আধুনিক সফটওয়্যার উন্নয়নের ইতিহাসে মনোলিথিক এবং মাইক্রোসার্ভিসেস দীর্ঘ সময় ধরে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত আর্কিটেকচার হিসেবে বিবেচিত হয়ে আসছে। মনোলিথিক (Monolithic) আর্কিটেকচারে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি একটি একক কোডবেস হিসেবে তৈরি হয়, যা ছোট প্রকল্পের জন্য সহজ ও দ্রুত। অন্যদিকে মাইক্রোসার্ভিসেস (Microservices) পদ্ধতিতে অ্যাপ্লিকেশনকে ছোট, স্বাধীন ও বিশেষায়িত সার্ভিসে ভাগ করা হয় যা বড় অ্যাপ্লিকেশনে সহজে স্কেল (scale) রক্ষণাবেক্ষণ এবং উন্নত ফল্ট টলারেন্স (fault tolerance) প্রদান করে।

মনোলিথিক আর্কিটেকচারে একটি অ্যাপ্লিকেশনের সমস্ত উপাদান যেমন ইউজার ইন্টারফেস, ব্যবসায়িক লজিক, ডেটা অ্যাক্সেস লেয়ার এবং সার্ভার-সাইড প্রসেসিং একটি একক কোডবেস ও একটি ডিপ্লয়মেন্ট ইউনিটের মধ্যে থাকে। অর্থাৎ পুরো সিস্টেমটি একটি ‘একক পাথরের মতো’ গঠন করা হয়, যেখান থেকে এর নাম এসেছে মনোলিথিক। এই আর্কিটেকচারের প্রধান বৈশিষ্ট্য হলো সরলতা এবং কেন্দ্রীভূত কাঠামো। ছোট বা মাঝারি আকারের সফটওয়্যার প্রকল্পে মনোলিথিক আর্কিটেকচার ব্যবহার করা তুলনামূলকভাবে সহজ, কারণ এতে আলাদা আলাদা সার্ভিস পরিচালনা করার ঝামেলা নেই। ডেভেলপাররা একটি মাত্র প্রজেক্টে কাজ করে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি তৈরি করতে পারে।

এছাড়া ডিপ্লয়মেন্ট প্রক্রিয়াও সহজ, একটি অ্যাপ্লিকেশন বিল্ড করে সার্ভারে চালু করলেই পুরো সিস্টেম কার্যকর হয়। তবে এই সরলতার আড়ালে কিছু জটিলতাও লুকিয়ে থাকে, যা বড় আকারের ও দীর্ঘমেয়াদি সফটওয়্যার প্রকল্পে সমস্যার কারণ হতে পারে। মনোলিথিক আর্কিটেকচারের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর একীভূত কাঠামো। এখানে সমস্ত ফিচার ও ফাংশন একটি কোডবেসে অবস্থান করে এবং একই রানটাইম এনভায়রনমেন্টে চলে। এর ফলে কোডের মধ্যে সরাসরি ফাংশন কল করা যায়, যা পারফরম্যান্সের দিক থেকে কিছু ক্ষেত্রে সুবিধাজনক। মনোলিথিক আকিটেকচার সাধারণত ছোট ব্যবসায়িক অ্যাপ্লিকেশন, প্রোটোটাইপ, শিক্ষামূলক সফটওয়্যার, কিংবা এমন সিস্টেমে ব্যবহার করা হয় যেখানে ব্যবহারকারীর সংখ্যা সীমিত এবং ভবিষ্যতে ব্যাপক স্কেলিংয়ের প্রয়োজন নেই। নতুন ডেভেলপারদের জন্য মনোলিথিক কোডবেস বোঝা তুলনামূলকভাবে সহজ, কারণ সবকিছু একই জায়গায় থাকে। টেস্টিং এবং ডিবাগিংও সহজ হয়, যেহেতু পুরো সিস্টেমটি একসঙ্গে চলে। এছাড়া নেটওয়ার্ক লাটেন্সির সমস্যা নেই, কারণ মডিউলগুলোর মধ্যে যোগাযোগ লোকাল ফাংশন কলের মাধ্যমে হয়। তবে মনোলিথিক আর্কিটেকচারের বড় অসুবিধা হলো স্কেলেবিলিটি ও মেইনটেন্যান্সের সমস্যা। একটি ছোট পরিবর্তন করতে হলেও পুরো অ্যাপ্লিকেশন পুনরায় বিল্ড ও ডিপ্লয় করতে হয়। সিস্টেম বড় হলে কোডবেস অত্যন্ত জটিল হয়ে যায়, ফলে নতুন ফিচার যোগ করা বা বাগ ফিক্স করা সময়সাপেক্ষ হয়ে পড়ে।

