আজ অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের প্রেক্ষাপট ও পরিস্থিতি নিয়ে সমকালের সম্পাদকীয় বিভাগের সঙ্গে কথা বলেছেন লেখক, অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গবেষক আনু মুহাম্মদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। সমকালের পক্ষে সাক্ষাৎকারটি নিয়েছেন সহসম্পাদক ইফতেখারুল ইসলাম।

সমকাল: সার্বিক পরিস্থিতি দেখে এবারের নির্বাচন কেমন হবে বলে মনে করছেন?

কাজী মারুফুল ইসলাম : আমরা যে অবস্থায় রয়েছি, তাকে দুটি পর্যায়ে ভাগ করা যায়। এক. সুষ্ঠু একটি নির্বাচন নিশ্চিত করা; দুই. নির্বাচনের পর সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর। এ দুটি এই মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ। এগুলো সঠিকভাবে করতে হলে প্রথমে নির্বাচন সুষ্ঠুভাবে হতে হবে; দ্বিতীয়ত, অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক ব্যাপারগুলো সঠিকভাবে পরিচালনা করতে হবে, যাতে তাদের দায়িত্ব নির্বাচিত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করতে পারে।

সমকাল: সরকারের যে প্রস্তুতি দেখছেন, তাতে কী মনে হচ্ছে?

কাজী মারুফুল ইসলাম : এখন পর্যন্ত নির্বাচনী যে পরিবেশ দেখছি, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে স্বাভাবিকই মনে হয়। যদিও সরকারের জায়গা থেকে যেসব প্রতিশ্রুতি ছিল, তার অনেকটাই তারা করতে পারেনি। কিন্তু ব্যবস্থাপনার জায়গা থেকে তাদের মধ্যে এক রকম প্রস্তুতি রয়েছে। এতে নির্বাচনের পরপর তারা ক্ষমতা হস্তান্তর করতে পারবে। সমকাল: এর বাইরে আর কী কী বিষয় গুরুত্বপূর্ণ মনে করেন?

কাজী মারুফুল ইসলাম: এর বাইরে আরও দুটি বিষয়ে আমাদের নজর রাখতে হবে। নির্বাচন প্রক্রিয়া ওপরে আমরা যা দেখতে পাচ্ছি, তার ভেতরেও আরেকটা স্তর রয়েছে। যেমন এখানে প্রশাসনের একটা দিক আছে, যা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগের সঙ্গে যেসব প্রতিষ্ঠান জড়িত, সেগুলোর কথা বলছি। সেখানে অদ্ভুতভাবে একটা বিষয় দেখতে পাচ্ছি– পূর্ণ নিরপেক্ষতার জায়গাটি নিশ্চিত হয়নি।

সমকাল : ‘পূর্ণ নিরপেক্ষতা’ বলতে কী বোঝাচ্ছেন?

কাজী মারুফুল ইসলাম: অন্তর্বর্তী সরকারের গত দেড় বছরে একটা দলের আধিপত্য তৈরি হয়েছে। এ আধিপত্য নির্বাচনী ব্যবস্থাপনার ভেতরেও খানিকটা প্রসারিত। সেটা যদি আরও স্পষ্ট করে বলি, জামায়াত-ঘনিষ্ঠ এক ধরনের প্রশাসন– নির্বাচন কমিশনের ভেতরে এবং বাকি প্রতিষ্ঠানেও তাদের উৎসাহ ও উদ্যোগ দেখা গেছে।

সমকাল : জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার কতটা প্রস্তুত?

কাজী মারুফুল ইসলাম: নিরাপত্তার বিষয়টা আমি তিনটা স্তরে দেখছি। প্রথমত, জাতীয় পর্যায়ে; দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কে; তৃতীয়ত, তৃণমূল পর্যায়ে। এখন পর্যন্ত যে সহিংসতা, ক্রুদ্ধ পরিস্থিতি, প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তা মাত্রা ছাড়ায়নি। এখনও তা নিয়ন্ত্রণযোগ্য মাত্রায় রয়েছে। ফলে জাতীয় পর্যায়ে ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি মনে করি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে এতদিন দায়িত্ব পালন করেছে, তাতে নির্বাচন সংক্রান্ত তাদের ব্যর্থতা দেখছি না।

সমকাল : এই পরিস্থিতি তৈরির ক্ষেত্রে কার ভূমিকা মুখ্য মনে করেন?

