বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে একটি বিশেষ সংস্কৃতি জেঁকে বসেছে—তা হলো ‘বড় নেতার নাম ভাঙানো’। কোনো একজন প্রভাবশালী নেতা বা উচ্চপদস্থ কর্মকর্তার স্নেহভাজন হওয়ার সুযোগ নিয়ে একদল সুযোগ সন্ধানী কর্মী যখন নিজেদের স্বার্থ হাসিল করতে শুরু করে, তখন তার মাশুল দিতে হয় সাধারণ মানুষ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া সুস্থ রাজনীতিকে। এই অপসংস্কৃতি রাজনীতিকে কলুষিত করার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে।

রাজনীতি মূলত গণমানুষের সেবা এবং আদর্শের লড়াই। কিন্তু যখন কোনো নেতাকর্মী জনসেবার পরিবর্তে নেতার সাথে নিজের ঘনিষ্ঠতাকে ‘ব্র্যান্ড’ হিসেবে ব্যবহার করে টেন্ডারবাজি, দখলদারি বা প্রভাব বিস্তারে লিপ্ত হয়, তখন রাজনীতির মূল দর্শনই হারিয়ে যায়। এতে দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীরা কোণঠাসা হয়ে পড়েন এবং সুযোগসন্ধানীরা লাইমলাইটে চলে আসে। ফলে রাজনীতির ময়দান মেধাশূন্য হয়ে পড়ে এবং জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে।

সমাজ যখন দেখে যে যোগ্যতার চেয়ে নেতার সাথে ঘনিষ্ঠতা বা তার নাম ব্যবহার করাই বড় শক্তি, তখন সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হতাশা ও ক্ষোভ তৈরি হয়। প্রশাসন বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এই ‘নাম ভাঙানো’ নেতাকর্মীদের অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংকোচ বোধ করে, তখন আইনের শাসন মুখ থুবড়ে পড়ে। এর ফলে সাধারণ মানুষ বিচারহীনতার সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়ে, যা একটি সুস্থ সমাজের জন্য অশনিসংকেত।

আশ্চর্যের বিষয় হলো, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ওই নির্দিষ্ট বড় নেতা হয়তো জানেনই না যে তাঁর নাম ব্যবহার করে কী ধরনের অপকর্ম করা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত দায়ভার সেই নেতার কাঁধেই চাপে। জনমানসে ওই নেতার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয় এবং এক সময় দেখা যায় ওই চাটুকার ও স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণেই নেতার সারা জীবনের অর্জন ধূলিসাৎ হয়ে যায়। ইতিহাসে এমন অনেক নজির আছে যেখানে নেতার পাশে থাকা ‘অতি উৎসাহী’ কর্মীদের কারণেই বড় বড় রাজনৈতিক শক্তির পতন ঘটেছে।

স্বার্থ হাসিলের এই রাজনীতি উন্নয়ন প্রকল্পগুলোর গুণগত মান কমিয়ে দেয়। যখন নেতার প্রভাবে অযোগ্য লোকেরা কাজ পায় বা প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করে, তখন দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এটি এক প্রকার ‘সিস্টেমিক দুর্নীতি’ যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে অকেজো করে দেয়।

রাজনীতিতে এই শুদ্ধি অভিযান শুরু হওয়া এখন সময়ের দাবি। নেতার উচিত তাঁর নাম ব্যবহার করে কারা ফায়দা লুটছে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা এবং দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। একই সাথে সাধারণ কর্মীদের বুঝতে হবে, নেতার নাম দিয়ে ক্ষমতা দেখানো নয়, বরং নেতার আদর্শ বুকে নিয়ে মানুষের মন জয় করাই প্রকৃত রাজনীতি। রাজনীতি যদি চাটুকার আর স্বার্থান্বেষীদের হাতে বন্দি থাকে, তবে সমাজ থেকে ন্যায়বিচার ও সুশাসন চিরতরে বিদায় নেবে।

শেখ ফরিদ

কবি ও গণমাধ্যমকর্মী