এ সপ্তাহে প্রকাশ পেল প্যারিসভিত্তিক বৈশ্বিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ইনইকুয়ালিটির বৈশ্বিক অসমতা প্রতিবেদন। এতে বিভিন্ন দেশের আয় ও সম্পদের বৈষম্য উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের ১ শতাংশ মানুষের কাছে রয়েছে দেশের মোট সম্পদের ২৪ শতাংশ, যা মোট জাতীয় আয়ের ১৬ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী আয় ও সম্পদের বৈষম্য এখন প্রকট। ৭৫ ভাগ সম্পদের দখল নিয়েছে মাত্র ১০ শতাংশ ধনী মানুষ; অন্যদিকে বেশির ভাগ মানুষের কাছে নগণ্য পরিমাণ সম্পদ। এভাবে বিশ্বে সম্পদ ও আয়ের বৈষম্য দিন দিন বেড়েছে। কোথাও কোথাও ভিন্ন চিত্রও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ বৈষম্যের বড় কারণ হলো, বিশ্বব্যাপী অসম আর্থিক ব্যবস্থা। এ ব্যবস্থায় একদিকে যেমন ধনীদের সম্পদ ক্রমাগত বাড়ছে, অন্যদিকে বেশির ভাগ লোকের জীবন কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে।
মোটাদাগে এখনও সারাবিশ্বে আয়বৈষম্য প্রকট। অন্যদিকে পৃথিবীর বহু প্রান্তে মানুষ যখন ক্ষুধায় হাহাকার করছে কিংবা যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হচ্ছে, তখন আয় ও সম্পদের বৈষম্য আরও উদ্বেগের কারণ হয়ে ওঠে। গাজায় এখনও দুমুঠো খাবারের জন্য মানুষ সংগ্রাম করছে। এ ছাড়া তৃতীয় বিশ্বের বহু দেশে বিপুলসংখ্যক প্রান্তিক জনগোষ্ঠী ক্ষুধার জ্বালায় জীবনের সঙ্গে যেন প্রতিমুহূর্তে লড়াইরত। কিছুসংখ্যক লোকের কোনো পরিশ্রম ছাড়াই সম্পদের পরিমাণ বেড়েই চলেছে। আবার বেশির ভাগ লোক দৈহিক, শারীরিক দুভাবেই পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটছে না। প্রতিবেদনে বাংলাদেশের যে চিত্র উঠে এসেছে, তা বেশ আগ্রহোদ্দীপক। বিশ্বব্যাপী বৈষম্যের চিত্র তুলে ধরা এবং সেগুলো পর্যালোচনার পাশাপাশি ৪০টি দেশের ওপর আলাদা মন্তব্য দেওয়া হয়েছে। বৈষম্যের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান মাঝামাঝি। প্রতিবেদনের পর্যালোচনায় বলা হয়েছে, বাংলাদেশে বৈষম্যের চিত্র মোটামুটি স্থিতিশীল। গত এক দশকে এ চিত্র খুব বেশি বদলায়নি।
আয়ের ক্ষেত্রে বলা হয়েছে, দেশের শীর্ষ ১০ শতাংশ মানুষ মোট জাতীয় আয়ের প্রায় ৪১ শতাংশ উপার্জন করে। যেখানে নিচের সারির ৫০ শতাংশের আয় মাত্র ১৯ শতাংশ। সম্পদ বণ্টনে বৈষম্যের চিত্র আরও প্রকট বলে উঠে এসেছে। শীর্ষ ১০ শতাংশের হাতে মোট সম্পদের প্রায় ৫৮ শতাংশ, আর শীর্ষ ১ শতাংশের হাতে ২৪ শতাংশ। আয় বৈষম্যে বাংলাদেশের অবস্থান ২৫তম। প্রতিবেশী ভারত ও পাকিস্তানে বৈষম্য বাংলাদেশের চেয়ে বেশি। বৈশ্বিক বিবেচনায় অন্যান্য দেশের মধ্যে আয় ও সম্পদ উভয় ক্ষেত্রে শীর্ষ বৈষম্যের দেশ হলো দক্ষিণ আফ্রিকা। আয় বৈষম্যে দ্বিতীয় অবস্থানে কলম্বিয়া; অন্যদিকে সম্পদ বৈষম্যে দ্বিতীয় রাশিয়া। প্রধানত অর্থনৈতিক স্বাধিকারের লক্ষ্যে পূর্ববঙ্গের জনগোষ্ঠী দীর্ঘদিন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছে, যা বর্তমানে বাংলাদেশি বলে পরিচিত। ব্রিটিশ আমল থেকে শুরু করে দেশভাগ, ১৯৭১ সাল পর্যন্ত এ লড়াই জারি ছিল। অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তিলাভের আশায় মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশের আয় ও সম্পদ বৈষম্য কমেনি, বরং বেড়েছে। এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে এ দেশের মানুষ বারবার রক্ত দিয়েছে। ২০২৪ সালে এসে বৈষম্যের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে। কিন্তু এবারেও বহু ক্ষেত্রে আমরা সন্তুষ্ট হতে পারছি না, বিশেষত ক্ষমতার বলয়গুলো এখনও পাকাপোক্ত রয়ে গেছে।
প্রান্তিক জনগোষ্ঠী– কৃষক, জেলে, দিনমজুর, ছোট ব্যবসায়ী, পেশাজীবীদের শক্তিশালী করতে না পারলে বৈষম্য কমানো সম্ভব নয়। এ জন্য অর্থনৈতিক ক্ষেত্রে পুনর্গঠন যেমন দরকার, তেমনি নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যক্ষেত্রে বৈষম্য দূর করা জরুরি। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলার বিকল্প নেই। জাতীয় নীতিতে প্রান্তিক জনগোষ্ঠী ও কম আয়ের মানুষ গুরুত্ব পেলে স্বাভাবিকভাবেই দেশে আয় ও সম্পদ বৈষম্য কমে আসবে।
ইফতেখারুল ইসলাম: সহসম্পাদক, সমকাল
