সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদানের বাস্তব অগ্রগতি সরেজমিনে পরিদর্শনের জন্য মনিটরিং টিমের সদস্য হিসেবে বেশ কিছু প্রকল্প মনিটরিং করার সুযোগ হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বারডেম, সলিমুল্লাহ মেডিকেলসহ ঢাকা শহরের বেশ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬৭টি প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর তাদের গবেষণা উপস্থাপন করেন। এ সকল গবেষণার মধ্যে পেশায় ডাক্তার একজন গবেষক তার প্রকল্পের উপস্থাপনা শুরু করলেন। তার গবেষণার বিষয়টি এমন ছিল যে, ঢাকা শহরের বিভিন্ন ডিসপেনসারিতে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিক্রির পরিমাণের উপর একটি সার্ভে করা। আরও সহজভাবে বলা যায়, তার গবেষণার প্রতিপাদ্য বিষয়, ডিসপেনসারিতে বিভিন্ন প্রকার মেয়াদোত্তীর্ণ ওষুধ ক্রেতাদের কাছে কী পরিমাণ বিক্রি করছে সেটার একটা তুলনামূলক চিত্র তুলে ধরা। তবে সেটা ঢাকা শহরের হাতে গোনা নির্দিষ্ট কিছু এলাকায়। বিষয়টা শুনে আমরা মনিটরিং টিমের সবাই অবাক হলাম। ওষুধ সেটা আবার মেয়াদোত্তীর্ণ! তাও সেটি দেদারছে বিক্রি হচ্ছে! আবার, সেই মেয়াদোত্তীর্ণ ওষুধের কী পরিমাণ বিক্রি হচ্ছে সেটির পরিসংখ্যান বের করার জন্য গবেষকদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ কী পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারে বিক্রি হচ্ছে, সেটার তালিকা বের করতে হবে।

সচারাচার ডিসপেনসারি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ কেনাটা অতটা সহজসাধ্য বিষয় নয়। এজন্য গবেষকের কাছে আমাদের প্রশ্ন ছিল কীভাবে তারা এই কাজটি করেছেন। উত্তরে তিনি তার কাজের বর্ণনা দিলেন। গবেষক মূলত পারিশ্রমক দিয়ে কিছু লোক নিয়োগ করেছেন। যারা ক্রেতা সেজে বিভিন্ন ডিসপেনসারি থেকে ওষুধ কিনতে গেছেন। এসকল ক্রেতাদের উদ্দেশ্যই ছিল ডিসপেনসারি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ক্রয় করা। তবে সেগুলো ব্যবহারের উদ্দেশ্যে নয়। শুধুমাত্র গবেষণার স্বার্থে তারা এই কাজ করেছেন। প্রথমে ডিসপেনসারির লোক তাদের কাছে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করতে চাইত না। কেননা, তারা এসব অপরিচিত লোকদের বিশ্বাস করতে চাইত না। যদি তারা আইনের আশ্রয় নেয় তখন বেশ ঝক্কি-ঝামেলা আছে। এই ভয়ে ডিসপেনসারির লোকজন মেয়াদোত্তীর্ণ ওষুধ বিশ্বস্ত কিংবা চেনা জানা লোক ব্যতীত যে কারো কাছে বিক্রি করতে সম্মত হইনি। পরে গবেষকের নিয়জিত এসব লোকেরা নানাভাবে ডিসপেনসারিতে থাকা লোকদের আশ্বস্ত করেছে যে তারা আসলে এলাকায় নতুন এসেছে এবং নিয়মিত মেয়াদোত্তীর্ণ ওষুধ নেবে। ডিসপেনসারিরই লোকদের তারা বুঝিয়েছেন যে, মূলত তারা বেশ আর্থিক টানাপোড়নের মধ্য দিয়ে দিন অতিবাহিত করেন। পরিবারের ভরণপোষণ সামলে পরিবারের সবার জন্য ওষুধ কিনে সেবনের মতো সামর্থ্য তাদের নেই। এজন্য একটু কম দামে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিতে চান। ডিসপেনসারির লোকদের অনেকভাবে বোঝানোর পরে তারা রাজি হয়েছে এবং এখন নিয়মিতহারেই মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে যাচ্ছে এবং ঐ গবেষকের গবেষণাও সম্পন্ন হচ্ছে।

