একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে আরও খারাপ কিছু ঘটার আতঙ্কে আমাদের ঘুম হারাম হয়ে যায়। যেমন আচমকা কী এক ভীতিকর জ্বালানি তেলের সংকটে পড়ে গেলাম আমরা! মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাগলামি আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বর্বরোচিত ইরান আক্রমণের জেরেই তো বিপদগ্রস্ত আমাদের জনগণ এবং সরকারও।

মনে হতে পারে, জ্বালানি নিরাপত্তার অনিশ্চয়তা আমাদের দেশে ছিলই না এর আগে। কিন্তু ইরান, মধ্যপ্রাচ্য এবং কার্যত বিশ্বসম্প্রদায়ের ওপর চাপিয়ে দেওয়া এই অবৈধ যুদ্ধের কারণে বাংলাদেশে যে সংকট দৃশ্যমান, তা কি শুধুই জ্বালানি-সংক্রান্ত এবং মাত্র এই কয় দিনে সৃষ্ট?

তিন দশক ধরে আমরা জাতীয় জ্বালানি নিরাপত্তার আলোচনা শুনে আসছি। একটি পূর্ণাঙ্গ জ্বালানিনীতি ও টেকসই সরবরাহ ব্যবস্থা হয়তো এ ধরনের কষ্টকর পরিস্থিতি কিছুটা এড়াতে সাহায্য করতে পারত।

এই ধরুন, আমাদের সমুদ্র উপকূল এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তেল-গ্যাস যথাযথভাবে অনুসন্ধান করা সম্ভব হলে কে জানে, দেশের ভাগ্যে কিছু জুটতেও পারত। যা হোক, চলমান সংকট কেবল বাংলাদেশের একার নয়। তবে আমাদের দেশে এর প্রভাব তুলনামূলক বেশি দৃশ্যমান। অস্বীকার করার উপায় নেই, জ্বালানি সংকটের কারণে সামগ্রিক অর্থনীতি বর্তমানে একটি ভঙ্গুর অবস্থার মুখোমুখি।

সিএনএন অনলাইন লিখেছে, ‘বৈশ্বিক তেল সংকট পরিণত হচ্ছে সবকিছুর সংকটে’। পেট্রোকেমিক্যাল সরবরাহ, শিল্প উৎপাদন ব্যবস্থা, পণ্য পরিবহন খরচ, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, স্বাস্থ্যসেবা ও জীবনযাপন এবং আজকের বিশ্ববাজার কী সংকটেই না পড়েছে!

বিশ্বব্যাংকের সর্বসাম্প্রতিক উন্নয়ন আপডেট বলছে, বাংলাদেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ মন্থর প্রবৃদ্ধি, দারিদ্র্য বৃদ্ধি, ধারাবাহিক মূল্যস্ফীতি, ঝুঁকিপূর্ণ ব্যাংকিং খাত, দুর্বল রাজস্ব সংগ্রহ এবং শ্লথ ব্যক্তি খাতের বিনিয়োগ। এসবের পর মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে এসেছে মধ্যপ্রাচ্যের সামরিক দ্বন্দ্ব।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আক্রমণ শুরুর পরপরই আমাদের দেশে তেলের পাম্পে দীর্ঘ লাইন সম্ভাব্য জনদুর্ভোগের প্রাথমিক ইঙ্গিত বহন করছে। মূল্যস্ফীতি সহ্যসীমার বাইরে যাওয়া, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপজ্জনক পর্যায়ে নেমে আসা, বৈদেশিক কর্মসংস্থান সংকোচনের ঝুঁকি এবং রপ্তানি আয় শিগগিরই কমার আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে নতুন সরকারের কর্তাব্যক্তিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের।

অর্থমন্ত্রী তো বলেই ফেলেছেন, আগামী বাজেট প্রণয়ন অনেকটা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।

যেখানে ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের অগ্রাধিকার হতে পারত তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি; ব্যাপক বিনিয়োগ আকর্ষণ; নতুন শিল্পায়নের উদ্যোগ; ব্যাংক-বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে প্রাণ ফেরানো; শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংস্কার ও প্রসার, সেখানে সংকটকালীন অর্থনীতি সামাল দেওয়াই এখন তাদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। একদিকে জনপ্রত্যাশার ভার, অন্যদিকে দেশের অর্থনীতি ও জনকল্যাণমূলক উদ্যোগ বা কর্মসূচিতে জ্বালানি সংকটের অভিঘাত নতুন সরকারকে কাহিল করে ফেলতে পারে। তার চেয়েও বড় বিষয়, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের মানুষ অকল্পনীয় দুর্দশার মধ্যে পড়তে পারে, যদি যথোপযুক্ত আপৎকালীন ব্যবস্থা এখনই না নেওয়া হয়।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমল থেকেই অর্থনৈতিক চ্যালেঞ্জ চলছে। তাদের রেখে যাওয়া অপকর্মের বোঝার সঙ্গে নতুন যুক্ত হওয়া আন্তর্জাতিক আর্থরাজনৈতিক সংকটের সাংঘাতিক অভিঘাত এই মুহূর্তে জাতীয় নেতৃত্বের বিশেষ বিবেচনার দাবি রাখে। একটি সংকটকালীন টাস্কফোর্স গঠন করে চলমান সংকট এবং আগামীর অনিশ্চয়তা মোকাবিলা করলে সরকার কিছুটা নির্ভার এবং জাতি ব্যাপক উপকৃত হতে পারে।

