আন্তর্জাতিক বিচার আদালত এক ঐতিহাসিক রায়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে ২০১৭ সালের সামরিক অভিযানকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে। গত ১৯ নভেম্বর ঘোষিত এই যুগান্তকারী রায় গাম্বিয়ার জন্য এক বিরাট বিজয়। গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের অধীনে গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলা দায়ের করে।

এই প্রথম আন্তর্জাতিক বিচার আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী বলে রায় দিয়েছে। এর আগে বসনিয়া ও হার্জেগোভিনা বনাম সার্বিয়া ও মন্টিনিগ্রো (২০০৭) এবং ক্রোয়েশিয়া বনাম সার্বিয়া (২০১৫) মামলায় আদালত গণহত্যার অভিযোগ পর্যালোচনা করলেও সার্বিয়াকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করেনি।

আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় চূড়ান্ত ও সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য বাধ্যতামূলক; এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। মিয়ানমারকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ, দায়ীদের তদন্তের মাধ্যমে শনাক্ত ও শাস্তি প্রদান এবং উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং পরিবারের সদস্যদের পুনর্মিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষতিপূরণের সুনির্দিষ্ট পরিমাণ ও প্রদানের পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারিত হবে।

এক ঐতিহাসিক মাইলফলক

গাম্বিয়ার এ উদ্যোগ প্রমাণ করেছে যে একটি তুলনামূলকভাবে ছোট দেশও দৃঢ় সঙ্কল্প, কূটনৈতিক দক্ষতা এবং আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকারের মাধ্যমে আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইসলামী সহযোগিতা সংস্থা (OIC) এ মামলায় সমর্থন দিয়েছে, যা রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সম্মিলিত উদ্বেগের প্রতিফলন। এ উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গাম্বিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবুবাকারি মারি তামবাদু (Abubacarr Marie Tambadou)। তার নেতৃত্ব ও দৃঢ় সঙ্কল্প একটি নির্যাতিত সংখ্যালঘু জনগোষ্ঠীর দুর্দশাকে আন্তর্জাতিক পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ আইনি মামলায় রূপ দিতে সহায়তা করেছে। জাপানের বিচারপতি ইউজি ইওয়াসাওয়ার সভাপতিত্বে আন্তর্জাতিক বিচার আদালত বিচারকালে গণহত্যা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের বিস্তৃত সাক্ষ্য, প্রত্যক্ষদর্শীদের বিবৃতি, বিশেষজ্ঞদের প্রতিবেদন এবং আন্তর্জাতিক তদন্তের তথ্য-প্রমাণ পর্যালোচনা করে। এসব প্রমাণে রোহিঙ্গা গ্রাম ধ্বংস, বাড়িঘর পুড়িয়ে দেয়া ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া, পুরুষ ও কিশোরদের হত্যা, নারী ও কিশোরীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর আক্রমণের বিবরণ উঠে আসে। আদালত মিয়ানমার গণহত্যার নিশ্চিত প্রমাণ পেয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতিসাধন এবং জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ; এসব কর্মকাণ্ডের পেছনে প্রয়োজনীয় গণহত্যামূলক অভিপ্রায়ও বিদ্যমান ছিল।

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ রায়কে গণহত্যার শিকার রোহিঙ্গাদের প্রতি এক শক্তিশালী স্বীকৃতি হিসেবে স্বাগত জানিয়েছেন এবং জবাবদিহি ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। ২০২৩ সালের ২৯ ডিসেম্বর গাজাকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকার দায়ের করা ইসরাইলের বিরুদ্ধে পৃথক গণহত্যা মামলার প্রেক্ষাপটেও এই রায় আন্তর্জাতিকভাবে বিশেষ তাৎপর্য বহন করে। সারা দুনিয়া ওই মামলার রায়ের অপেক্ষায়।

হতে হবে প্রত্যাবাসন

রোহিঙ্গাদের জন্য এই রায় একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও তাদের সংগ্রাম এখানেই শেষ নয়। তাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো নাগরিকত্ব, আইনি স্বীকৃতি, নিরাপত্তা ও সমান অধিকার নিয়ে মিয়ানমারে নিজেদের পৈতৃক ভিটেমাটিতে নিরাপদে ও স্থায়ীভাবে ফিরে যাওয়া।

রোহিঙ্গা নেতৃত্ব ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার জন্য গাম্বিয়া এবং ওআইসির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তবে এই ঐতিহাসিক আইনি অর্জনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা না গেলে রোহিঙ্গাদের জীবনে তা অর্থবহ পরিবর্তন আনতে ব্যর্থ হতে পারে। মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি চলাচলের স্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে সমান সুযোগ এবং সরকারি প্রতিষ্ঠানেও কাজ করার অধিকার নিশ্চিত করতে হবে। এই রায় বাস্তবায়ন পর্যবেক্ষণ ও ত্বরান্বিত করার জন্য জাতিসঙ্ঘ এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক অংশীদারদের একটি কার্যকর কাঠামো প্রতিষ্ঠায় সহায়তা করা আবশ্যক।

বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে। অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকার পরও বাংলাদেশ এ ক্ষেত্রে অনন্য মানবিক উদারতার পরিচয় দিয়েছে। এই শরণার্থী সঙ্কট স্থানীয় জনগোষ্ঠী, ভূমি, বনভূমি, অবকাঠামো, জনসেবা এবং পরিবেশের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। একই সাথে আইনশৃঙ্খলা, মানবপাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং ঝুঁকিপূর্ণ শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুতর চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বাংলাদেশ অনির্দিষ্টকাল ধরে এককভাবে এই দায়িত্ব বহন করবে— এমন প্রত্যাশা যুক্তিসঙ্গত নয়। রোহিঙ্গা সঙ্কট কেবল মানবিক সমস্যা নয়; এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার সাথেও গভীরভাবে সম্পর্কিত, যার সমাধানে দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সম্পৃক্ততা প্রয়োজন।

