মানুষ সবচেয়ে অসহায় মুহূর্তের মুখোমুখি হয় সাধারণত দুটি জায়গায়। হাসপাতাল ও আদালত প্রাঙ্গণে। একটির সঙ্গে জীবন রক্ষার প্রশ্ন, অপরটি ন্যায়বিচারের সঙ্গে যুক্ত। একটি আধুনিক সভ্য রাষ্ট্রে এ দুটি প্রতিষ্ঠানের কার্যকারিতা নাগরিকের স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা এবং রাষ্ট্রের প্রতি আস্থার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

প্রকৃতপক্ষে একটি কল্যাণ রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে থাকে তিনটি মূল ব্যবস্থার ওপর– শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ও বিচার ব্যবস্থা। এ তিনটি প্রতিষ্ঠানের সার্বিক চিত্র বিশ্লেষণ করলেই একটা রাষ্ট্রের প্রকৃত চিত্র বের হয়ে আসে। আমরা কেবল যদি সংবাদমাধ্যমে নিয়মিত প্রকাশিত প্রতিবেদন কিংবা নাগরিকদের প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাব এসব প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ক্রমেই বাড়ছে। আইনের একজন ছাত্র ও গবেষক হিসেবে আজকের এই লেখার মূল উদ্দেশ্য বিচার বিভাগের প্রকৃত অবস্থা বিশ্লেষণ। সেই সঙ্গে এ অবস্থা থেকে উত্তরণের উপায় সম্পর্কে কিছু চিন্তাভাবনা তুলে ধরা। প্রকৃতপক্ষে বিদ্যমান বাস্তবতায় বিচার বিভাগের ক্ষেত্রে ন্যায়বিচারপ্রাপ্তির প্রক্রিয়া অনেক সময়সাপেক্ষ ব্যাপার, জটিল এবং নানা ধরনের দুর্নীতি, অনিয়ম ও অদক্ষতার কারণে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বিভিন্ন প্রতিবেদনে বারবার উঠে এসেছে, বিচারপ্রার্থীরা আদালতে প্রায়ই অযৌক্তিক বিলম্ব, প্রশাসনিক জটিলতা এবং দুর্নীতির কারণে হয়রানির শিকার হন। এর সঙ্গে যুক্ত হয়েছে আদালতের কর্মকর্তাদের অদক্ষতা, অপর্যাপ্ত অবকাঠামো ও সহায়ক কর্মচারীর স্বল্পতা। এসব কারণ মিলেই বিচার প্রক্রিয়াকে অনেক ক্ষেত্রে অকার্যকর করে তুলছে।

সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো বিচারকের স্বল্পতা। বর্তমানে প্রত্যেক বিচারককে গড়ে তিন-চার হাজার পর্যন্ত মামলা পরিচালনা করতে হয়। এই বিপুল মামলার চাপ বিচার প্রক্রিয়াকে স্থবির করে দেয় এবং বিচারপ্রার্থীদের মধ্যে হতাশা ও অনাস্থা সৃষ্টি করে। ন্যায়বিচার যদি বিলম্বিত হয়, তাহলে তা কার্যত ন্যায়বিচার অস্বীকারের সমতুল্য হয়ে দাঁড়ায়।

নিশ্চয়ই বিচারক ও সহায়ক কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা অত্যন্ত অপরিহার্য। তবে কেবল জনবল বাড়ালেই এই দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার সমাধান সম্ভব হবে না। বিচার ব্যবস্থাকে দক্ষ ও স্বচ্ছ করতে হলে প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। এই বাস্তবতায় সম্পূর্ণরূপে ই-জুডিশিয়ারি চালু করা এখন সময়ের দাবি।

ই-জুডিশিয়ারির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো কম্পিউটারনির্ভর মামলার নথি ব্যবস্থাপনা। উন্নত বিশ্বে এই ব্যবস্থাকে সংক্ষেপে সিসিএমএস (কম্পিউটারাইজড কোর্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম) বলা হয়ে থাকে। এই ব্যবস্থার মাধ্যমে আদালতের প্রতিটি মামলার নথি, রায় এবং আদেশ কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সংরক্ষণ ও পরিচালনা করা হয়। ফলে মামলার অগ্রগতি সহজেই পর্যবেক্ষণ করা যায় এবং অপ্রয়োজনীয় বিলম্বের সুযোগ কমে যায়।

বিশ্বের বিভিন্ন দেশে এই ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে টাস্ক ইভেন্টস টাইমলাইন (টিইটি) ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করা হয়। যখন কোনো মামলা অনলাইন মাধ্যমে আদালতে দাখিল করা হয়, তখন স্বয়ংক্রিয়ভাবে একটি ই-নথি তৈরি হয় এবং এই নথির পরবর্তী ধার্য তারিখ বিচারপ্রার্থীর নিকট চলে যায়। এই নথির পরবর্তী পদক্ষেপ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে কিনা তা সিস্টেমের মাধ্যমে পর্যবেক্ষণ করা যায়। যদি নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন না হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট বিচারক বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে একটি সতর্কবার্তা পাঠানো হয়। প্রয়োজনে বিষয়টি সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছেও পৌঁছে যায়। ফলে অযৌক্তিক বিলম্বের মাধ্যমে দুর্নীতির সুযোগ অনেকাংশে কমে যায়।

ডিজিটাল নথি ব্যবস্থাপনার আরেকটি বড় সুবিধা হলো নথির সঠিকতা যাচাইয়ের সক্ষমতা। বিদ্যমান ব্যবস্থায় আদালতের রায়-আদেশ জালিয়াতি, জাল দলিল তৈরি কিংবা নথি গোপন করার মতো অনিয়ম ঘটার আশঙ্কা বেশি থাকে। কিন্তু কম্পিউটারনির্ভর নথি ব্যবস্থাপনায় সব নথি ডিজিটালি সংরক্ষিত হওয়ায় সেগুলো সহজেই যাচাই ও তুলনা করা যায়। সিসিএমএসের মাধ্যমে বসনিয়া হার্জেগোভিনিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ ইউরোপের অধিকাংশ দেশ বিচার ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করেছে। বিচার বিভাগকে দক্ষ, কার্যকর ও দুর্নীতিমুক্ত করতে ই-জুডিশিয়ারির ভূমিকা অপরিসীম।

অবিস্মরণীয় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সামনে একটি নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর লড়াই এবং জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা। সেই লক্ষ্য অর্জনে বিচার বিভাগের আধুনিকায়ন অপরিহার্য। এখন সময় প্রতিটি আদালতে সম্পূর্ণ ই-জুডিশিয়ারি চালু করতে পদক্ষেপ গ্রহণ করা। একটি স্বচ্ছ, দক্ষ, স্বাধীন ও প্রযুক্তিনির্ভর বিচার ব্যবস্থাই পারে বাংলাদেশের বিচার বিভাগের দীর্ঘদিনের সংকট কাটিয়ে ওঠার পথ দেখাতে।

সাঈদ শুভ: বিচারক ও গবেষক sayeed.judge@gmail.com