৮ মার্চ এলেই বিশ্বজুড়ে পালিত হয় International Women’s Day। দিবসটি শুধু একটি উদযাপনের দিন নয়; বরং এটি আমাদের সমাজকে নতুন করে ভাবতে বাধ্য করে- নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের প্রশ্নে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আন্তর্জাতিকভাবে এবারের প্রতিপাদ্য “For ALL Women and Girls: Rights. Equality. Empowerment.” অর্থাৎ সব নারী ও কন্যার জন্য অধিকার, সমতা এবং ক্ষমতায়ন নিশ্চিত করা। এই প্রতিপাদ্য আমাদের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতার দিকে দৃষ্টি ফেরাতে বলে। কারণ নারী উন্নয়ন বা ক্ষমতায়নের আলোচনা যতটা উচ্চারিত হয়, নারীর প্রতিদিনের জীবনসংগ্রাম ততটা আলোচিত হয় না। বাস্তবে একজন নারী তার পরিবার, পেশা এবং সমাজ, এই তিনটি পরিসরের দায়িত্ব একসঙ্গে বহন করে এগিয়ে যান। এই বহুমাত্রিক দায়িত্বই নারীর জীবনকে অন্য যেকোনো সামাজিক ভূমিকার চেয়ে অনেক বেশি জটিল করে তোলে।
বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর অগ্রগতি গত কয়েক দশকে দৃশ্যমানভাবে বেড়েছে। শিক্ষাক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে, কর্মক্ষেত্রে নারীর উপস্থিতি বেড়েছে, উদ্যোক্তা হিসেবেও অনেক নারী নতুন সম্ভাবনার দ্বার খুলছেন। প্রশাসন, চিকিৎসা, প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, গণমাধ্যম কিংবা সৃজনশীল অঙ্গন, প্রতিটি ক্ষেত্রেই নারীরা নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছেন। কিন্তু এই দৃশ্যমান অগ্রগতির পেছনে যে অসংখ্য অদৃশ্য সংগ্রামের গল্প রয়েছে, তা প্রায়ই আলোচনার বাইরে থেকে যায়।
নারীর জীবনের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো, তার কাজের বড় একটি অংশ এখনও “অদৃশ্য শ্রম” হিসেবে থেকে যায়। বিশেষ করে গ্রামীণ বাংলাদেশের নারীদের দিকে তাকালে এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। ভোরবেলা ঘুম থেকে উঠে পরিবারের জন্য রান্না করা, সন্তানদের দেখাশোনা, গৃহস্থালি কাজ, পশুপালন কিংবা কৃষিকাজে সহায়তা, সব মিলিয়ে একজন গ্রামীণ নারী প্রতিদিন অসংখ্য কাজ করে থাকেন। কিন্তু এই কাজগুলোর অধিকাংশই অর্থনৈতিক পরিসংখ্যান কিংবা সামাজিক স্বীকৃতির আলোচনায় স্থান পায় না। এই অদৃশ্য শ্রমের মধ্যেই লুকিয়ে থাকে নারীর অবদান, যা একটি পরিবার ও সমাজকে টিকিয়ে রাখার অন্যতম ভিত্তি।
অন্যদিকে শহুরে কর্মজীবী নারীদের জীবনও খুব আলাদা নয়। একজন নারী অফিসে দায়িত্ব পালন করেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেন, প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখেন। কিন্তু কর্মদিবস শেষ হওয়ার পরেও তার দায়িত্ব শেষ হয় না। ঘরে ফিরে আবার তাকে পরিবারের নানা দায়িত্ব পালন করতে হয়। সন্তানের পড়াশোনা দেখা, পরিবারের সদস্যদের দেখাশোনা কিংবা গৃহস্থালি ব্যবস্থাপনার কাজও একইভাবে ঘরে যেতে হয়।
এই বাস্তবতা আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়, মনে প্রশ্ন জাগে ‘আমরা কি সত্যিই দায়িত্বের ন্যায্য বণ্টনে বিশ্বাস করি? অনেক ক্ষেত্রেই দেখা যায়, পরিবারের দায়িত্বকে এখনও নারীর স্বাভাবিক দায়িত্ব হিসেবে ধরে নেওয়া হয়। ফলে কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করার পাশাপাশি একজন নারীকে ঘর সামলানোর দায়িত্বও পালন করতে হয়। এর ফলে অনেক নারীকে প্রায়ই দ্বৈত কিংবা ত্রিমুখী দায়িত্বের ভার বহন করতে হয়।