বাস্তব অভিজ্ঞতার আলোকে আরও একটি উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে খুলনা শহরের পাইকারি ওষুধের মার্কেটে গিয়েছিলাম। আমার শাশুড়ির জন্য কিছু ওষুধ কিনতে। মূলত আমার শ্যালক এবং আমিই গিয়েছিলাম। শ্যালকের পরিচিত কিছু দোকান আছে। সেসব দোকানে গিয়ে প্রয়োজনীয় ওষুধের নাম বললে দোকানদার তড়িৎ গতিতে সেসব ওষুধ বের করে দেয়। তবে ওষুধ চাওয়ার সময় নাম বলে সাথে বলতে হবে ‘স্যাম্পল’টা দেন। দোকানদারদের স্বতঃস্ফূর্ততা দেখে বুঝেই ফেললাম এসব স্যাম্পল এখানে নিয়মিত হারে এবং ওপেনলি বিক্রি হয়। দোকান থেকে ওষুধ দেওয়ার পর কৌতূহল নিয়ে ওষুধের বক্স খুলে দেখলাম সবগুলো ওষুধ একটা করে আলাদা আলাদা। কোনো কোনো ক্ষেত্রে ২টা বা ৩টা একসাথে। তবে এর বেশি না। আমি শ্যালকের কাছে জিজ্ঞাসা করলাম ‘ওষুধ সবগুলো এমন একটা একটা আলাদা কেন?’ শ্যালক বললেন, ‘এটা উনি নিয়মিত নেন। ওষুধের নাম বলে স্যাম্পল চাইলেই এগুলো দেন। এগুলোর দাম পাতাওয়ালা ওষুধের প্রায় অর্ধেক। দাম কম হওয়ায় প্রায় সব ধরনের ওষুধই উনি এখান থেকে নেন’। তবে এই মার্কেটে সব দোকানে এই ধরনের ওষুধ পাওয়া যায় এবং ক্রেতাদেরও যথেষ্ট চাহিদা রয়েছে এসব ওষুধের। বিষয়টি একটু পরিষ্কার হওয়ার জন্য দোকানদারের কাছে ওষুধগুলো এমন একটা একটা করা কেন এই প্রশ্ন জিজ্ঞাসা করলাম। দোকানদারদের উত্তর এমনটা ছিল, এগুলো মূলত লোকাল ডিসপেনসারি থেকে তারা নিয়ে আসেন। ডিসপেনসারিতে ওষুধ বিক্রির পরে যখন ওষুধের পাতা শেষের দিকে চলে আসে তখন সেখানে মেয়াদোত্তীর্ণের তারিখ থাকে না বলে ক্রেতা আর নিতে চায় না এজন্য সেগুলো কম দামে তারা নিয়ে আসেন এবং কম দামে এখানে বিক্রি করেন।

আর একটু পরিষ্কার করে বিষয়টা বুঝিয়ে বললে এমন দাঁড়ায় যে, একটা পূর্ণ ওষুধের পাতার মূলত একপ্রান্তে (কোনো কোনো ক্ষেত্রে অবশ্য পাতার উভয় প্রান্তে) ঐ ওষুধের মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা থাকে। ডিসপেনসারিতে খুচরা ওষুধ বিক্রির সময় মূলত যেপ্রান্তে তারিখ লেখা থাকে না সেই প্রান্ত থেকেই কেটে ডিসপেনসারি ওয়ালা বিক্রি করেন। যাতে করে একেবারে শেষে যিনি ওষুধ নেবেন তিনি যদি ইচ্ছা করেন তাহলে যেন সহজেই ওই ওষুধের মেয়াদ দেখতে পারেন। এই বিষয়টি আমার ভালো ভাবেই জানা আছে। তাই আমি দোকানদারের দেওয়া তথ্যের সাথে একমত হতে পারিনি। আরও একটু ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করায় একজন বললেন, এগুলো ডাক্তারদের কাছ থেকেও কিছুটা নেন। ডাক্তাররা বিভিন্ন কোম্পানি থেকে কোম্পানির স্পন্সরের জন্য বেশ কিছু ওষুধ গিফট পেয়ে থাকেন। যেগুলো মূলত চিকিৎসকের স্যাম্পল বা কিছু ক্ষেত্রে বেচা বিক্রি নিষিদ্ধ বলে গায়ে সিল করা থাকে। দোকানদারের ভাষ্যমতে, ডাক্তাররা এসব ওষুধ নাকি এভাবে কেটে একটা একটা করে বিক্রি করেন, যাতে করে কেউ বুঝতে না পারে যে, এটা চিকিৎসকদের স্যাম্পল। দোকানদারের এবারের ব্যাখ্যা কিছুটা হলেও যুক্তিসঙ্গত মনে হল। কিন্তু ওনার দুই প্রকারের কথায় আমি মোটামুটি পরিষ্কার যে, এই ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ার আশঙ্কা বেশি। যাতে করে মেয়াদ বোঝা না যায় এজন্য মেয়াদোত্তীর্ণের তারিখ কেটে বাদ দিয়ে প্রতিটি ওষুধ এভাবে আলাদা আলাদা একটা একটা করে বিক্রি করা হচ্ছে।

