ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠার মধ্য দিয়ে হাদির সাংস্কৃতিক ও রাজনৈতিক লড়াই হয়ে উঠেছিল সাধারণের পক্ষের এক উচ্চকিত কণ্ঠস্বর। ঝালকাঠির মাদরাসা ছাত্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের আঙ্গিনা, এরপর ৫ আগস্ট-পরবর্তী প্রতিবাদী সত্তা পেরিয়ে ইনকিলাব কালচারাল সেন্টারের মাধ্যমে তাঁর যে ধীরস্থির, বুদ্ধিবৃত্তিক ও মধ্যপন্থী উত্তরণ, তা ক্রমাগত অলিগার্কির ‘সপ্তভূজ লৌহ কাঠামো’কে প্রশ্নবিদ্ধ করছিল। কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী এটা মেনে নিতে পারেনি; তাই হাদির মধ্যপন্থী সম্ভাবনাকে হত্যা করেই তারা থামেনি, এখন উল্টো তাঁর মৃত্যুকে ফায়দা হিসেবে ব্যবহার করে চালিয়ে যাচ্ছে এক পরিকল্পিত ‘ধীরলয়ের অরাজকতা’।

চরম নির্মম পরিহাস হলো, ২০১৩ সালে শাহবাগ যে মব-জাস্টিস সংস্কৃতিকে বৈধতা দিয়েছিল, আজ সেই ফ্রাঙ্কেনস্টাইনই হাদির মৃত্যুকে উপলক্ষ বানিয়ে খোদ শাহবাগের সাংস্কৃতিক ও মিডিয়া মিত্রদের (প্রথম আলো-ডেইলি স্টার, ছায়ানট, উদীচী) গ্রাস করতে উদ্যত হয়েছে। ভালুকায় দিপু চন্দ্রের লাশে আগুন থেকে শুরু করে এসব হামলা কোনো বিচ্ছিন্ন ক্ষোভ নয়; বরং এটি ডিপস্টেটের এমন এক প্রদর্শনী, যেখানে হাদির লাশ কেবল অজুহাত মাত্র। প্রকৃত লক্ষ্য হলো, মিডিয়া, সংস্কৃতি, বাউল, মাজার, ভিন্নমত ও সংখ্যালঘুর ওপর সমন্বিত আঘাত হেনে রাষ্ট্রকে দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতার গহ্বরে ঠেলে দেওয়া। জীবনের নতুন মানদ-: একটি জাতির ইতিহাস তৈরি হয় তার মানুষের স্বপ্ন, সাহস এবং আত্মত্যাগের মধ্য দিয়ে। প্রতিটি যুগেই এমন কিছু মানুষ আসেন, যাঁরা শুধু নিজেদের সময়ের চাহিদা মেটানোর জন্য জন্ম নেন না; তাঁরা আসেন একটি প্রজন্মকে জাগিয়ে তুলতে, চেতনার স্ফুলিঙ্গ জ্বালাতে এবং প্রচলিত ধারণার বিপরীতে দাঁড়িয়ে সত্যকে উচ্চকিত করতে। শহিদ ওসমান হাদি ছিলেন এমনই এক তরুণ। মাত্র ৩২ বছরের জীবনে তিনি যে ইমপ্যাক্ট তৈরি করেছেন, তা অনেক প্রতিষ্ঠিত এবং দীর্ঘ জীবনযাপনকারী মানুষের চেয়েও বেশি। হাদির জীবন এবং আকস্মিক মৃত্যু আমাদের সামনে কিছু মৌলিক প্রশ্ন দাঁড় করিয়েছে: জীবনের সাফল্যের মাপকাঠি কী? প্রাতিষ্ঠানিক সাফল্য, নাকি সামাজিক প্রভাব? একজন মানুষের মৃত্যু কি তার আন্দোলন, চিন্তা এবং স্বপ্নেরও মৃত্যু?