নারীর সংগ্রামের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক মানসিকতা। যদিও সময়ের সঙ্গে সঙ্গে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে, তবুও সমাজের বিভিন্ন স্তরে এখনও এমন কিছু ধারণা রয়ে গেছে যেখানে নারীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয় কিংবা তার স্বাধীন সিদ্ধান্তকে সন্দেহের চোখে দেখা হয়। এই মানসিক বাধাগুলো অনেক সময় দৃশ্যমান বাধার চেয়েও বেশি কঠিন হয়ে ওঠে। কারণ এগুলো নারীর আত্মবিশ্বাসকে প্রভাবিত করে এবং তার পথচলাকে আরও কঠিন করে তোলে।
তবুও বাস্তবতা হলো—নারীরা থেমে থাকেননি। বরং নানা প্রতিকূলতার মাঝেও তারা নিজেদের পথ তৈরি করে চলেছেন। বাংলাদেশে আজ অনেক নারী উদ্যোক্তা নতুন ব্যবসা প্রতিষ্ঠা করছেন, কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন। অনেক নারী শিক্ষক নতুন প্রজন্মকে গড়ে তুলছেন। অনেক নারী চিকিৎসক, প্রকৌশলী কিংবা প্রশাসনিক কর্মকর্তা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এই পরিবর্তনগুলো শুধু নারীর ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; এটি সমাজের সামগ্রিক অগ্রগতিরও একটি গুরুত্বপূর্ণ সূচক। কারণ নারীর অংশগ্রহণ ছাড়া কোনো সমাজের পূর্ণাঙ্গ উন্নয়ন সম্ভব নয়।তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি যে নারীর অগ্রগতি কেবল নারীর একার দায়িত্ব নয়। এটি একটি সামাজিক দায়িত্ব। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং রাষ্ট্র, সবাইকে এই পরিবর্তনের অংশ হতে হবে। পরিবার থেকেই যদি সমতার চর্চা শুরু হয়, তাহলে সমাজে তার ইতিবাচক প্রভাব পড়বে। সন্তান যখন দেখে যে পরিবারের দায়িত্ব নারী ও পুরুষ উভয়েই ভাগ করে নিচ্ছেন, তখন তার মধ্যেও একটি সমতাভিত্তিক মানসিকতা গড়ে ওঠে। একইভাবে কর্মক্ষেত্রেও নারীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ কর্মপরিবেশ, সমান সুযোগ, ন্যায্য মূল্যায়ন এবং সম্মানজনক আচরণ, এই বিষয়গুলো নিশ্চিত করা হলে নারীর সম্ভাবনা আরও বিস্তৃতভাবে বিকশিত হতে পারে।
নারী দিবস তাই শুধু একটি আনুষ্ঠানিক উদযাপনের দিন নয়; এটি আমাদের সমাজকে নতুন করে আত্মসমালোচনার সুযোগ করে দেয়। আমরা যদি সত্যিকার অর্থে একটি মানবিক ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই, তাহলে নারীর সংগ্রামকে স্বীকৃতি দেওয়া এবং তার পথচলাকে সহজ করা আমাদের সবার দায়িত্ব।
সবশেষে একটি বিষয় স্পষ্টভাবে বলা যায়, নারীর স্বপ্ন খুব জটিল কিছু নয়। তিনি চান সম্মান, নিরাপত্তা এবং একটি সহযোগিতামূলক পরিবেশ। তিনি চান তার পরিশ্রমের স্বীকৃতি, তার সিদ্ধান্তের প্রতি আস্থা এবং তার মানবিক মর্যাদার নিশ্চয়তা।
নারীরা আজ নানা প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাচ্ছেন, নিজের অবস্থান তৈরি করছেন। কিন্তু সেই পথচলা যদি আমরা একটু সহজ করে দিতে পারি, তাহলে আগামী প্রজন্মের নারীরা হয়তো আরও স্বাধীন ও মর্যাদাপূর্ণ সমাজে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবে।
নারী দিবসের তাৎপর্য এখানেই—এটি শুধু উদযাপনের দিন নয়; বরং একটি ন্যায্য, মানবিক এবং সমতাভিত্তিক সমাজ নির্মাণের অঙ্গীকার নতুন করে স্মরণ করার দিন। কারণ একজন নারী যখন এগিয়ে যান, তখন তিনি একা এগিয়ে যান না। তার সঙ্গে এগিয়ে যায় একটি পরিবার, একটি প্রজন্ম এবং একটি দেশও।
লেখক:
সাবিনা ইয়াসমীন, উদ্যোক্তা, সম্পাদক রোদসী।
