জামায়াতের নেতৃত্বাধীন জোটে তিনটি ‘ইসলামী’ তকমাবিহীন দলের যোগদানের ঘটনা বড় আলোড়ন তুলেছিল। আটদলীয় জোট ১১ দলীয় জোটে রূপান্তরের চাইতে এ ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ছিল জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের একাংশের দল এনসিপি যোগদান করায়। তবে এতে জোটে আসন সমঝোতার বিষয়টি নতুন করে জটিলতায় পড়ে মনোনয়ন চূড়ান্ত হওয়ার মুহূর্তে। দৃশ্যত এ জটিলতায় পড়েই জামায়াত জোট থেকে বেরিয়ে গেল চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
১১ দলীয় জোট থেকে কেবল ইসলামী আন্দোলনই বেরিয়ে গেছে। তা সত্ত্বেও বিষয়টি আলোচিত হওয়ার কারণ, তারা ছিল এই জোটের দ্বিতীয় বৃহৎ দল। সারাদেশেই দলটির নেটওয়ার্ক আছে বলে দাবি করা হয়। জাতীয় সংসদের প্রতিটি আসনে তাদের ৫ থেকে ২০ হাজার ভোট আছে বলেও ধারণা। বিগত শাসনামলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েও ইসলামী আন্দোলন ‘চমক’ দেখাচ্ছিল। গণঅভ্যুত্থানের পর তারা জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ায় স্বভাবতই ঘটনাটি আলোচনায় আসে। সে কারণেই আবার তাদের প্রস্থানের পর ১০টি দল থাকলেও মনে করা হচ্ছে, জোটটি বড় ধাক্কা খেল। গণঅভ্যুত্থান-পরবর্তী পরিসরে ‘পিআর’ চালুসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করতে করতে জামায়াতের নেতৃত্বে আটদলীয় জোট গড়ে উঠেছিল। বলা হচ্ছিল, ইসলামপন্থিদের ভোট এবার ‘এক বাক্সে’ যাবে। অবশ্য প্রশ্ন ছিল– এমনকি আকিদা প্রশ্নে মতপার্থক্য পুষে রেখে এক মঞ্চে আসা দলগুলো শেষতক একত্রে থাকতে পারবে কিনা। জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার সময় ইসলামী আন্দোলন কিন্তু বিশেষত জামায়াতের সঙ্গে নীতিগত মতপার্থক্যের কথা তুলে ধরেছে। শরিয়াহ আইন চালুর প্রশ্নে জামায়াতের অনিচ্ছা কিংবা দৃঢ়তার অভাবের কথা তারা বলেছে। নির্বাচনের পর বিএনপির সঙ্গে ‘জাতীয় সরকার’ গঠনে জামায়াত আমিরের আগ্রহ প্রকাশেও তাদের আপত্তি।
ইসলামী আন্দোলন বাদেও যেসব ‘ইসলামপন্থি’ দল জোটে রয়ে গেছে; উল্লিখিত প্রশ্নে তাদের আপত্তি কিংবা অনাপত্তির কথা অবশ্য জানা যায়নি। তবে ইসলামী আন্দোলন জোট ছেড়ে যাওয়ায় তাদের জন্য বরাদ্দ আসনগুলো থেকে পছন্দসই কিছু আসন পাওয়ার ব্যাপারে কারোরই কম আগ্রহ পরিলক্ষিত হচ্ছে না। জোটে নবাগত এনসিপি ৩০টি আসন পেয়ে মোটামুটি সন্তুষ্ট থাকলেও তারা এখন আরও ১০ আসন চায়। অপর দল এবি পার্টিও আসন বাড়াতে উদগ্রীব। তাদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধার নেতৃত্বাধীন দল এলডিপিও জোটে এসে ভিড়েছিল। বাড়তি আসন লাভে তাদের বেশি উৎসাহ অবশ্য পরিলক্ষিত হচ্ছে না। তবে ২০টির পর আরও পাঁচ আসন চায় মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস। ‘খেলাফত’ নামযুক্ত আরও দুটি দল জোটে রয়েছে।
বলা হচ্ছে, এনসিপিসহ নতুন তিন দল জোটে যুক্ত হওয়ায় সংকট সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে জামায়াতের জন্য। এর আগ পর্যন্ত কিছু মতাদর্শগত ভিন্নতার মধ্যেও নির্বাচন অবধি একসঙ্গে থাকার ব্যাপারে নাকি তারা বোঝাপড়া করে নিয়েছিলেন। এনসিপিও তখন বিএনপির সঙ্গে আসন সমঝোতার চেষ্টা করে যাচ্ছিল। এর আগে কোনো কোনো ইস্যুতে জামায়াতের সঙ্গে তীব্র বাদানুবাদেও জড়ায় দলটি। তারপর এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে জোটবদ্ধ হলে এমন কথাও রটে– এনসিপি আর জামায়াত জোটে যাচ্ছে না। কিন্তু পরিস্থিতি পেকে ওঠার সঙ্গে সঙ্গে তারা জামায়াতের সঙ্গেই গিয়ে ভিড়েছে। এতে দলের উদারপন্থিরা বেরিয়ে গেলেও তারা ভ্রুক্ষেপ করেননি। জামায়াত থেকে ‘মতাদর্শগত বিরোধ’ থেকে একদা বেরিয়ে আসা এবি পার্টিও তাকে অনুসরণ করে। জামায়াত তাদের স্বাগত জানায়। নতুন করে আসন বণ্টনেও নেতৃত্ব দেয়। কিন্তু এ প্রক্রিয়ায় তারা মন রক্ষা করতে পারেননি ইসলামী আন্দোলনের। এ ক্ষেত্রে পছন্দমতো আসন না পাওয়া, নাকি এনসিপির চাইতে কম গুরুত্ব পাওয়া দলটিকে বেশি আহত করেছে, সে আলোচনাও থেমে নেই।
