আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে, দেশে বিদ্যুৎ ও গ্যাসের ভোগান্তি বাড়ার প্রবল আশঙ্কা রয়েছে। ডলার সংকট ও বৈশ্বিক জ্বালানি অস্থিরতায় সময়মতো জ্বালানি আমদানি না হলে, উৎপাদন সক্ষমতা থাকলেও লোডশেডিং এবং শিল্পে গ্যাস সরবরাহ কমার সম্ভাবনা রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানির প্রায় ৬৫% আমদানি করতে হয়েছে । আসন্ন গরমকালে বিদ্যুতের চাহিদা বাড়বে। এর ফলে হবে লোডশেডিং। যদিও বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদা অনুযায়ী বিদ্যুতের উৎপাদন নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা চলছে। বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু উৎপাদন বাড়লেও এবারের গ্রীষ্মে প্রায় আড়াই হাজার মেগাওয়াটের লোডশেডিং হতে পারে। সেই সঙ্গে বাসাবাড়ি ও কারখানায় বাড়বে গ্যাস সংকট।

সামনেই আসছে গ্রীষ্মকাল। গরমে স্বাভাবিকভাবেই বিদ্যুতের চাহিদা বাড়বে। এর মধ্যে আবার শুরু হবে সেচ মৌসুম। একই সঙ্গে শুরু হবে পবিত্র রমজান। তখন তুলনামূলকভাবে বিদ্যুতের চাহিদা অনেক বাড়বে। ফলে চাহিদামতো বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি সংস্থান দুরূহ হবে। খাত-সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বিদ্যুতের বকেয়া বিলের পরিমাণ অন্তর্র্বর্তী সরকারের আমলে খুব বেশি কমেনি। আবার বিল না পাওয়ায় বেসরকারি খাতের উদ্যোক্তারা প্রাথমিক জ্বালানি ফার্নেস অয়েল ও কয়লা আমদানিতে হোঁচট খাচ্ছে। অর্থ সংকটে রয়েছে গ্যাস খাত। বকেয়া ও ডলার সংকটে এলএনজি আমদানি ব্যাহত হতে পারে। দেশীয় উৎস থেকে গ্যাসের জোগান কমছে। ফলে আসছে গরমে চাহিদা অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। লোডশেডিং কমাতে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়ালে গ্যাসের সংকটও বাড়বে। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বে, ব্যাহত হবে কারখানার উৎপাদন কার্যক্রম। ডিসেম্বরে দেশে বিদ্যুতের চাহিদা সাড়ে ৭ হাজার মেগাওয়াটের নিচে নেমে এসেছিল। তাপমাত্রা এখন বাড়ছে, বিদ্যুতের চাহিদাও বাড়ছে। গত বছর গ্রীষ্মে সর্বোচ্চ চাহিদা ছিল সাড়ে ১৬ হাজার মেগাওয়াটের কাছাকাছি। এই চাহিদা পূরণ হয়নি। ফলে কিছুটা লোডশেডিং করতে হয়েছে। এবার চাহিদা আরও বাড়বে। কিন্তু জ্বালানি সংকটের কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

ক্রমবর্ধমান চাহিদা, গ্যাস সংকট, বাড়তে থাকা আমদানিনির্ভরতা ও ভর্তুকির চাপে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত এখন কাঠামোগত সংকটের মুখে রয়েছে। এই বাস্তবতায় আগামী ২৫ বছরের জন্য নতুন পরিকল্পনা নিয়ে এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান ২০২৫ প্রণয়ন করেছে অন্তর্র্বর্তী সরকার। এই পরিকল্পনার মূল লক্ষ্য আমদানিনির্ভরতা কমানো, দেশীয় গ্যাস অনুসন্ধান বৃদ্ধি এবং টেকসই সবুজ জ্বালানিতে গুরুত্ব দেওয়া। কিন্তু বর্তমানকে কীভাবে নিয়ন্ত্রণ করে, সামগ্রিক চাহিদা সামলে সামনে অগ্রসর হতে হবে সেই বিষয়ে সুস্পষ্ট ধারণা দেশবাসীর নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুস্পষ্ট ব্যাখ্যা ও সমাধানের পথনির্দেশ করলে, দেশবাসী আশ্বস্ত হতে পারেন। না হলে গ্যাস-বিদ্যুৎ নিয়ে বিভিন্ন ধরনের তথ্যগত বিভ্রান্তি এবং বাস্তবতাকে অস্বীকার করে, গায়ের জোরে কিছু অপতথ্য ছড়ানো হতে পারে। সেদিকে সতর্ক থাকা দরকার। একই সঙ্গে বলা যায় সামনেই গ্যাস-বিদ্যুতের প্রবল সংকট দেখা দেবে। এই সংকট থেকে দ্রুত কীভাবে নিষ্কৃতি পাওয়া যায়, সেই পথের সন্ধান করতে হবে। কারণ মানুষকে বিভিন্ন সংকট থেকে নিষ্কৃতি দেওয়াই সরকারের দায়িত্ব ও কর্তব্য।