উন্নয়ন অর্থনীতির একটি প্রতিষ্ঠিত তত্ত্ব হলো অর্থনীতিবিদ গ্যারি বেকার (১৯৬৪) এবং থিওডোর শুলজ (১৯৬১)-এর ‘হিউম্যান ক্যাপিটাল থিওরি’। এই তত্ত্ব অনুসারে, প্রাতিষ্ঠানিক শিক্ষাই একজন ব্যক্তির উৎপাদনশীলতা এবং আর্থিক সমৃদ্ধির মূল চাবিকাঠি। কিন্তু এ তত্ত্বের সমালোচকরা, বিশেষত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (১৯৯৯) এবং মার্থা নুসবাউম (২০১১) যুক্তি দেখান যে, মানুষের মূল্য শুধু তার অর্থনৈতিক উৎপাদন বা অবদান দিয়ে পরিমাপ করা যায় না; বরং তার সক্ষমতা এবং সামাজিক প্রভাব দিয়েও তা পরিমাপ করা উচিত।

ওসমান হাদি এই সক্ষমতা-ভিত্তিক দৃষ্টিভঙ্গির এক জীবন্ত উদাহরণ। হাদি বড় কোনও রাজনীতিবিদ ছিলেন না, তার কোনো পিএইচডি ডিগ্রি ছিল না, বিদেশি পোস্টডক্টরেট ছিল না, তেমন কোনো অর্থ-সম্পদের মালিকও ছিল না। কিন্তু এসব না থাকার পরেও তাঁর ছিল যুগের সবচেয়ে মূল্যবান সম্পদ; একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি, একটি বলিষ্ঠ কণ্ঠস্বর এবং অদম্য সাহস। হাদি শুধু একজন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাক্টিভিস্ট ছিলেন না; তিনি ছিলেন একজন সাংস্কৃতিক যোদ্ধা, যিনি তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখাতেন, তাদের ভেতরে বিদ্রোহী চেতনা জাগিয়ে তুলতেন এবং রাষ্ট্রীয় নিপীড়ন ও আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখাতেন।

রাজনৈতিক অর্থনীতিবিদ জেমস স্কট (১৯৯০) তাঁর বিখ্যাত গ্রন্থ ‘ডমিনেশন অ্যান্ড দ্য আর্টস অব রেজিস্ট্যান্স’-এ দেখিয়েছেন যে, নিপীড়িত সমাজে সব সময় একটি ‘হিডেন ট্রান্সক্রিপ্ট’ কাজ করে, যা ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রতিরোধের ভাষা তৈরি করে। ওসমান হাদি সেই হিডেন ট্রান্সক্রিপ্টকে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন। তাঁর ভাষা ছিল তীক্ষè, প্রতিবাদী এবং সময়োপযোগী। ইনকিলাব কালচারাল সেন্টার, ইনকিলাব মঞ্চ, ঢাকা-৮ আসনে প্রচারণা ও ডিজিটাল সংযোগের মাধ্যমে হাদি তরুণদের নোবেলজয়ী অর্থনীতিবিদ ও মনোবিজ্ঞানী কাহনেম্যানের (২০১১) আবেগি সিস্টেম-১ থেকে বের করে যুক্তিনির্ভর সিস্টেম-২-এর দীর্ঘমেয়াদী রাজনৈতিক সচেতনতায় যুক্ত করেছিলেন; যেখানে ব্যক্তিগত ক্যারিয়ারের চেয়ে সামষ্টিক পরিবর্তনই ছিল প্রধান।

জীবনের সংজ্ঞা এবং সাফল্যের পুনর্মূল্যায়ন: আমরা যে সমাজে বাস করি, সেখানে সফলতার একটি প্রচলিত ও সংকীর্ণ সংজ্ঞা রয়েছে: একটি ভালো চাকরি, উচ্চ বেতন, নিজের গাড়ি-বাড়ি এবং একটি স্থিতিশীল জীবন। দার্শনিক অ্যালান ডি বোটন (২০০৯) তাঁর ‘স্ট্যাটাস অ্যানজাইটি’ গ্রন্থে দেখিয়েছেন, আধুনিক পুঁজিবাদী সমাজ মানুষকে এক নিরন্তর প্রতিযোগিতার দৌড়ে ঠেলে দেয়, যেখানে সামাজিক মর্যাদা বা স্ট্যাটাস এবং বস্তুগত সম্পদই হয়ে ওঠে জীবনের একমাত্র লক্ষ্য।