কাজী মারুফুল ইসলাম: এ ক্ষেত্রে আমি শুধু সরকারের অবদান রয়েছে, এমনটা বলছি না। বরং মানুষের মধ্যেই একটা সচেতনতা তৈরি হয়েছে। আচরণের একটা নিয়ন্ত্রণের জায়গা তৈরি হয়েছে এবং দলগুলোও নিজেদের মধ্যে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে নামেনি। ফলে এই উত্তাপ তাদের সহকর্মীদের মধ্যে ছড়ায়নি। জাতীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও ভয়াবহ কোনো অবনতি চোখে পড়েনি। তা ছাড়া দলের অভ্যন্তরীণ কিংবা দলগুলোর মধ্যেও তেমন সহিংসতা দেখছি না। ব্যক্তি পর্যায়ে আক্রমণ করার অল্প কিছু নমুনা আমরা দেখেছি। ফলে দলগুলোও সার্বিক দিক থেকে একটা সীমার মধ্যে রয়েছে। মোটামুটি এক রকম শান্তিপূর্ণ অবস্থা বজায় রেখে সবাই তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। সেদিক থেকেও এখন পর্যন্ত তেমন সহিংসতা আমরা দেখিনি।

সমকাল: মাঠ পর্যায়ের পরিস্থিতি কেমন দেখছেন?

কাজী মারুফুল ইসলাম: আমি নিজেও কয়েকটি জায়গা দেখেছি। সেখানে পুরোনো কিছু বৈরিতা রয়েছে, যেখানে দলের চেয়ে প্রভাবশালী গোষ্ঠীগুলোর মধ্যে একটা সংঘাতপূর্ণ পরিবেশ দেখা যায়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকা প্রভাবশালী গোষ্ঠীগুলো ঐতিহাসিকভাবে নিয়ন্ত্রণ করে আসছে। এ ধরনের জায়গায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা সমস্যা হবে। নির্বাচনের দিন কিংবা পরদিনও সংঘাতের আশঙ্কা রয়েছে।

সমকাল: স্থানীয় সংঘাত ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত?

কাজী মারুফুল ইসলাম : স্থানীয় পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার মতো সক্ষমতা থাকতে হবে। পুলিশ বাহিনী কিছুটা গুছিয়ে আসছে, কিন্তু পূর্ণোদ্যমে এখন পর্যন্ত তাদের গোছানো সম্ভব হয়নি। কোনোভাবে স্থানীয় পর্যায়ে বড় ধরনের সংঘাত দেখা দিলে পুলিশের তা নিয়ন্ত্রণের সক্ষমতা তৈরি হয়নি। সেনাবাহিনী, বিমানবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যে ধরনের প্রস্তুতি দেখছি তা উল্লেখযোগ্য। যেমন এক লাখের মতো সামরিক বাহিনীর সদস্য মাঠে থাকবে, প্রায় সাড়ে চার লাখ আনসার বাহিনীর সদস্য থাকার কথা বলা হচ্ছে। সেই সঙ্গে রয়েছে পুলিশ বাহিনী। এই তিন বাহিনীর মধ্যে যদি সমন্বয় থাকে এবং দ্রুত সাড়া দিতে প্রস্তুত– বিশেষত সামরিক বাহিনী– তাহলে স্থানীয় পর্যায়ে নিরাপত্তা সংকট নিয়ন্ত্রণ করা হয়তো সম্ভব হবে।

সমকাল: রাজনৈতিক দলগুলো নির্বাচনী রায় মেনে নিতে প্রস্তুত কিনা?

কাজী মারুফুল ইসলাম : এটা একটা বড় সংকট। নির্বাচনের যে দুটি প্রতিদ্বন্দ্বী দল, তাদের দুই পক্ষের দুই ধরনের প্রতিক্রিয়া হতে পারে। ফলাফল পক্ষে না গেলে জাতীয়তাবাদী দল বা বিএনপির প্রতিক্রিয়ার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া একই রকম হবে না।

সমকাল : আইনশৃঙ্খলার বাইরে প্রশাসনের একটা প্রভাব থাকে। এটা কতটা নিরপেক্ষ ভূমিকা রাখবে?