এছাড়া একটি অংশে সমস্যা হলে পুরো সিস্টেম ডাউন হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। প্রযুক্তি পরিবর্তনের ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে, কারণ একটি নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষা বা ফ্রেমওয়ার্কের ওপর পুরো অ্যাপ্লিকেশন নির্ভরশীল হয়ে পড়ে। মনোলিথিক আর্কিটেকচারের এইসব সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার বিপরীতে মাইক্রোসার্ভিসেস আর্কিটেকচার একটি জনপ্রিয় বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। মাইক্রোসার্ভিসেস আর্কিটেকচারে একটি বড় অ্যাপ্লিকেশনকে অনেকগুলো ছোট, স্বতন্ত্র এবং স্বাধীন সার্ভিসে ভাগ করা হয়। প্রতিটি সার্ভিস একটি নির্দিষ্ট ব্যবসায়িক কাজ সম্পাদন করে এবং নিজস্ব ডেটাবেস, লজিক ও ডিপ্লয়মেন্ট প্রক্রিয়া থাকতে পারে। এই সার্ভিসগুলো সাধারণত এপিআই (অচও) বা মেসেজিং সিস্টেমের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। মাইক্রোসার্ভিসেসের মূল বৈশিষ্ট্য হলো স্বাধীনতা ও আলাদা অস্তিত্ব।

একটি সার্ভিসে পরিবর্তন আনলেও পুরো সিস্টেমে তার প্রভাব পড়ে না, যদি ইন্টারফেস অপরিবর্তিত থাকে। এছাড়া প্রতিটি সার্ভিস ভিন্ন প্রোগ্রামিং ভাষা, ফ্রেমওয়ার্ক বা প্রযুক্তিতে তৈরি করা সম্ভব। এই আর্কিটেকচার বড় আকারের, উচ্চ ট্রাফিকযুক্ত এবং দ্রুত পরিবর্তনশীল সফটওয়্যার সিস্টেমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেমন ই-কমার্স প্ল্যাটফর্ম, স্ট্রিমিং সার্ভিস, ব্যাংকিং সিস্টেম ইত্যাদি। মাইক্রোসার্ভিসেস আর্কিটেকচার মূলত স্কেলেবিলিটি, ফ্লেক্সিবিলিটি এবং দ্রুত ডেভেলপমেন্টের চাহিদা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে। তবে এর জন্য উন্নত ডেভঅপস কালচার, স্বয়ংক্রিয় ডিপ্লয়মেন্ট এবং মনিটরিং সিস্টেমের প্রয়োজন হয়। অন্যভাবে বলা যায়, মাইক্রোসার্ভিসেস হলো মনোলিথিক এপ্লিকেশনের দ্বারা জাহির করা চ্যালেঞ্জগুলোর প্রতি একটি উত্তর। স্বাভাবিকভাবে, একটি অ্যাপ্লিকেশনের বিভিন্ন অংশকে আলাদা আলাদাভাবে বড় (স্কেলড) করতে হয়। উদাহরণস্বরূপ, একটি অনলাইন দোকানের বিক্রি থেকে প্রডাক্ট ভিউস বেশি হয়, যার মানে বিক্রির থেকে প্রডাক্ট ভিউস ফাংশনালিটির অনেকগুলো চলমান দৃষ্টান্ত প্রয়োজন হয়। একটি মনোলিথিক অ্যাপ্লিকেশনে, আলাদা আলাদাভাবে এই ছোট ছোট যুক্তি বা কোডগুলোর সঞ্চার করা সম্ভব নয়। যদি প্রডাক্ট ভিউস ফাংশনকে আলাদাভাবে বড় করে তোলা না যায় তাহলে পুরো সফটওয়্যারটিকে ডুপ্লিকেট করে তার আরও চলমান দৃষ্টান্ত তৈরি করতে হবে, প্রত্যেকটি কম্পনেন্ট সহকারে যা সম্পদের একটি অদক্ষ ব্যবহার।

মনোলিথিক অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপারদের ডিজাইন পিটফলে পড়া সহজ করে তোলে। যেহেতু সমস্ত কোড এক জায়গায় রয়েছে, সেই কোডটিকে শক্তভাবে জোড়া দেওয়া সহজ এবং উদ্বেগের বিচ্ছেদের নীতি প্রয়োগ করা আরও কঠিন। মনোলিথিকের জন্য প্রায়ই ডেভেলপারদের উৎপাদনশীল হওয়ার আগে পুরো কোডবেস বোঝার প্রয়োজন হয়। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে একটি আধুনিক পন্থা হলো মাইক্রোসার্ভিস, যা ক্লাউড নেটিভ প্রযুক্তির সুবিধা নেয়। যেখানে আধুনিক অ্যাপ্লিকেশনগুলো, যেমন নেটফ্লিক্স একটি একক অ্যাপ এর মত দেখায় কিন্তু এটি আসলে অনেকগুলো ছোট ছোট সার্ভিসের একত্রিত রূপ, সব একে অপরের সঙ্গে আবদ্ধভাবে কাজ করে চলেছে। এই ক্ষেত্রে, কোনো অ্যাপ এর একটি একক পেজ যা আমাদের সার্চ, অথেনটিকেট এবং ভিডিও দেখতে অনুমতি দেয় তা আসলে অনেকগুলো ছোট ছোট সার্ভিস দ্বারা চালিত হয়, যেখানে এক একটি সার্ভিস এক একটি বৈশিষ্ট্য সামলায়।

