আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতির ময়দানে উদ্বেগ, উৎকণ্ঠা ও আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি প্রতিশ্রুতির বাঁধহীন জোয়ার রাজনীতির বাজারে নিছক সস্তা বয়ান নয়, বরং ৫ আগস্ট উত্তর নতুন বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামোর প্রশ্নে এক কঠিন পরীক্ষার ইঙ্গিত বহন করছে। নির্বাচনকে সামনে রেখে দেশের প্রথম সারির দলগুলোর পাশাপাশি ছোট দলগুলোও নানা অঙ্গীকারের ডানা মেলে ধরছে জনগণের সামনে। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত একটি নির্বাচনী সংলাপে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হামিদুর রহমান আজাদ, নাহিদ ইসলাম ও মুজাহিদুল ইসলাম সেলিম যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিপাদ্য এমনটি দাঁড়ায়- রাজনৈতিক প্রতিশ্রুতি জনগণের কাছে আর কথার ফুলঝুড়ি হয়ে থাকতে পারে না।
এবার তার বাস্তবায়ন দেখতে চায় দেশের জনগণ।\r\nবিএনপি মহাসচিব মির্জা ফখরুল যথার্থভাবেই স্মরণ করে বলেছেন, দীর্ঘ ১৫ বছরের দমন-পীড়ন, রক্তপাত ও সর্বশেষ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে, তা যদি হাতছাড়া হয়, তবে সেটি হবে ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। নির্বাচন বিলম্ব মানেই সময়ক্ষেপণ নয়; এটি নির্বাচন বানচালের অপচেষ্টার জন্য তৈরি করবে নতুন সুযোগ। আমাদের এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে দ্বিধা, সংশয় ও অস্থিরতা বাড়লে সবচেয়ে লাভবান হয় সেই অপশক্তি, যারা গণতন্ত্র নয় ফ্যাসিবাদের পুনরাবির্ভাব চায়।
জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আজাদ দৃঢ়তার সঙ্গে বলেছেন, ইনসাফের বাংলাদেশ গড়ার কথা- যেখানে থাকবে দুর্নীতিমুক্ত সমাজে নিরাপদ নাগরিক জীবন, অবৈতনিক শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সুবিচার এবং লিঙ্গবৈষম্যহীন সমাজ কাঠামো। কিন্তু জনগণের একটাই প্রশ্ন- এই প্রতিশ্রুতি কি কেবল নির্বাচনী বক্তৃতায় সীমাবদ্ধ থাকবে। নাকি ক্ষমতায় গেলে তা আলোর মুখ দেখবে?\r\nএই সন্দেহ ভাঙার দায়িত্ব রাজনীতিবীদদের নিতে হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তরুণ রাজনীতিবিদ নাহিদ ইসলাম আরও একধাপ এগিয়ে স্বীকার করেছেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাস আসলে প্রতিশ্রুতি ভাঙার ইতিহাস। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পরও রাজনীতিবিদরা প্রতিশ্রুতি রক্ষা করেননি। ফলে সংসদীয় গণতন্ত্র আবারও রূপ নিয়েছে ফ্যাসিবাদে। আমরা মনে করি, এই আত্মসমালোচনা অতি গুরুত্বপূর্ণ উপলব্ধি। তবে আত্মসমালোচনা তখনই অর্থবহ হবে, যখন তা জবাবদিহি, স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের স্পষ্ট রূপরেখায় রূপ নেবে। নির্বাচন গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু নির্বাচনেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমন সরল বিশ্বাস জাতির জন্য বিপজ্জনক। নির্বাচন বানচালের লক্ষ্যে প্রার্থীর ওপর পরিকল্পিত হামলায়-গণ-অভ্যুত্থানের চেতনা এখনো ঝুঁকির মুখে। বাংলাদেশে রাজনীতির সবচেয়ে বড় সংকট প্রতিশ্রুতির সংকট। জনগণ দেখতে চায়, সুশাসন ও জাতীয় মর্যাদা প্রতিষ্ঠায় বৈষম্যহীন সমাজ বিনির্মাণ এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। নইলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না।
