কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঘেঁষে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটক। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক মূলত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগের প্রধান ব্যস্ততম এবং একমাত্র পথ। এই সুপ্রশস্ত মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার দূরপাল্লার যানবাহন চলাচল করে অবিরাম এবং একই সঙ্গে পাল্লা দিয়ে সেই ঝুঁকিপূর্ণ সড়ক অতিক্রম করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উনিশ হাজারের অধিক শিক্ষার্থী। প্রশস্ত এই মহাসড়কে পথচারী চলাচলের জন্য নির্দিষ্ট ফুটপাত নেই। নেই পারাপারের জন্য কোনো ফুট ওভারব্রিজ। নেই কোনো ট্রাফিক সিগন্যাল এবং জেব্রাক্রসিং। প্রতিদিন শিক্ষার্থীরা এভাবেই একটি ঝুঁকিপূর্ণ রাস্তা পার হচ্ছে এবং এ বিষয়ে নেই কোনো প্রশাসনিক তৎপরতা। সম্প্রতি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও অবরোধ করেছে। যদিও এতে লক্ষ্যণীয় কোন অগ্রগতি হয়নি। এমন উদাসীনতার কারণে ভুক্তভোগী হচ্ছে শিক্ষার্থীরা। এমতাবস্থায় শিক্ষার্থীদের নিরাপদে ও নির্বিঘ্নে চলাচলের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ক্যাম্পাস সংলগ্ন সড়কে প্রধান ফটকের সামনে ফুট ওভারব্রিজ বর্তমানে সময়ের দাবি। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক দৃষ্টি আকর্ষণ করছি।