বাংলাদেশের একাত্তরের অকৃত্রিম বন্ধু সাংবাদিক মার্ক টালির জীবনাবসান ঘটেছে পরিণত বয়সেই। রবিবার তিনি নয়াদিল্লির একটি হাসপাতালে মারা যান। স্মরণযোগ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালির পাশে এসে দাঁড়িয়েছিলেন নানা দেশের অজস্র সহমর্মী মানুষ। যুদ্ধের মাঠে, রাষ্ট্রে রাষ্ট্রে, শরণার্থী শিবিরে, প্রতিবাদে বা জনমত গঠনের কঠিন সেই সময়ে তারা অনন্য ভূমিকা রেখেছেন। তাদের ভেতর বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন বিবিসির তৎকালীন দক্ষিণ এশিয়া বিষয়ক সম্প্রচার সংবাদদাতা মার্ক টালি। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে মার্ক টালি ছিলেন বাঙালি মুক্তিযোদ্ধাদের আশার আলো। রেডিওতে কান পেতে সকাল-সন্ধ্যা বিবিসিতে মার্ক টালির কণ্ঠ শোনার জন্য অপেক্ষায় থাকত পুরো দেশ। বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গঠনে তার ভূমিকা ছিল অনন্যসাধারণ।

বাংলাদেশ সরকার তাঁকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দিয়েছে।\r\nএকাত্তরের জুনের তৃতীয় সপ্তাহ। পাকিস্তানি সামরিক জান্তা বিদেশি সাংবাদিকদের পূর্ব পাকিস্তান সফরের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বিবিসি মার্ক টালিকে পাঠায় বাংলাদেশে। সীমান্তবর্তী শরণার্থী শিবির ও বিভিন্ন জেলা ঘুরে তিনি বাঙালিদের প্রকৃত দুর্দশার চিত্রসহ যুদ্ধের খবর পাঠান। রণাঙ্গনের সেসব খবর বিশ্ববাসীর বিশ্বাসের অন্যতম অবলম্বন হয়ে ওঠে। মার্ক টালি ঢাকায় ২৫ মার্চের বর্বর হামলা প্রত্যক্ষ করেছিলেন। পরে তাঁকে ঢাকা ছেড়ে যেতে হয় বাধ্য হয়ে। বেশ ক বছর আগে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে মার্ক টালি জানান, ২৫ মাচের পর পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ ঢাকা ও এর আশপাশের কিছু এলাকা সাংবাদিকদের ঘুরে দেখায়।

সবকিছুই ঠিকঠাক আছে তা বোঝানোই ছিল পাকিস্তানি বাহিনীর উদ্দেশ্য। মার্ক টালি বাংলাদেশকে ভালোবেসে ছিলেন। নিবিড় পর্যবেক্ষক ছিলেন তিনি মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহের। তিনি মনে করতেন, শুধু গণমাধ্যম নয়, রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোও দুর্বল হয়ে পড়েছে। সবল হয়েছে পুলিশ ও আমলাতন্ত্র। সরকার পুলিশ ও তদন্ত সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগাচ্ছে। ফলে ন্যায়বিচার পাওয়া হয়ে পড়েছে দুঃসাধ্য।\r\nপ্রায় কুড়ি বছর আগে বাংলাদেশের সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, বাংলাদেশে ঢুকে আমি দেখলাম, সত্যিই সে এক অসম্ভব পরিস্থিতি। এখন হোক আর ১০ বছর পরে হোক এ দেশের পক্ষে স্বাধীন না হয়ে আর কোনো উপায়ই নেই। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বন্ধন টিকে থাকার কোনো অবস্থাই অবশিষ্ট নেই আর। বাঙালি জনগোষ্ঠীর ঐক্য পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। এরপর লড়াই যখন চলতে থাকল এবং ভারত যখন অবশেষে প্রত্যক্ষ যুদ্ধে জড়িয়ে পড়ল, তখন স্পষ্ট হয়ে উঠল যে, যুদ্ধ এবার শেষ হতে চলেছে। তবে এ কথাও সত্য, মাত্র দেড় সপ্তাহের সর্বাত্মক যুদ্ধের মাথায় যখন পাকিস্তান সেনাবাহিনী একেবারে ভেঙে পড়ল, তখন বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম। মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু মার্ক টালিকে বাংলাদেশের মুক্তিকামী মানুষ চিরকাল মনে রাখবে, জানাবে শ্রদ্ধা।