দেশে শিক্ষার মান নিয়ে প্রায়ই প্রশ্ন উঠে বিভিন্ন মহলে। এক্ষেত্রে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকের দায়ও কম নয় কোন অংশে। ভালো শিক্ষক তৈরির জন্য ভালো প্রশিক্ষণের বিকল্প নেই। বাস্তবে দেশে শিক্ষকদের জন্য যথেষ্ট উন্নত ও ভালো মানের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট নেই। শিক্ষকদের প্রশিক্ষণের পর্যাপ্ত ব্যবস্থাও নেই। সরকারি পর্যায়ে যে ১৪টি বিটি কলেজ রয়েছে সেগুলো মোটামুটিভাবে চললেও যথেষ্ট উন্নত এবং সর্বাংশে আধুনিক প্রযুক্তি নির্ভর ও সুযোগ সুবিধাসম্পন্ন এমন বলা যাবে না। তদুপরি আসন সংখ্যা সীমিত।

সে তুলনায় শিক্ষক প্রশিক্ষণ গ্রহণে আগ্রহীদের সংখ্যা বিপুল। এই ডিগ্রি বা সনদ থাকলে শিক্ষকরা একটি স্কেল পান। বেতন বাড়ে। সেই সঙ্গে কিছু মর্যাদা। বাস্তবে কাজের কাজ কিছুই হয় না। এই ডিগ্রি পাওয়ার পর একজন ব্যক্তির ভালো শিক্ষক হওয়ার কথা। সর্বোপরি তিনি হবেন আধুনিক ও স্মার্ট, একজন ভালো মানের উপস্থাপক। তিনি শিক্ষার্থীদের কঠিন বিষয় বুঝিয়ে দিবেন সহজভাবে। একই সঙ্গে চোখ খুলে দেবেন শিক্ষার্থীদের। যাতে তারা নিয়মিত শিখন-লিখনসহ বিভিন্ন বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। তদুপরি হাতেকলমে শেখাতে ও বোঝাতে পারে। বিএড বা ব্যাচেলর অব এডুকেশন কোর্সের মূল লক্ষ্য হলো একজনকে দক্ষ সৃজনশীল যোগ্য ও পেশাদার শিক্ষক হিসেবে গড়ে তোলা। মূলত শিক্ষণ পদ্ধতি, পাঠদান, মূল্যায়ন ও শ্রেণিকক্ষ পরিচালনায় প্রশিক্ষণ দেওয়া।

শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ বাড়াতে আধুনিক ও কার্যকর শিক্ষণ কৌশল শেখানো। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের মাঝে জ্বেলে দেবেন প্রদীপের শিক্ষক তথা জ্ঞানের আলো। দেশে প্রকৃতপক্ষে উঁচুমানের জ্ঞানী দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের প্রচ- অভাব। বর্তমানে নিবেদিতপ্রাণ শিক্ষক নেই বললেই চলে। বাস্তবে শিক্ষক প্রশিক্ষণের সূতিকাগার প্রশিক্ষণ কেন্দ্র তথা বিএড শিক্ষকের বেসরকারি টিচার্স ইনস্টিটিউটগুলোতেই রয়েছে শিক্ষকের প্রচ- ঘাটতি। অধিকাংশ বেসরকারি বিএড কলেজের নিজস্ব ক্যাম্পাস নেই। অনেকের নিজস্ব অফিস পর্যন্ত নেই। ভাড়া করা বাসায় বা বাসাবাড়িতে চলছে শিক্ষক প্রশিক্ষণের কার্যক্রম। অনেকগুলো কোন বেসরকারি স্কুল বা কলেজের অভ্যন্তরে অবস্থিত। তদুপরি লাইব্রেরি নেই, প্রয়োজনীয় বইপত্র নেই, নেই শিক্ষা উপকরণ ও কম্পিউটার। কোন কোনটিতে প্রিন্সিপাল পর্যন্ত নেই। নামসর্বস্ব এসব বিএড কলেজ শুধু বাণিজ্য করছে। অনেকগুলো শুধু সনদনির্ভর। কোন কোন প্রিন্সিপাল মোটরসাইকেলে ভারী ব্যাগ নিয়ে ঘুরে বেড়ান শিক্ষার্থীর সন্ধানে। মূলত ব্যাগটিই কলেজের অফিস। ট্রেনিং পেতে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে সনদের বিনিময়ে হাতিয়ে নিচ্ছেন ৫০-৬০ হাজার টাকা। এসবই চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাকের ডগায়। প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এসব ভুয়া বেসরকারি টিটি কলেজগুলোকে আবার অনুমোদনও দেওয়া হয় অর্থের বিনিময়ে।

মূলত শিক্ষা মন্ত্রণালয়ের কতিপয় অসাধু অসৎ কর্মচারীর যোগসাজসে এসব অনিয়ম-দুর্নীতি-অব্যবস্থাপনা প্রাধান্য পাচ্ছে। রাজধানীসহ সারাদেশে ৭২টি বেসরকারি টিটি কলেজ অবিলম্বে যথাযথ ও নিরপেক্ষ তদন্তপূর্বক ভুয়া ও প্রায় অস্তিত্বহীন কলেজগুলোকে অবিলম্বে বন্ধ করে দেওয়া দরকার। তা না হলে শিক্ষার মান বাড়বে না কিছুতেই।