কিন্তু ওসমান হাদি নিজেকে সংজ্ঞায়িত করেছেন এই প্রচলিত ছকের বাইরে গিয়ে। তাঁর কাছে সফলতা ছিল সমাজে একটি ইতিবাচক প্রভাব ফেলা, একটি মুক্তি ও আপনতার আন্দোলন গড়ে তোলা এবং মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়া। দার্শনিক আন্তোনিও গ্রামশি (১৯৭১) যাকে ‘অর্গানিক ইন্টেলেকচুয়াল’ বলেছেন; যিনি প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে জনগণের সঙ্গে মিশে তাদের জন্য লড়াই করেন, হাদি ছিলেন সেই ঘরানারই এক তরুণ।

হাদি বলতেন, ইমপ্যাক্টই হলো সাফল্যের প্রকৃত মানদ-। একজন মানুষ হয়তো ৫০ বছর বেঁচে থাকবেন, কিন্তু যদি তাঁর জীবন কোনো ইতিবাচক পরিবর্তন না আনতে পারে, তবে সেই জীবন নীরব ও অর্থহীন। অন্যদিকে, একজন তরুণ ৩২ বছরেই যদি একটি প্রজন্মকে জাগিয়ে তুলতে পারেন, তবে সেই জীবন অমর হয়ে যায়। জার্মান দার্শনিক মার্টিন হাইডেগার (১৯২৭) বলেছিলেন, ‘বিইং-টুওয়ার্ড-ডেথ’ অর্থাৎ মৃত্যুর প্রতি সচেতন থেকেই মানুষ তার প্রকৃত জীবনের অর্থ খুঁজে পায়। ওসমান হাদি যেন এই দর্শনেরই এক জীবন্ত প্রকাশ। তিনি জানতেন তাঁর পথ নিরাপদ নয়, কিন্তু তিনি ভয় পাননি।

টপ-ডাউন পদ্ধতির সমাধান কেন অসম্ভব? টপ-ডাউন পদ্ধতিতে সমস্যার সমাধান তাত্ত্বিকভাবে সহজ মনে হলেও, বাংলাদেশের প্রেক্ষাপটে তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। ২০২৫ সালের ডিসেম্বরে ওসমান হাদির ওপর হামলা এবং হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়ার মিডিয়াভিত্তিক তথ্য এর সবচেয়ে নির্মম প্রমাণ। হাদি ছিলেন একজন তরুণ, মেধাবী ও সাহসী নির্বাচনী প্রার্থী, যিনি অলিগার্কিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে চেয়েছিলেন। কিন্তু যখন তাঁর ওপর হামলা হয় এবং দুই হামলাকারী (ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ) সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে ঢাকা থেকে ময়মনসিংহের সীমানা অতিক্রম করে ভারতে চলে যায়, তখন পরিষ্কার হয়ে যায় যে, সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রতিশ্রুতি আসলে অন্তঃসারশূন্য। এটি শুধু একটি অপরাধ নয়, এটি একটি সংগঠিত ব্যবস্থা; যেখানে রাজনীতি, আমলাতন্ত্র, ব্যবসায়ী, সাংবিধানিক প্রতিষ্টানসমূহ, ধর্ম ও অন্যান্য অনানুষ্ঠানিক নেটওয়ার্ক, মিডিয়া এবং আন্তর্জাতিক স্বার্থ সবাই মিলে একটি সপ্তভূজ লৌহ কাঠামো তৈরি করেছে, যার মাধ্যমে খুনিরা নির্বিঘেœ পালিয়ে যেতে পারে।