যাইহোক ওষুধ নিয়ে বাসায় পৌঁছে সেবনকারীর কাছে ওষুধে কাজ হয় কিনা এটা জিজ্ঞাসা করলে তার উত্তর ছিল ‘হ্যাঁ’। তার মানে হচ্ছে, ওষুধ মেয়াদোত্তীর্ণ হলেও পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। এজন্য ওষুধে কাজ করে। এরপর মেয়াদোত্তীর্ণ ওষুধের কার্যকারিতা সম্পর্কে কিছুটা জানতে চেষ্টা করি। বিভিন্ন ওষুধ কোম্পানিতে চাকরি করে এমন কিছু পরিচিতদের থেকে কিছু তথ্য জানার চেষ্টা করলাম। জানার চেষ্টা করলাম ইন্টারনেট থেকেও। সব তথ্য জানার পরে এমনটা পেলাম যে, ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ার পরে কিছুদিন ভালো থাকে। এই কিছুদিন যে কতদিন হবে সেটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। আমরা সবাই জানি যে, বেশিরভাগ ওষুধে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। রাসায়নিক উপাদানের বিশেষত্ব হলো সময়ের সাথে সাথে তার প্রভাব পরিবর্তিত হয়। ওষুধের ক্ষেত্রেও তাই। বাতাস, আর্দ্রতা, তাপ, আলো ইত্যাদির কারণে অনেক সময় ওষুধের কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে, যার কারণে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে। এজন্য উৎপাদনের পরে প্রতিটি ওষুধের একটা নির্দিষ্ট মেয়াদোত্তীর্ণের তারিখ থাকে, যার মানে ধরে নেওয়া হয়, ওই মেয়াদোত্তীর্ণ তারিখের পর ওই ওষুধ খারাপ হয়ে যায়। এজন্য ওষুধের মেয়াদোত্তীর্ণ তারিখের সাথে থাকে সাবধানবাণী। সহজ ভাষায় বলা যায়, মেয়াদোত্তীর্ণ তারিখ হলো একটা ওষুধের কার্যকর থাকার নির্দিষ্ট সময়। এটার মানে ওষুধে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক উপাদানগুলোর যে কম্পোজিশন ব্যবহৃত হয় সেগুলো কতদিন ঠিক থাকবে তার ঘোষণা।

বিশেষজ্ঞদের মতে, মেয়াদোত্তীর্ণের তারিখ পেরিয়ে যাওয়ার পর সেই ওষুধ খেলে ক্ষতি হতে পারে। রাসায়নিক সংমিশ্রণে পরিবর্তনের কারণে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা পণ্যগুলো কম কার্যকর বা ঝুঁকিপূর্ণ হতে পারে। কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যাকটেরিয়া বৃদ্ধির ঝুঁকিতে থাকে এবং উপ-শক্তিশালী অ্যান্টিবায়োটিকগুলো সংক্রমণের চিকিৎসা করতে ব্যর্থ হতে পারে, যা আরও গুরুতর অসুস্থতা এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধের দিকে পরিচালিত করে। তাই মেয়াদ শেষ হওয়ার তারিখ পেরিয়ে গেলে ওষুধটি নিরাপদ এবং কার্যকর হবে এমন কোনো ধরনের নিশ্চয়তা নেই। ওষুধের মেয়াদ শেষ এর অর্থ এটি ব্যবহার করা যাবে না। এজন্য প্রতিটি চিকিৎসা সামগ্রীতে যেমন, ইঞ্জেকশন, ট্যাবলেট, ওয়েন্টমেন্ট, স্প্রে ইত্যাদি সব ক্ষেত্রেই উৎপাদনকারী প্রতিষ্ঠান নির্দিষ্ট মেয়াদ দিয়ে থাকে।

তাই বলা চলে, নিঃসন্দেহে এই মেয়াদোত্তীর্ণের তারিখ বেশ গুরুত্ব বহন করে। তাছাড়া একটা ওষুধের সেলফ লাইফ খুবই গুরুত্বপূর্ণ। ঐ সেলফ লাইফের ভিতরে ওষুধ কোথায় সংরক্ষণ করা হয়েছে ওষুধের কার্যকারিতার সাথে সেটির ওতপ্রোত সম্পর্ক রয়েছে। প্রতিটি রাসায়নিকের সংরক্ষণের জন্য একটি নির্দিষ্ট আর্দ্রতা, তাপমাত্রা, আলোর তারতম্যসহ ইত্যাদি নির্দেশক রয়েছে। এ কারণে একটি ডিসপেনসারি স্থাপনের সময় বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। যেগুলোর ব্যাত্যয় ঘটলে ডিসপেনসারি স্থাপনের অনুমতি মেলে না। এটা অনস্বীকার্য যে, মেয়াদোত্তীর্ণের পরে ওষুধের কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে। আবার ওষুধ প্রশাসন কিংবা ভোক্তা অধিকারের পক্ষ থেকে মাঝেমধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধের অনুসন্ধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যেখানে কোন ডিসপেনসারিতে যদি মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা হয় তাহলে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ জরিমানা, ডিসপেনসারি সিলগালা বা আরও অনেক ধরনের সাজা দেওয়া হয়। এজন্য যেসকল ডিসপেনসারিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হয় সেখানে সচারাচার সাধারণ ওষুধের সেলফ থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো সরিয়ে রাখে। একটু গোপন জায়গায় রেখে দেয় এবং ক্রেতাদের সাথেও সেভাবে গোপনে বিক্রি করে। ঐ প্রথমে যে বিষয়টি বললাম সেরকম। এজন্য ওই গবেষক গোপনে পারিশ্রমিক দিয়ে ক্রেতা সেট করে রেখেছেন।