অভূতপূর্ব কূটনৈতিক সুযোগ

আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার নতুন সুযোগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ এখন এ লক্ষ্য অর্জনের জন্য আগের তুলনায় অধিকতর শক্তিশালী অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি বর্তমানে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি। এর আগে তিনি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার কূটনৈতিক অভিজ্ঞতা, জাতিসঙ্ঘে সম্পৃক্ততা এবং রোহিঙ্গা সঙ্কট সম্পর্কে গভীর উপলব্ধি বাংলাদেশের জন্য কাজে লাগাতে হবে।

বাংলাদেশের উচিত এ সুযোগ কাজে লাগিয়ে জাতিসঙ্ঘ, ওআইসি, চীন, পাকিস্তান, তুরস্ক এবং অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে সম্পৃক্ত করে একটি সমন্বিত কূটনৈতিক ও বাস্তবায়ন কৌশল প্রণয়ন করা।

আঞ্চলিক অংশীজনদের সম্পৃক্তকরণ

মিয়ানমারে চীনের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত প্রভাবের কারণে রোহিঙ্গা সঙ্কট সমাধানে দেশটি গুরুত্বপূর্ণ অংশীদার। মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের সাথে চীনের সম্পর্ক এবং জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে তার অবস্থান এ সঙ্কটের আন্তর্জাতিক উদ্যোগের ওপর প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছে। বাংলাদেশের উচিত বেইজিংয়ের সাথে উচ্চপর্যায়ের ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা এবং চীনকে প্রতিবন্ধক বিবেচনা না করে আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়নে সক্রিয় অংশীদার হিসেবে সম্পৃক্ত করার চেষ্টা করা। রোহিঙ্গা সঙ্কটের সমাধান আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতার জন্য অপরিহার্য।

বাংলাদেশের উচিত তুরস্ক, পাকিস্তান, জাপান ও ওআইসির সদস্য দেশগুলোর সাথে সমন্বয় আরো জোরদার করা।

নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক পর্যবেক্ষণ

রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের নির্যাতন ও সহিংসতার ইতিহাস বিবেচনায় তাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তা এবং আবার নির্যাতনের শিকার না হওয়ার বিশ্বাসযোগ্য নিশ্চয়তা ছাড়া শরণার্থীদের ফিরে যাওয়ার প্রত্যাশা করা যায় না।

জাতিসঙ্ঘ ও স্বাধীন মানবাধিকার পর্যবেক্ষকদের সম্পৃক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি শক্তিশালী পর্যবেক্ষণ ও সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা উচিত। নিরাপত্তা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতির ভিত্তিতে প্রত্যাবাসনের প্রাথমিক পর্যায়ে আন্তর্জাতিক ম্যান্ডেটসম্পন্ন সুরক্ষা উপস্থিতি, প্রয়োজনে শান্তিরক্ষী বাহিনী বা অন্য কোনো নিরাপত্তাব্যবস্থা মোতায়েনের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।

প্রত্যাবাসন অবশ্যই স্বেচ্ছামূলক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ হতে হবে। মিয়ানমার তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা যথাযথভাবে পালন করছে কি না, তা নিশ্চিত করতে স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থা থাকতে হবে।

বাংলাদেশের অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা

বৃহৎ পরিসরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়া এবং মিয়ানমারে তাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। ১৯৭০-এর দশকের শেষভাগে তৎকালীন বার্মায় নির্যাতনের শিকার হয়ে বহু রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। ১৯৭৮ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার বার্মার সাথে কূটনৈতিক আলোচনা চালিয়ে একটি দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তিতে পৌঁছেছিল। এই অভিজ্ঞতা প্রমাণ করে যে কঠিন পরিস্থিতিতেও ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শরণার্থীদের প্রত্যাবাসন সম্ভব। বর্তমান সঙ্কট অতীতের তুলনায় অনেক বেশি জটিল হলেও বাংলাদেশ তার পূর্ব অভিজ্ঞতা থেকে মূল্যবান শিক্ষা নিতে পারে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের ফলে সৃষ্ট অভূতপূর্ব আইনি ও কূটনৈতিক সুযোগের সাথে সেই অভিজ্ঞতার সমন্বয় ঘটানো প্রয়োজন।

আইনি বিজয়কে স্থায়ী সমাধানে রূপান্তর

আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় গাম্বিয়া, রোহিঙ্গা জনগোষ্ঠী ও আন্তর্জাতিক বিচারব্যবস্থার এক অসাধারণ বিজয়। তবে এই রায়ের চূড়ান্ত সাফল্য নির্ভর করবে রোহিঙ্গারা তাদের পৈতৃক মাতৃভূমিতে ফিরে গিয়ে মর্যাদা, নিরাপত্তা ও সমান অধিকার নিয়ে বসবাস করতে পারছেন কি না, তার ওপর।

বাংলাদেশের উচিত আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা সংগঠিত করার উদ্যোগ গ্রহণ এবং একটি বাস্তবসম্মত, সময়সীমাবদ্ধ ও আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণযোগ্য প্রত্যাবাসন কাঠামো প্রণয়ন করা। মিয়ানমারকে বুঝতে হবে যে, আন্তর্জাতিক বিচার আদালতের রায় মেনে চলা তার জন্য একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক আইনি দায়িত্ব। নাগরিকত্ব, মৌলিক অধিকার ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা একটি টেকসই সমাধানের জন্য কোনোভাবেই আপসযোগ্য হতে পারে না।

লেখক : অস্ট্রেলিয়ার সাউদার্ন কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক, এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক ভিসি।