সপ্তভূজ লৌহ কাঠামোর প্রতিটি অংশ একে অপরকে রক্ষা করে। ঢাকায় যখন হামলা হয়, তখন স্থানীয় নেটওয়ার্ক ছিল সমন্বিত বা ‘সিঙ্ক্রোনাইজড’ (মোটরসাইকেল, পরিকল্পিত রুট, সময়মতো পলায়ন)। সীমান্তে পৌঁছালে মানব পাচারকারী ও স্থানীয় সহযোগীরা অপেক্ষা করছিল। আন্তর্জাতিক সীমানা ছিল অভ্যর্থনায় প্রস্তুত। হাদির জীবনের ওপর একাধিক হুমকি থাকার পরেও খুনিরা যখন দিনের পর দিন তাঁর সঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়েছে এবং হাদির ইনকিলাব মঞ্চের অফিসে বসে নির্বিঘেœ পরিকল্পনা করেছে, তখন গোয়েন্দা সংস্থার এই রহস্যজনক অজ্ঞতা প্রমাণ করে যে, রাষ্ট্রযন্ত্রের এই অন্ধত্ব আসলে অযোগ্যতা নয়, বরং অলিগার্কিক সুরক্ষা বলয়েরই সুচিন্তিত অংশ। সবচেয়ে বড় কথা, যখন নিরাপত্তা বাহিনী জানায় তারা অপরাধীদের চিহ্নিত করেছে, ততক্ষণে খুনিরা ভারতের নিরাপদ আশ্রয়ে। এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা, যা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী বা অলিগার্করা দীর্ঘদিন ধরে গড়ে তুলেছে। যখন একজন সৎ নেতা, একজন মেধাবী তরুণ বা একজন ন্যায়পরায়ণ রাজনীতিবিদ এই লৌহ কাঠামো ভাঙতে চান, তখন কী হয়? তাঁরা দেখেন, প্রতিটি দিকেই বাধা। আমলাতন্ত্র ধীর, ব্যবসায়ীরা অসহযোগী, মিডিয়া বার্তা ঘোলাটে করে এবং আন্তর্জাতিক মিত্ররা পুরনো ব্যবস্থাকেই সমর্থন দেয়। এর ফলে যা ঘটে, তাকে বলা হয় ‘অলিগার্কিক টেম্পোরাল ক্যাপচার’ বা স্বার্থান্বেষী গোষ্ঠীর সময় জিম্মিকরণ কৌশল। অর্থাৎ, অলিগার্করা সময় নিয়ন্ত্রণ করে; সিদ্ধান্ত নেওয়ার আগেই মুলতবি, বাস্তবায়নের আগেই বাধা এবং ফলাফলের আগেই পরাজয় নিশ্চিত করে। হাদির মৃত্যু এই অলিগার্কিক পক্ষাঘাতের চূড়ান্ত উদাহরণ; যেখানে একজন আশাবাদী তরুণ সিস্টেমের দীর্ঘস্থায়ী নিষ্ক্রিয়তা ও স্থবিরতার সামনে ধসে পড়ে।

তাই ওপর থেকে সংস্কার আসা অসম্ভব; এর কারণ সদিচ্ছার অভাব নয়, বরং পুরো ব্যবস্থাটিই এমনভাবে সাজানো হয়েছে, যা কেবল এলিট বা অভিজাতদের স্বার্থ রক্ষা করে। বাংলাদেশের মুক্তি তাই শুধুমাত্র নিচ থেকে বা ‘বটম-আপ’ পদ্ধতিতে শুরু হতে পারে; যেখানে সাধারণ মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সরাসরি তথ্য আদান-প্রদানের মাধ্যমে এই অলিগার্কিক নেটওয়ার্ককে প্রতিরোধ করবে। যখন গ্রামের কৃষক, শহরের রিকশাচালক এবং শ্রমিকরা রিয়েল-টাইমে দেখতে পাবেন কে কোথায় পালাচ্ছে, কে কাকে রক্ষা করছে, কার স্বার্থ কী; তখন সেই তথ্যের চাপ অলিগার্কদের নিজস্ব নেটওয়ার্কে আটকে ফেলবে। এভাবেই সত্যিকারের পরিবর্তন আসবেÑ ওপর থেকে নয়, নিচ থেকে।