চলমান সংকটের গভীরতা এবং দেশের অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক সামর্থ্যের পুঞ্জীভূত সমস্যাগুলো স্বীকার করার মধ্যে সরকারের জন্য কোনো দুর্বলতা বা অমর্যাদার কিছু নেই। কারণ, পুরোনো বা নতুন– কোনো ইস্যুই তাদের সৃষ্ট নয়। বরং অতীতের অস্বীকার করার প্রবণতা (ডিনায়াল সিনড্রোম) থেকে বেরিয়ে এলে সমাধানের পথ খুঁজে পাওয়া সহজ এবং জনগণকেও আস্থায় রাখা সম্ভব হবে। টাস্কফোর্স গঠন রাজনৈতিক বিবেচনায়ও একটি সঠিক ও সৎ উদ্যোগ হতে পারে।

দেশের শিক্ষিত অর্থনীতিবিদ, দূরদর্শী রাজনীতিবিদ, অভিজ্ঞ টেকনোক্র্যাট ও স্বনামধন্য পেশাজীবী, রাষ্ট্রচিন্তাবিদ এবং গণমানুষের প্রতিনিধিদের সমন্বয়ে ১৫ বা ততোধিক সদস্যবিশিষ্ট একটি ‘ক্রাইসিস টাস্কফোর্স’ গঠন করা যেতে পারে। এই টাস্কফোর্স ইরান যুদ্ধের প্রভাব, এর অর্থনৈতিক ও কূটনৈতিক অভিঘাত, বাংলাদেশের বিভিন্ন খাত এবং জনগণের জন্য সম্ভাব্য ঝুঁকি, জাতীয় করণীয় বিষয়ে সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করবে। পরবর্তী সময়ে সরকার সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও জনদুর্ভোগ লাঘব করতে পারে।

মধ্যপ্রাচ্য সংকটের কারণে এবং অতীতের জমে থাকা অর্থনৈতিক ও সুশাসনের সমস্যার পাহাড় টপকাতে একটি গণতান্ত্রিক সরকার কী কী করছে, সেগুলোও জনগণের জানা দরকার। সংকটকালীন টাস্কফোর্স সরকারি কার্যক্রমে সব রাজনৈতিক শক্তিকে অংশীদার এবং জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।

ইতোমধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি দেখে প্রশান্তি লাভের কিছু নেই। তার প্রথম কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পরশু কী করবেন, তা নিজেই জানেন না। পরের কারণ হলো, ইসরায়েলের প্ররোচনায় শুরু করা যুদ্ধ মধ্যপ্রাচ্যের জায়নবাদী রাষ্ট্রটি এত সহজে শেষ করে দেবে– সে বিষয়ে সন্দেহ প্রবল।

যুদ্ধের ভয় আন্তর্জাতিক বাজারকে অস্থির রাখবে আরও কিছুকাল। এ যাত্রা যুদ্ধের বিস্তৃতি থেমে গেলেও গত প্রায় দেড় মাসের আক্রমণ ও প্রতি-আক্রমণের প্রভাবে আমাদের মতো অর্থনীতি নানা দিক থেকে আক্রান্ত থাকার শঙ্কায় থাকবে। মধ্যপ্রাচ্যে শ্রমিকদের চাকরি সংকোচন এবং আন্তর্জাতিক পণ্য পরিবহনে ব্যয় বৃদ্ধি পেলে বাংলাদেশ ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। শুধুই প্রচলিত ও আমলাতান্ত্রিক ধ্যানধারণা দিয়ে এই নতুন ও অদৃশ্য সমস্যার সমাধান একটু কঠিনই হবে।

ইরান যুদ্ধ বিশ্বের আর্থরাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে প্রচলিত অপ্রতিসাম্যের ধারণা (অ্যাসাইমেট্রি) বদলে দিয়েছে এবং উৎপাদন, পরিবহন ও ভোগের যুগে পৃথিবীর মানুষের ভয়াবহ অসহায়ত্ব প্রমাণ করেছে। এ যুদ্ধ শক্তির ভারসাম্য ও বিশ্বব্যবস্থায় পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে। তাই নতুন বাস্তবতায় বাংলাদেশের মতো দেশ আন্তর্জাতিক বাণিজ্য থেকে কীভাবে লাভবান হতে পারে এবং তার চ্যালেঞ্জ থেকে অভ্যন্তরীণ অর্থনীতি ও জনগোষ্ঠীকে রক্ষা করতে পারে, সে জন্য জরুরি ভিত্তিতে পরিস্থিতি বিশ্লেষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে অন্তত ক্ষতি কম হবে। আত্মম্ভরিতা কিংবা অবহেলা করে পরিস্থিতি অনুযায়ী কার্যকর ব্যবস্থা না নিলে কার লাভ হবে, আমাদের জানা নেই।

খাজা মাঈন উদ্দিন: সাংবাদিক