সংক্ষেপে, মাইক্রোসার্ভিস বলতে একটি অ্যাপ্লিকেশন আর্কিটেকচার প্যাটার্নকে বোঝানো হয় যা মনোলিথিক এপ্লিকেশন এর থেকে স্বাভাবিক বিপরীত। মাইক্রোসার্ভিসেস আর্কিটেকচারের সবচেয়ে বড় সুবিধা হলো স্কেলেবিলিটি। প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সার্ভিসকে আলাদাভাবে স্কেল করা যায়, ফলে সার্ভারের রিসোর্স আরও দক্ষভাবে ব্যবহার করা সম্ভব হয়। এছাড়া ফল্ট আইসোলেশন একটি গুরুত্বপূর্ণ সুবিধা, একটি সার্ভিসে সমস্যা হলেও পুরো সিস্টেম অচল হয়ে যায় না। ডেভেলপমেন্ট টিমগুলো আলাদাভাবে কাজ করতে পারে, ফলে একাধিক টিম একই সময়ে বিভিন্ন সার্ভিসে কাজ করতে সক্ষম হয়। এর ফলে ডেভেলপমেন্টের গতি বেড়ে যায় এবং নতুন ফিচার দ্রুত রিলিজ করা সম্ভব হয়। প্রযুক্তিগত স্বাধীনতাও একটি বড় সুবিধা, কারণ প্রতিটি সার্ভিসের জন্য উপযুক্ত প্রযুক্তি নির্বাচন করা যায়। তবে মাইক্রোসার্ভিসেস আর্কিটেকচারের অসুবিধাও কম নয়। এর জটিলতা মনোলিথিক আর্কিটেকচারের তুলনায় অনেক বেশি। সার্ভিসগুলোর মধ্যে নেটওয়ার্ক যোগাযোগের কারণে ল্যাটেন্সি বেড়ে যেতে পারে এবং ডিস্ট্রিবিউটেড সিস্টেমের সমস্যা দেখা দিতে পারে। ডিপ্লয়মেন্ট, মনিটরিং, লগিং ও সিকিউরিটি পরিচালনা করা তুলনামূলকভাবে কঠিন। এছাড়া ছোট প্রকল্পে মাইক্রোসার্ভিসেস ব্যবহার করলে অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি হয়, যা সময় ও খরচ দুটো বাড়িয়ে দেয়। তাই সব পরিস্থিতিতে মাইক্রোসার্ভিসেস উপযুক্ত নয়। মনোলিথিক এবং মাইক্রোসার্ভিসেস আর্কিটেকচার উভয়েরই নিজস্ব বৈশিষ্ট্য, সুবিধা ও সীমাবদ্ধতা রয়েছে।

মনোলিথিক আর্কিটেকচার সহজ, দ্রুত ডেভেলপমেন্টযোগ্য এবং ছোট প্রকল্পের জন্য কার্যকর, কিন্তু বড় সিস্টেমে এটি রক্ষণাবেক্ষণ ও স্কেলিংয়ের ক্ষেত্রে সমস্যাজনক। অন্যদিকে মাইক্রোসার্ভিসেস আর্কিটেকচার বড় ও জটিল সিস্টেমের জন্য আদর্শ, যেখানে স্কেলেবিলিটি, নির্ভরযোগ্যতা ও দ্রুত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর জন্য দক্ষ টিম, উন্নত অবকাঠামো এবং যথাযথ পরিকল্পনা প্রয়োজন। সঠিক আর্কিটেকচার নির্বাচন মূলত প্রকল্পের আকার, ব্যবসায়িক চাহিদা, বাজেট এবং টিমের দক্ষতার ওপর নির্ভর করে।

অনেক ক্ষেত্রে শুরুতে মনোলিথিক আর্কিটেকচার ব্যবহার করে পরে ধীরে ধীরে মাইক্রোসার্ভিসেসে রূপান্তর করাও একটি কার্যকর কৌশল হতে পারে। সর্বোপরি বলা যায়, সফটওয়্যার আর্কিটেকচারের মূল লক্ষ্য হলো একটি স্থিতিশীল, দক্ষ ও ভবিষ্যৎ-প্রস্তুত সিস্টেম তৈরি করা, আর সেই লক্ষ্য অর্জনে পরিস্থিতি অনুযায়ী সঠিক আর্কিটেকচার নির্বাচন করাই একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ারে প্রধান দায়িত্ব।

লেখক : অধ্যাপক ও আইটি গবেষক, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়