ইসলামী আন্দোলনের পরীক্ষিত জনসমর্থন রয়েছে সারাদেশে। তাদের সবচেয়ে শক্তিশালী অবস্থান বরিশাল বিভাগে। সেখানে দলটিকে উল্লেখযোগ্য সংখ্যক আসন ছেড়েও দেওয়া হয়েছিল। তবে তাদের দাবি ছিল এনসিপির দ্বিগুণ আসন। পরে ৫০ আসনে হওয়া সমঝোতাও ভেঙে যায়। ‘কৌশলগত’ কিছু আসনে জোটের একক প্রার্থী রাখতে না চাওয়ার ব্যাপারে জামায়াতের অবস্থানও নাকি সংকট বাড়িয়েছে। কথা ছিল, ভোটের বিবেচনায় অন্তত ইসলামী আন্দোলন দ্বিতীয় গুরুত্ব পাবে। কিন্তু এনসিপি জোটে আসার পর সর্বক্ষেত্রে সেই অবস্থান হারিয়ে ফেলে ইসলামী আন্দোলন। শেষে নীতিগত প্রশ্নে জামায়াতের ঘোষিত অবস্থানও বোধ করি সম্পর্কে চিড় ধরায়।
জামায়াত জোট ভেঙে যাওয়ায় ইসলামপন্থি ভোট আর ‘এক বাক্সে’ যাওয়ার সুযোগ নেই। বিএনপি জোটেও একাধিক ইসলামপন্থি দল রাখা হয়েছে। সেটা এই ধারণা দিতে– বিএনপি মধ্যপন্থি হলেও আর হালে উদার পন্থার দিকে ঝুঁকলেও ইসলামী মূল্যবোধের বিরোধী শক্তি নয়। তবে মনে করা হচ্ছে, জামায়াতে ইসলামীর ভোট উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দলটি নিজেকে জুলাই গণঅভ্যুত্থানের প্রধান অংশীদার বলেও দাবি করছে। এনসিপিকে আগ্রহভরে জোটে নিয়ে এ দাবি হয়তো জোরদার করতে চেয়েছে দলটি। আর তাতে ইসলামী আন্দোলন জোট থেকে ছুটে গেলেও ক্ষতি নেই! তবে আসন্ন নির্বাচনে এর ফল জামায়াতকে হতাশ করতে পারে। কারণ এনসিপির প্রতি জনসমর্থন স্পষ্টতই ক্রমহ্রাসমান। ক্ষয়িষ্ণু ভাবমূর্তির কারণে বিএনপি তাদের খুব একটা কাছে টানতে চায়নি বলেও কথা চালু রয়েছে।
এখন ইসলামী আন্দোলনের রেখে যাওয়া আসনগুলো জোটসঙ্গীদের মধ্যে কীভাবে বণ্টিত হয়, সেটা দেখতে হবে। মনোনয়নপত্র প্রত্যাহার অবধি অবশ্য কোনো জোটেরই আসন সমঝোতার চিত্রটি স্পষ্ট হচ্ছে না। ভোটের আগের দিনেও প্রার্থীদের মধ্যে ‘রাজনৈতিক সমঝোতা’ হয়ে থাকে এবং এর প্রভাব পড়ে নির্বাচনে। ইসলামী আন্দোলনের সঙ্গে ভোটের মাঠে কি অন্য কারও ওই ধরনের সমঝোতা প্রতিষ্ঠিত হবে? ৩০-৩২ আসনে তাদের কোনো প্রার্থী নেই। এগুলোয় তারা কাউকে না কাউকে সমর্থন দেবেন। এর বাইরেও বিপুলসংখ্যক আসনে তারা রাজনৈতিক সমঝোতা করে ফায়দা নিতে চাইবেন। এ ক্ষেত্রে সবচাইতে বেশি ক্ষমতাপ্রত্যাশী বিএনপির দিকে কি হেলে পড়বেন তারা? কোথাও কোথাও জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হলেও অবাক হওয়া যাবে কি? জাতীয় পার্টি অবশ্য খণ্ডবিখণ্ড। স্বাভাবিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার পরিবেশ তারা পাচ্ছে না। প্রতিকূল পরিবেশে না থাকলে তারা ‘ভোটের খেলা’ বদলে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারত বলেও ধারণা।
জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার পর এ দুই পক্ষ ভোটের মাঠে তিক্ত বাদানুবাদে জড়ানোর আশঙ্কা রয়েছে। সেটা না ঘটলেও এতে বাড়তি সুবিধা পাবে বিএনপি ও তার মিত্ররা। গণঅভ্যুত্থান-পরবর্তী দেশে বিএনপির অবস্থান সবচাইতে শক্তিশালী বলেই ধারণা করা হচ্ছে। ইসলামী আন্দোলন পৃথকভাবে নির্বাচন করার ঘটনা তাদের মনের জোর আরও বাড়িয়ে দেবে।
হাসান মামুন: সাংবাদিক, কলাম লেখক