কাজী মারুফুল ইসলাম : নিয়ম অনুযায়ী প্রতি ভোটকেন্দ্রে আমাদের ফলাফল ঘোষণা করতে হবে। এখানে পোলিং অফিসার আছেন, পোলিং এজেন্ট আছেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আছেন এবং অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার আছেন। নির্বাচনী ফল ইউএনও কিংবা ডিসি অফিসে যাওয়ার পরে একেবারে উল্টে দেওয়া হবে– এমন কিছু করা এই মুহূর্তে খুব মুশকিল। তবে দু-এক জায়গায় এ ধরনের ঘটনা ঘটতে পারে। এতে পুরো পরিস্থিতি বা ফলাফল বদলে যাবে, তেমন আশঙ্কা করা বোধ হয় ঠিক হবে না। কারণ বর্তমানের প্রশাসন যেভাবে প্রস্তুতি নিয়েছে এবং যে পরিস্থিতির মুখে আমরা দাঁড়িয়েছি, তাতে এত বড় দৃশ্যপট বদলে দেওয়ার সুযোগ নেই। কারণ এ ধরনের ঘটনা ঘটলে স্থানীয় পর্যায়ে যেসব ব্যাপক মাত্রায় সংঘাত ও ভাঙচুরের আশঙ্কা রয়েছে, সেগুলো সামলানোর মতো সক্ষমতা স্থানীয় প্রশাসনের নেই। ফলে এই ঝুঁকি স্থানীয় প্রশাসন নিতে চাইবে না। তা ছাড়া কেন্দ্র থেকেও এমন কোনো ঘটনার জন্য নির্দেশনা দেওয়া হবে বলে আমার মনে হয় না। বরং প্রশাসন দৃশ্যত যে শক্ত অবস্থানের কথা বলছে, সেটিই প্রকৃত অবস্থা বলে মনে করি।

সমকাল : কেন মুশকিল হবে মনে করছেন?

কাজী মারুফুল ইসলাম: দুটো কারণে মুশকিল হবে। প্রথমত, প্রশাসন একটা দোদুল্যমান অবস্থায় রয়েছে। এমন কোনো নিশ্চয়তা নেই যে অমুক বা তমুক তাদের সুরক্ষার নিশ্চয়তা দেবে। তারা কি ‘ক’-এর দিকে হেলে গেলে সুরক্ষা পাবে, নাকি ‘খ’-এর দিকে হেলে গেলে সুরক্ষা পাবে? এই মানসিক দোদুল্যমানতা তাদের মধ্যে রয়েছে। প্রতিদ্বন্দ্বিতা এখন প্রায় সমানে সমান চলে এসেছে। এ ধরনের পরিস্থিতিতে প্রশাসন কোনো এক দিকে ঝুঁকে পড়বে বলে আমার মনে হয় না। বরং যা বাস্তবে ঘটেছে, তার ওপর তারা ছেড়ে দেবে।

সমকাল: তাহলে আমরা এবার একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন পেতে যাচ্ছি?

কাজী মারুফুল ইসলাম : আমি তাই মনে করি। কারণ এ সরকার এককভাবে কোনো দলের প্রতি পক্ষপাতদুষ্ট হয়ে নির্বাচনে প্রভাব বিস্তার করবে না। তারা কোনো একক দলীয় স্বার্থ দ্বারা প্রভাবিত নয় কিংবা কোনো বিশেষ দলের আদর্শ সমর্থন করছে, সে রকম কিছু ঘটছে না। সুতরাং বিশেষ কোনো দলকে সুবিধা দেব, বিশেষ কোনো দলকে দেব না– এমন কোনো পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি না। তা ছাড়া আমাদের সিনিয়র আমলাদের মধ্যে যারা রয়েছেন, সেখানেও একক কোনো দলের একচেটিয়া আধিপত্য রয়েছে, এমন কিছু বলা যায় না। বিশেষ কেউ কোনো দলের পক্ষে অবস্থান নিলে তা প্রতিবাদ কিংবা উন্মোচন করার একাধিক উৎস ও শক্তি হাজির রয়েছে। এ কারণে আমার মনে হয়, এবারের নির্বাচনে তেমন কোনো সহিংসতা ঘটছে না। একইভাবে নির্বাচনের রায় ষড়যন্ত্র বা শক্তি প্রয়োগ করে বদলে দেবে, এমন আশঙ্কাও দেখছি না।

সমকাল : আপনাকে অনেক ধন্যবাদ।

কাজী মারুফুল ইসলাম : সমকালকেও ধন্যবাদ।