রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৯ ডিসেম্বর যে ম্যারাথন প্রেস কনফারেন্স করেছিলেন সেখানে ইউক্রেন যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, যে যুদ্ধ তিনি ‘স্পেশাল মিলিটারি অপারেশন’ নামে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া, খেরসন দখলের জন্য ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু করেছিলেন। বিস্ময়কর হলো, যুদ্ধের চার বছরে রাশিয়ার সেনাবাহিনী কেবল লুহানস্ক দখল করতে পেরেছে, তাও দোনেৎস্কসহ লুহানস্কের এক-তৃতীয়াংশের বেশি ২০১৫ সালেই রাশিয়া দখল করেছে। এর পরও পুতিনের মধ্যে উদ্বেগ নেই, যেন আত্মবিশ্বাসী।
পুতিনের অনমনীয় অবস্থান অবাক হওয়ার মতো কিছু নয়। ইউক্রেন আক্রমণের পরপরই রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় ইউক্রেনের এই চারটি অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে একটি আইন পাস হয়েছিল এবং এই মাসেই পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ পুতিনের সেই আঞ্চলিক দাবিগুলোর কথা আবারও নিশ্চিত করেছেন। রাশিয়ার এই অনমনীয়তা বড়দিনের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের মরিয়া প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক। নিজের বেঁধে দেওয়া সময়সীমা পূরণ করতে ট্রাম্প এমনকি ভলোদিমির জেলেনস্কিকে দোনেৎস্কের সেই অংশগুলো ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন, যা এখনও ইউক্রেনের দখলে। জেলেনস্কি সেটি প্রত্যাখ্যান করলেও পশ্চিমা দেশগুলোর কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টির বিনিময়ে ইউক্রেনের দীর্ঘ বছরের ন্যাটো সদস্যপদ লাভের আকাঙ্ক্ষা ত্যাগ করতে এবং নিরপেক্ষ অবস্থান গ্রহণ করতে রাজি ছিলেন।
তবে জেলেনস্কির এই অবস্থান পুতিনকে শান্ত করবে না। ন্যাটোর সম্প্রসারণ নিয়ে রাশিয়ার উদ্বেগ দীর্ঘদিনের। কিন্তু ২০২২ সালে পুতিনের যুদ্ধ আরও গভীর কোনো বিষয় থেকে উৎসারিত। এমন কোনো প্রমাণ নেই যে, ইউক্রেনে ২০২২ সালে রাশিয়ার আক্রমণের ঠিক আগে ২০০৮ সালের তুলনায় ন্যাটোর সদস্যপদের আরেকটু কাছাকাছি ছিল ইউক্রেন। যখন ন্যাটো তাদের বুখারেস্ট সম্মেলনে ঘোষণা দেয়– ইউক্রেন একদিন সদস্য হবে, যদিও সময় নির্দিষ্ট করা হয়নি।
২০০৮ সালের মতোই ন্যাটোর সদস্য দেশগুলো ইউক্রেনের সদস্যপদ নিয়ে বিভক্ত ছিল, বরং এবার আরও বেশি। এটি গুরুত্বপূর্ণ এ কারণে যে, ন্যাটোর ১৯৪৯ সালের প্রতিষ্ঠাকালীন চুক্তির ১০ নম্বর ধারায় বলা আছে, নতুন সদস্য গ্রহণে সকল সদস্যের সর্বসম্মতি প্রয়োজন। যখন ন্যাটো সত্যিই সদস্য সংখ্যা বাড়াতে চায়, তখন তারা দ্রুত পদক্ষেপ নিতে পারে, যেমন ফিনল্যান্ড ২০২৩ সালের এপ্রিলে সদস্য হয় ও ২০২৪ সালের মার্চ মাসে সদস্য হয় সুইডেন; তারা ২০২২ সালের মে মাসে আবেদন করেছিল। পুতিন কেন ইউক্রেনে আগ্রাসন চালিয়েছেন– বুঝতে হলে আমাদের ইতিহাসভিত্তিক ক্ষোভ ও অভিযোগগুলোকেও গুরুত্ব দিতে হবে।
পুতিন বারংবার বিস্তারিতভাবেই বলে আসছিলেন, ইউক্রেনিয়ান ও রাশিয়ানরা কয়েক শতাব্দী ধরে একই জাতি হিসেবে গড়ে উঠেছে। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর এ দুই দেশের বিভাজন ছিল একটি ট্র্যাজেডি। ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাংশে জাতিগতভাবে অনেক রুশ বাস করে কিংবা রুশভাষী ইউক্রেনিয়ানের বসবাস; এ অঞ্চল ন্যায্যভাবেই রাশিয়ার অংশ হওয়া উচিত। সংক্ষেপে বললে, পুতিন বিশ্বাস করেন, রাশিয়াকে লুটে নেওয়া হয়েছে। তবুও তাঁর প্রেস কনফারেন্সে তিনি ট্রাম্পকে যুদ্ধ বন্ধে আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য খুব আন্তরিক বলে প্রশংসা করেছেন। তিনি যোগ করেন, রাশিয়া এখনও আলোচনায় আগ্রহী এবং তারা তাদের স্বার্থ যথাযথভাবে বিবেচনা করা হলে সামরিক অভিযান বন্ধ করতে প্রস্তুত।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বড় এক পদক্ষেপ নিয়েছে, যা রাশিয়ার সাফল্য দ্রুত কমিয়ে দেবে। কারণ এর মাধ্যমে কিয়েভের অর্থভান্ডার শেষ হবে না। ইইউ নেতারা আশা করেছিলেন, রাশিয়ার স্থগিতকৃত ১৮৫ বিলিয়ন পাউন্ড থেকে অর্জিত সুদের অর্থ ইউক্রেনকে সহায়তায় ব্যবহার করা যাবে। কিন্তু কয়েকটি সদস্য রাষ্ট্রের সরাসরি বিরোধিতা ও অন্যদের আশঙ্কার কারণে সে পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তবুও ইইউ বিকল্প একটি পথ খুঁজে পেয়েছে। তারা ইউক্রেনকে সহায়তার জন্য ৭৯ বিলিয়ন পাউন্ড ঋণ দেবে, যা দুই বছরের জন্য বরাদ্দ থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অর্থের পুনঃপরিশোধের বাধ্যবাধকতা থাকবে না, যদি না রাশিয়া ক্ষতিপূরণ দেয়। বাস্তবে কেউই আশা করছে না, রাশিয়া তা দেবে।
ইউরোপ ইউক্রেনের অর্থনীতির রাস্তা খুলে দিয়েছে, কিন্তু এখানে হেঁয়ালি হওয়ার সুযোগ নেই। ইউক্রেন এমন এক শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, যার যুদ্ধ-সংক্রান্ত সকল সম্পদ রয়েছে। তার নেতার কাছে আপসের ধারণা প্রতিপক্ষের আত্মসমর্পণের সমান। রাশিয়া যদি হঠাৎ তাদের ভূখণ্ড-সংক্রান্ত অবস্থার পরিবর্তন না করে তবে ট্রাম্প তাঁর প্রত্যাশিত বড়দিনের উপহার পাবেন না। একদিকে পুতিনের সংবাদ সম্মেলন, অন্যদিকে ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নে ঋণের প্যাকেজ; উভয়ই নিশ্চিত করছে– এ যুদ্ধ নতুন বছরেও গড়াবে।
রাজা মেনন: ইমেরিটাস অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক, সিটি কলেজ অব নিউইয়র্ক; গার্ডিয়ান থেকে সংক্ষেপে ভাষান্তরিত