শাহবাগ থেকে হাদি উগ্রপন্থার প্রাতিষ্ঠানিকীকরণ এবং মধ্যপন্থার কাঠামোগত মৃত্যু: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের বীজ রোপিত হয়েছিল ২০১৩ সালের শাহবাগে। এটি কেবল সাংস্কৃতিক মুহূর্ত ছিল না; ছিল রাজনৈতিক অর্থনীতির কাঠামোগত বিচ্ছেদ। শাহবাগের বড় আঘাতটি ছিল আইনের শাসনের ওপর। ভূতাপেক্ষ কার্যকারিতা দিয়ে আইন সংশোধন করে শাহবাগ প্রমাণ করে, সংবিধান বা আদালতের রায়ের চেয়ে জনরোষ শক্তিশালী। এটি রাষ্ট্রে এক বিচারিক পপুলিজমের জন্ম দেয়, যেখানে স্ট্রিট জাস্টিসই চূড়ান্ত রায়।

এই প্রক্রিয়ায় কার্ল স্মিটের (১৯২৭) ‘ফ্রেন্ড-এনিমি ডিস্টিংশন’ তত্ত্বের প্রয়োগ ঘটে। শাহবাগ সমাজকে চরম বাইনারিতে ভাগ করে, ‘হয় শাহবাগের পক্ষে, নয়তো দেশদ্রোহী’। এই বয়ান ভিন্নমতকে প্রত্যাখ্যানসহ প্রতিপক্ষকে অমানবিকীকরণ করার বৈধতা দেয়। পরবর্তী সময়ে গুম, বিচারবহির্ভূত হত্যা বা সাম্প্রতিক মব-হামলার নৈতিক অনুমোদন শাহবাগেই তৈরি। হাদিও এই কাঠামোর শিকার; ভিন্নমতের কারণেই তাকে শত্রু জ্ঞান করে হত্যা করা হয়েছে।

তাত্ত্বিকভাবে সিভিল সোসাইটি ক্ষমতার অপব্যবহার রোধ করার কথা থাকলেও শাহবাগে গ্রামশীয় ‘হেজিমনি’ দেখা যায়। রাষ্ট্র ও সিভিল সোসাইটি মিলে ‘স্টেট-মব নেক্সাস’ তৈরি করে। সরকার শাহবাগকে ক্ষমতার খুঁটি হিসেবে ব্যবহার করে এবং বিনিময়ে অলিগার্কিকে দায়মুক্তি দেয়। মূলধারার মিডিয়া ও বুদ্ধিজীবীরা শাপলা চত্বরসহ পরবর্তীতে সংগঠিত দুই শতাধিক হত্যাকা-কে ধর্মপন্থীদের তা-ব হিসেবে চালিয়ে রাষ্ট্রীয় ফ্যাসিবাদের সাংস্কৃতিক ঢাল হয়েছে। এই বুদ্ধিবৃত্তিক অসততাই ভিন্নমতকে ‘জঙ্গি’ ট্যাগ দিয়ে হাসিনাকে ‘বিকল্পহীন’ হিসেবে প্রতিষ্ঠা করে ফ্যাসিবাদের বৈধতা জুগিয়েছে।

এসেমগলু ও রবিনসন (২০১২) মতে, নিষ্কাশনমূলক প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে বিশ্বাসযোগ্য হুমকি প্রয়োজন। শাহবাগ আওয়ামী লীগকে সেই ‘জঙ্গি জুজুবুড়ি’ উপহার দিয়েছিল। শাহবাগ ছিল এমন এক রাজনৈতিক ল্যাবরেটরি, যেখানে বিচারব্যবস্থাকে পাশ কাটিয়ে জনরোষকে ক্ষমতার হাতিয়ার করার পরীক্ষা হয়। আজকের অসহিষ্ণুতা ও হাদির মৃত্যু সেই ল্যাবরেটরিরই সফল উৎপাদন। হাদির রাজনৈতিক পরিপক্বতা বা মধ্যপন্থাকে সম্মান জানাতে হলে মবোক্রেসির বদলে এলিনর অস্ট্রোমের (২০০৯) ‘গভার্নিং দ্য কমন্স’ দর্শন মেনে সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক শক্তির পথে হাঁটতে হবে। হাদির রক্ত যেন প্রতিহিংসা নয়, বরং তাঁর স্বপ্নের মধ্যপন্থী ও বুদ্ধিবৃত্তিক বাংলাদেশ গড়ার সংকল্প তৈরি করে।

লেখক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা, অর্থনীতির শিক্ষক ও গবেষক ই-মেইল: hhafij@yahoo.com