আগেই বলেছি যে, ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও কিছুদিন পর্যন্ত ভালো থাকতে পারে বা থাকে। তবে এই কিছুদিন কিন্তু কতদিন সেটা বের করা অতটা সহজ নয়। বিষয়টির সাথে অনেক কিছুই জড়িত। যেমন, মেয়াদোত্তীর্ণের পরে ওষুধটি কোথায় সংরক্ষণ করা হয়েছিল অথবা মেয়াদ পার হয়ে যাবার পর ওষুধে কোনো পরিবর্তন এসেছে কিনা, খালি চোখে কিন্তু সেটা বোঝার কোন উপায় নেই। এছাড়াও, সংবেদনশীল ওষুধ এবং অ্যান্টিবায়োটিকসহ আরও কিছু ওষুধ মেয়াদোত্তীর্ণ তারিখের পর গ্রহণ করলে, কার্যকারিতা তো থাকেই না উল্টো রোগীর রোগ বেড়ে জীবন বিপন্নও হতে পারে। এজন্য সাবধানতার খাতিরে হলেও মেয়াদোত্তীর্ণের তারিখ পার হওয়ার পর কোন ধরনের ওষুধ গ্রহণ না করাই পরামর্শ দিচ্ছে বিশেজ্ঞরা। কিন্তু আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের আশায় মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও নকল ওষুধ অহরহ বিক্রি করছে। গরীব অসহায় ক্রেতারা অনেকে জেনে অথবা না জেনে এসব ওষুধ ক্রয় করছে। কেননা, অনেক সময় বিক্রেতা মেয়াদোত্তীর্ণ ওষুধ ক্রেতাদের কাছে মেয়াদ যুক্ত ওষুধের মতই বিক্রি করছে। বিক্রেতারা বিশেষ করে নিরক্ষর ক্রেতাদের কাছে এ ধরনের বাটপারির সুযোগ বেশি নিচ্ছে। ফলে মানুষের জীবননাশের মতো ঘটনাও ঘটছে। এজন্য মেয়াদোত্তীর্ণ ওষুধের সরবরাহ বন্ধে প্রশাসনের কঠোর হতে হবে।

ওষুধের ভেজাল রোধ, মেয়াদোত্তীর্ণ ওষুধের সরবরাহ বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরকে ঢেলে সাজাতে হবে। তাদের সক্ষমতা বাড়াতে হবে, দুর্নীতিমুক্ত করতে হবে এবং দেশব্যাপী ভেজাল ওষুধ উৎপাদন ও বিপণনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করতে হবে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওষুধের গুণগত মান নিয়মিত পরীক্ষা করার ব্যবস্থা করতে হবে। ওষুধের পাইকারি ও খুচরা বিক্রির ক্ষেত্রে কঠোর নীতিমালা প্রণয়ন এবং তার যথাযথ প্রয়োগ করতে হবে। প্রতিটি বিভাগীয় শহরেই ওষুধের পাইকারি বাজার থাকে। মূলত এই পাইকারি বাজারগুলো থেকেই সারা দেশে এসমস্ত নি¤œমানের ওষুধ সরবরাহ করা হয়। সেজন্যই বিভাগীয় পর্যায়ের পাইকারি ওষুধের বাজারে নিয়মিত তল্লাশি চালানো দরকার। কোনো লাইসেন্স প্রাপ্ত অথবা লাইসেন্স বিহীন কোম্পানি যাতে নকল ওষুধ তৈরি করতে না পারে সেজন্য ওষুধ প্রশাসনের ব্যাপক তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ যেন বাজারে সরবরাহ না হয় সে লক্ষ্যে দেশের বাজারগুলো ব্যাপক নজরদারির মধ্যে নিয়ে আসতে হবে। আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এ সমস্ত কর্মকা- বন্ধ করা সম্ভব। লেখক: গবেষক ও কলামিস্ট। ajoymondal325@yahoo.com