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কার করে এদের নিজস্ব লক্ষ্য ও গন্তব্য জানিয়ে দিতে হবে। সংসদ সদস্যই তাঁর এলাকার রাজা। তাঁর অঙ্গুলি হেলনে সব প্রতিষ্ঠান চলবে। বিগত দিনের চল থেকে বেরিয়ে আসবার জন্য রাষ্ট্র সংস্কার প্রয়োজন। সরকারকে এই লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই রাষ্ট্র সকলের। সব নাগরিকের এখানে সমান সম্মান ও মর্যাদা। ক্ষমতাসীন-বিরোধীসহ সকল রাজনৈতিক দল, জাতি-ধর্ম-মত, লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্র সকলের মর্যাদা ও নিরাপত্তা সমুন্নত রাখবে– ভূমিধস বিজয়ের পর নবনির্বাচিত সরকারের কাছে এটি প্রথম চাওয়া। বিরোধী দলসহ সব রাজনৈতিক দল এই অঙ্গীকারের সারবত্তা বুঝে কর্তব্য পালন করবেন; সকলের সম্মিলিত শ্রমে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে– জাতির নব সূর্যোদয়ে বিনীত প্রার্থনা করি।

মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক mahbubaziz01@gmail.com