মানুষ যত বেশি আধুনিক হচ্ছে, তাঁর চাহিদার পরিমাণ তত বাড়ছে। বর্ধিত চাহিদা বাস্তবায়নে অনেকে এমন কিছু কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন, যা আইনসম্মত নয়। ধারাবাহিকভাবে শাস্তির ক্ষেত্রও প্রসারিত হয়। এক পর্যায়ে এই প্রসারণ স্থিতি হয় ‘মৃত্যুদণ্ড’। অর্থাৎ প্রমাণ সাপেক্ষে অপরাধীকে প্রাণ দিতে হবে।
ইতালীয় দার্শনিক সিজার বেকারিয়া উপলব্ধি করেন, মৃত্যুদণ্ড কোনো সমাধান নয়। এই মতাদর্শে তিনি ‘দেই ডেলিটি ই ডেলে পেনে’ বই লেখেন। এখানে দার্শনিক সিজার বেকারিয়া নির্যাতন ও মৃত্যুদণ্ডের নিন্দা করেছেন। তিনি লিখেছেন, ‘পৃথিবীর কোনো শক্তিই আমাদের প্রত্যেকের কাছ থেকে একটা জিনিস কেড়ে নিতে পারবে না। আর তা হলো আমাদের বেঁচে থাকার অধিকার।’ বেকারিয়া নির্যাতনের বিরুদ্ধেও যুক্তি দিয়েছেন।
পরে ইতালির টাস্কানির গ্র্যান্ড ডাচি ১৭৮৬ সালের ৩০ নভেম্বর দ্বিতীয় পিয়েত্রো লিওপোল্ডের রাজত্বকালে মৃত্যুদণ্ড বিলুপ্তকারী প্রথম প্রাক-একত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়। ফলে টাস্কানি বিশ্বের প্রথম বেসামরিক রাষ্ট্রে পরিণত হয়, যারা নির্যাতন এবং মৃত্যুদণ্ড বিলোপ করে। এ নিষেধাজ্ঞা তৎকালীন প্রেক্ষাপটে একটি ঐতিহাসিক ঘটনা; যা পরে অন্যান্য দেশকেও অনুসরণ করতে উৎসাহিত করেছে। ২০০২ সালে এই দিনটি স্মরণ করে একটি সংগঠন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সহায়তায় বিশ্বব্যাপী ‘সিটিস ফর লাইফ ডে’ বা ‘জীবনের জন্য জনপদ দিবস’ প্রচার শুরু করে।
গবেষণা সংস্থা ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে, এই দিবস বিশ্বের অসংখ্য শহর এবং স্মৃতিস্তম্ভ আলোকিত করে। এটি একটি আন্তর্জাতিক প্রচারণা। মৃত্যুদণ্ডের প্রতিবাদে এবং জীবনের পবিত্রতার সমর্থনে ২০২১ সালের ৩০ নভেম্বর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত ইউরোপীয় পার্লামেন্টসহ দুই হাজার ৪৪৬টি শহরের ভবনে আলোকসজ্জা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের কয়েকটি শহর এই প্রতিবাদে অংশ নেয়।
একই বছর এক সংবাদ সম্মেলনে ইতালীয় পার্লামেন্টের ডেপুটি এবং প্রচারণার সমন্বয়কারী মারিও মারাজ্জিতি মৃত্যুদণ্ডের আন্তর্জাতিক ক্ষয়ক্ষতি তুলে ধরেন। তিনি জানান, ‘১৯৭৭ সালে মাত্র ১৬টি বিলোপবাদী দেশ ছিল। তারপর থেকে বিশ্বের ১৩৩টি দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে অথবা স্থগিতাদেশ পালন করছে। শুধু তাই নয়, কমপক্ষে ১০ বছর ধরে মৃত্যুদণ্ড কার্যকর করেনি বহু দেশ।’ জানা যায়, ২০০২ সালে সান্ট’এজিডিও কমিউনিটি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকশন অব ক্রিশ্চিয়ানস ফর দি অ্যাবোলিশন অব টর্চার (এফআইএসিএটি)-এর সহযোগিতায় বার্ষিক সিটিস ফর লাইফ ক্যাম্পেইন শুরু হয়। প্রথম বছরে ৮০টি শহর দিয়ে শুরু করে এবং প্রতিবছর উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণকারী শহরের সংখ্যা বাড়ছে।
বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় রক্ষার্থে জাতিসংঘের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশসহ পৃথিবীর ১৯৫টি দেশ জাতিসংঘের সদস্যভুক্ত। এই দেশগুলো জাতিসংঘ গৃহীত পদক্ষেপগুলোকে সমর্থন করে। জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ নথি হলো ১৯৪৮ সালের ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র’; যা বিশ্বজুড়ে মানবাধিকারের একটি সাধারণ মানদণ্ড প্রতিষ্ঠা করে। এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে, ‘জাতিসংঘ মৃত্যুদণ্ডের সর্বজনীন বিলোপের পক্ষে।’
জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে বিশ্বের প্রায় ১৫০টি দেশ হয় মৃত্যুদণ্ড সম্পূর্ণরূপে বাতিল করেছে অথবা মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ বজায় রেখেছে। প্রায় ৫৫টি দেশ এখনও এটি ধরে রেখেছে এবং ব্যবহার করছে। এত কিছুর পরও ২০২৪ সালে বিশ্বব্যাপী এক হাজার ৫১৮টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। মৃত্যুদণ্ডকে অমানবিক কাণ্ড বলা হয়। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান যে বার্তা দিচ্ছে তা ভয়ার্ত। আমরা এমন এক সময়ে বাস করছি, যেটা অনাকাঙ্ক্ষিত এবং সংকটময়। এ পরিস্থিতির উত্তরণ জরুরি। আমরা চাই আমাদের শহরে সুস্থভাবে বেঁচে থাকতে। মনে রাখতে হবে সুস্থ জীবন আগামীকে করে সুন্দর ও স্বচ্ছন্দ।
শুভাশিস ব্যানার্জি শুভ: সাংবাদিক jsb.shuvo@gmail.com
