মানুষের চরিত্র গড়ে ওঠে নীরব এক সাধনার মাধ্যমে- যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে দৃঢ়ভাবে স্থির থাকে। এই সাধনার প্রথম ধাপেই জন্ম নেয় সৌন্দর্যের বীজ, যার নাম- সৌজন্য। এই বীজটি প্রতিদিনের ছোট ছোট ভালো কাজ, স্নেহের ছোঁয়া, সহমর্মিতা এবং সদাচরণের চর্চায় বড় হয়। যেমন গাছ আলো ও বাতাস পেলে বড় হয়, তেমনি মানুষও তার অভ্যাসের মধ্য দিয়ে গড়ে ওঠে। মন্দ অভ্যাস মানুষের মনকে অন্ধকারে ঢেকে দেয়, আর সুন্দর অভ্যাস সেই অন্ধকার ভেদ করে আলোর কণা হয়ে মনের ভেতর মানবিকতার উষ্ণতা ছড়িয়ে দেয়। সুন্দর অভ্যাসের মধ্যে সবচেয়ে উজ্জ্বল হলো মানবসেবা। তার সবচেয়ে বড় উদাহরণ হলো রক্তদান। রক্তের কোনো বিকল্প নেই। যখন কারো জীবন বিপন্ন হয়, তখন নিজের রক্ত দিয়ে সাহায্য করা এক মহান কাজ। এটি শুধু মানবিকতার প্রতীক নয়, বরং মমতার ভাষা।

রক্তদাতা যখন দেখে তার রক্ত অন্যের শিরায় প্রবাহিত হয়ে জীবন ফিরিয়ে দিচ্ছে, তখন তার অন্তরে জন্ম নেয় যে শান্ত ও গভীর আনন্দ, তা কোনো ধনসম্পদের সঙ্গে তুলনীয় নয়। যেন তার জীবন অন্যের জীবনকে সহস্রবার বাঁচাচ্ছে। সৌজন্যবোধও মানুষের চরিত্রকে সুন্দর ও মান্য করে তোলে। হাসিমুখে আলাপ করা, আগে সম্ভাষণ জানানো, সালাম দেওয়া বা কুশল জিজ্ঞেস করা- এই ছোট্ট আচরণগুলোও গভীর প্রভাব ফেলে। একটি হাসি কখনো কারো ক্লান্ত মনকে শান্ত করতে পারে, আবার একটি সালাম দিতে পারে মানুষের হৃদয়ে শান্তি ও সম্মান। এমন মানুষ সমাজে সহজেই প্রিয় হয়ে ওঠে, কারণ তার আচরণ অন্যের হৃদয়ে কোমল ছাপ ফেলে। তবে সুন্দর অভ্যাস গড়ে ওঠে একদিনে নয়। এটি ধীরে ধীরে তৈরি হয়- প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ এবং প্রতিটি পরিস্থিতির মধ্য দিয়ে। অন্যকে সাহায্য করা, পরিবেশের প্রতি যত্ন রাখা, সময়ের মূল্য বোঝা এবং প্রতিদিন নিজের ছোট ছোট উন্নতি- এসবই মানুষকে পরিপক্ব ও মননশীল করে। যেমন নদী পাহাড় চিরে নিজের পথ বানায়, তেমনি অভ্যাসও মানুষের জীবনে স্থায়ী ছাপ রেখে যায়। মোটকথা সুন্দর অভ্যাস শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজকেও আলোকিত করে। প্রতিটি ভালো কাজ, প্রতিটি সৌজন্য, প্রতিটি মানবিক কাজ এক একটি আলো হয়ে অন্ধকার দূর করে। যখন অনেক আলো একত্র হয়, তখন তৈরি হয় শান্তি, সহমর্মিতা এবং সদাচরণের উজ্জ্বল উদ্যান। মানুষ তখন একে অপরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং সহযাত্রী হিসেবে দেখে। এভাবেই সৌজন্যবোধ ও সুন্দর অভ্যাস আমাদের জীবনকে করে তোলে শান্ত, মানবিক এবং আলোকময়।\r\nচট্টগ্রাম কলেজ থেকে