রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিত ভজোসা মুসলিউ তাঁর সর্বশেষ বই ‘গার্লহুড অ্যাট ওয়ার’-এ কসোভোর ১৯৯৮-৯৯ সালের যুদ্ধের গল্প তাঁর ১২ বছর বয়সী সন্তানের চোখে তুলে ধরেছেন। মুসলিউ বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর কীভাবে আন্তর্জাতিক সংস্থাগুলো কসোভোতে বসবাসকারী সার্ব ও আলবেনীয়দের জন্য পুনর্মিলন এবং শান্তি প্রতিষ্ঠার ওপর কর্মশালার আয়োজন করতে শুরু করে। ‘লিটল রেড রাইডিং হুড’-এর শেষ অধ্যায়ে তিনি ২০০২ সালে কিশোর বয়সে অংশ নেওয়া এমন একটি অধিবেশনের বর্ণনা দিয়েছেন। বেলজিয়াম ও যুক্তরাজ্যের সহায়তাকারীদের নেতৃত্বে কর্মশালাটি লিটল রেড রাইডিং হুডের গল্প দিয়ে শুরু হয়েছিল, যা অংশগ্রহণকারীদের নেকড়ের দৃষ্টিকোণ থেকে পুনর্কল্পনা করতে বলা হয়েছিল।

পুনর্কল্পিত সংস্করণে, ব্যাপক বন উজাড়ের ফলে নেকড়েটি ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তাই যখন সে লাল ফণা পরা মেয়েটির সঙ্গে দেখা করে, তখন সে কয়েক সপ্তাহ অভুক্ত ছিল। ক্ষুধা ও ভয়ে উত্তেজিত হয়ে নেকড়েটি দাদি ও মেয়েটিকে খেয়ে ফেলে। গল্পটি মুসলিউ ও তাঁর সহকর্মীদের বিভ্রান্ত করেছিল, যাদের প্রথমে বুঝতে অসুবিধা হচ্ছিল ক্ষুধা কীভাবে নেকড়েটি ছোট মেয়ে এবং তাঁর দাদিকে হত্যা করার ন্যায্যতা দিতে পারে এবং দ্বিতীয়ত একটি পুনর্মিলন কর্মশালায় এই গল্পের উদ্দেশ্য কী। সহায়তাকারীরা ব্যাখ্যা করে বলেন, প্রতিটি গল্পের অনেক দৃষ্টিকোণ রয়েছে, সত্য মাঝখানে কোথাও লুকিয়ে আছে এবং সর্বদা বিভিন্ন সত্য থাকতে পারে।

যদিও এটা অদ্ভুত যে, ২০ বছরেরও বেশি সময় পর আমি একই রকম পরিস্থিতির মুখোমুখি হই। অক্টোবরে আমি ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ওএসসিই) আয়োজিত এক কর্মশালায় যোগ দিয়েছিলাম, যেখানে কসোভো ও সার্বিয়ার তরুণীদের একত্রিত করে তাদের সংলাপ ও শান্তি প্রতিষ্ঠা শেখানো হয়েছিল। মুসলিউর মতো আমাদেরও একজন বিদেশি সহায়তাকারী এবং বেশ কয়েকজন আন্তর্জাতিক বক্তা ছিলেন। এবার তারা দুজন সহায়তাকারীও যুক্ত করেছিলেন; একজন কসোভো, আরেকজন সার্বিয়া থেকে। এটা স্পষ্ট ছিল, উভয়কেই অনুসরণ করার জন্য একটি বিস্তারিত স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল, যা থেকে তারা বিচ্যুত হতে পারেনি।

প্রশিক্ষণের প্রথম দিন শান্তি সম্পর্কে আমরা কী বুঝি তা ব্যাখ্যা করতে বলা হয়েছিল। তাই আমরা বিভিন্ন গল্প একে অপরকে বলেছিলাম, যার মধ্যে অনেকটিই ছিল বেদনাদায়ক। কিছু গল্প এখনও আমার মনে গেঁথে আছে। আয়োজক আমাদের কথা নিয়ে কম চিন্তিত বলে মনে হয়েছিল এবং আমাদের ১৫ মিনিট দেরিতে আসা নিয়ে উনি বেশি ব্যস্ত ছিলেন। সেই গল্পগুলো যে আবেগ, সাহস ও দুর্বলতার গভীরতা বহন করে, সে সম্পর্কে খুব কমই বোঝাপড়া ছিল বলে মনে হয়েছিল।

দ্বিতীয় দিন আমরা মিলনাত্মক সমঝোতা সম্পর্কে শিখেছি। উপস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সমঝোতার জন্য ‘সমস্যা থেকে মানুষকে আলাদা করা’ প্রয়োজন। আমি এটি পড়েছিলাম এবং আমার বুকে কিছু একটা অনুভব করেছিলাম; আমি আর পড়া চালিয়ে যেতে পারিনি। যুদ্ধকালে আমার পরিবার ও সম্প্রদায়ের ওপর কী হয়েছিল তা আমি যখন জানি, তখন আমার পক্ষে কীভাবে সমস্যা থেকে মানুষকে আলাদা করা সম্ভব? সার্ব বাহিনী তাদের পাড়ায় প্রবেশের আগেই আমার বাবা-মা আলবেনিয়ায পালিয়ে যেতে বাধ্য হন। আর যখন তারা ফিরে আসেন, তখন তাদের বাড়ি ভাঙচুর, জিনিসপত্র নষ্ট করা হয় এবং কিছু কিছু খুঁজেও পাওয়া যায়নি। হারানো জিনিসপত্রের মধ্যে ছিল আমার মায়ের বিয়ের পোশাকও।

অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে অপরাধ ঘরবাড়ি ভেঙে দেওয়ার বাইরেও ছড়িয়ে পড়েছিল। জাতিগত আলবেনীয় আট সহস্রাধিক বেসামরিক নাগরিককে হত্যা অথবা গুম করা হয়েছিল; ২০ সহস্রাধিক মেয়ে, ছেলে, মহিলা ও পুরুষকে ধর্ষণ করা হয়েছিল। এসব গল্প জেনে আমার বুঝতে অসুবিধা হচ্ছিল– যুদ্ধের সময় যাদের পরিবারের সদস্যরা বাস্তুচ্যুত, ধর্ষিত, নির্যাতিত বা নিহত হয়েছে, তাদের এক দল তরুণী কীভাবে বলতে পারে, সমস্যাটিকে মানুষের থেকে আলাদা করতে হবে।

আমার মনে হয়, বিদেশি সাহায্যকারীদের পক্ষে এটা করা সহজ। কারণ শান্তি প্রতিষ্ঠার কর্মশালা শেষে তারা একটি ট্যাক্সি নিয়ে বিমানবন্দরে যেত, বাড়ি ফিরত এবং যুদ্ধ থেকে শান্তিতে রূপান্তর এবং এর মধ্যবর্তী সব যন্ত্রণার সঙ্গে লড়াই করে বেঁচে থাকাদের পেছনে ফেলে আসত। তবে তারা কীভাবে তাদের পার্থক্যগুলো ঘুচাবে?

পুহিজা শেমসেদিনি: সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী; আলজাজিরা থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম