বিশ্বের উন্নত দেশগুলো বহু আগেই নগদবিহীন লেনদেন ব্যবস্থা বা ক্যাশলেস সোসাইটির দিকে অগ্রসর হয়েছে। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে ভারত, বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও চীন বিশেষভাবে আলিবাবা এবং টেনসেন্টের মতো কোম্পানির মাধ্যমে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করেছে। যেমন- আলিপে এবং উইচ্যাট পে। এই সিস্টেমগুলো ব্যবহারকারীদের স্মার্টফোনের মাধ্যমে সহজেই পণ্য এবং সেবার জন্য পেমেন্ট করতে সক্ষম করেছে। চীনের দ্রুত বৃদ্ধি পাওয়া ইন্টারনেট ব্যবহার এবং মোবাইল ফোনের বিস্তার ক্যাশলেস সোসাইটির জন্য একটি মঞ্চ তৈরি করেছে। মানুষের কাছে ব্যাংক অ্যাকাউন্ট এবং অর্থনৈতিক সেবা সহজলভ্য করা হয়েছে। অথচ বাংলাদেশ এখনো নগদ অর্থের ওপর নির্ভরশীল। যদিও আধুনিক ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ব্যবহার বাড়ছে।
কিন্তু বাস্তবতা হলো, আমাদের অর্থনীতির সিংহভাগ এখনো নগদনির্ভর। এই পরিস্থিতি দেশকে অনেক বিপদে ফেলছে। যেমন- কর ফাঁকি, দুর্নীতি এবং অর্থ পাচার। যদি দেশের ডিজিটাল লেনদেনের পরিমাণ বৃদ্ধি পায়, তবে এসব সমস্যা অনেকাংশেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।\r\nদেশের অর্থনীতিতে নগদ অর্থের ব্যবহার এতটাই প্রবল যে, শ্যাডো ইকোনমি বা অনানুষ্ঠানিক অর্থনীতি বেশি শক্তিশালী হয়ে উঠছে। দেশে এখনো প্রচুর অবৈধ লেনদেন ঘটে, যার কারণে অপ্রদর্শিত অর্থের প্রবাহ বাড়ছে এবং দুর্নীতি ও কালো টাকার ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। অথচ ক্যাশলেস লেনদেনের মাধ্যমে ডিজিটাল ট্রেল তৈরির সুযোগ তৈরি হয়, যা সরকারের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে পারে।
সেই তথ্যের ভিত্তিতে সরকারের রাজস্ব প্রশাসন কার্যকরীভাবে ট্যাক্স সংগ্রহ করতে পারবে।\r\nবাংলাদেশে গত কয়েক বছরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস), ইন্টারনেট ব্যাংকিং, কিউআর কোডভিত্তিক পেমেন্ট ও কার্ডভিত্তিক লেনদেনের বিস্তার ঘটেছে। তবে, এখনও দেশের অর্থনৈতিক খাতের মাত্র ৩৪.৫৯ শতাংশ লেনদেন ডিজিটাল মাধ্যমে হয়, বাকি ৬৫.৪১ শতাংশ লেনদেন নগদে সম্পাদিত হয়। ভারত, যেখানে ডিজিটাল লেনদেনের পরিমাণ প্রায় ৯৮ শতাংশ, তার তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক পিছিয়ে। অথচ ডিজিটাল লেনদেনের সুবিধাগুলো অস্বীকার করা সম্ভব নয়। এতে অর্থের ব্যবহার, স্বচ্ছতা, সময়ের সাশ্রয় ও একনিষ্ঠতা বাড়ে। বাংলাদেশের জনগণ এখনো বেশির ভাগ অর্থের লেনদেন নগদে করে থাকে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত নোটের পরিমাণ ছিল ৩ লাখ ৩ হাজার ৭৪৩ কোটি টাকা, যার মধ্যে প্রায় ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা নাগরিকদের হাতে ছিল। এক্ষেত্রে সরকার বিপুল পরিমাণ অর্থের অপচয় করছে, যা নগদ অর্থের পরিবহন, ছাপানো ও রক্ষণাবেক্ষণে ব্যয় হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান মনসুরও এই উদ্বেগ প্রকাশ করেছিলেন।\r\nতবে, ক্যাশলেস সোসাইটি গঠন করতে গেলে আমাদের সামনে বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, ডিজিটাল পেমেন্ট সিস্টেমের জন্য দেশে ভালো অবকাঠামো নেই। গ্রামীণ এলাকার অনেক মানুষ এখনো নগদ লেনদেনকেই বেশি নিরাপদ মনে করে। অপরদিকে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সাক্ষরতার অভাব একটি বড় সমস্যা।
যদি এসব বাধা অতিক্রম করা না যায়, তবে ডিজিটাল লেনদেনের প্রবৃদ্ধি সীমিত থাকবে এবং সমাজে বৈষম্য আরও বাড়তে পারে।\r\nবাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ডিজিটাল লেনদেনের জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন- ব্যাংকগুলোতে কার্ডভিত্তিক সেবা বৃদ্ধি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) সেবার বিস্তার এবং ডিজিটাল পেমেন্টের নিরাপত্তা উন্নত করা। তবে বাংলাদেশে ক্যাশলেস সোসাইটির গঠন এবং ডিজিটাল লেনদেন ব্যবস্থার উন্নতি নিশ্চিত করতে সরকারের জন্য কিছু নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া জরুরি। বর্তমান পরিস্থিতি এবং দেশীয় অর্থনীতির চাহিদার আলোকে সরকারকে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য নিম্নলিখিত নির্দেশনা দেওয়া যেতে পারে।
যেমন- (১)বাংলাদেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও কার্যকর করতে দেশের প্রান্তিক অঞ্চলগুলোতে ইন্টারনেট অবকাঠামো বিস্তার ঘটানো জরুরি। এই উদ্যোগের মাধ্যমে গ্রামের এলাকাগুলোর মানুষও সহজেই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে। ডিজিটাল অবকাঠামো তৈরির জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ বাজেট বরাদ্দ করা উচিত। (২) ডিজিটাল লেনদেন ব্যবস্থার নিরাপত্তা এবং ব্যবহারিক সুবিধাগুলো সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারকে সাইবার নিরাপত্তা, ডিজিটাল সাক্ষরতা এবং ক্রেডিট ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করতে হবে। এতে জনগণের মধ্যে আস্থা বাড়বে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রতি আগ্রহ তৈরি হবে।
(৩) দেশে ক্রেডিট কার্ড এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট পদ্ধতির ব্যবহার বৃদ্ধির জন্য একটি স্বচ্ছ চার্জ কাঠামো তৈরি করা উচিত। বর্তমানে অনেক গ্রাহক জানেন না বা ভুল বুঝে অতিরিক্ত চার্জ প্রদান করেন। এর জন্য সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট ও স্বচ্ছ চার্জ কাঠামো নির্ধারণ করতে হবে যাতে গ্রাহকদের আস্থা তৈরি হয় এবং তারা সঠিকভাবে পেমেন্ট ব্যবস্থায় অংশগ্রহণ করে। (৪) ডিজিটাল লেনদেনের প্রসারের জন্য ব্যাংক এবং ফিনটেক কোম্পানির মধ্যে সহযোগিতা বাড়ানো উচিত। বিশেষত, দেশে আরও বেশি পিওএস মেশিন স্থাপন করা এবং ফিনটেক কোম্পানির ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করতে হবে, যাতে ব্যবহারকারীরা সহজে ও দ্রুত লেনদেন করতে পারেন।
সরকারকে এ বিষয়ে একটি কার্যকরী নীতি প্রণয়ন করতে হবে, যা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমতা নিশ্চিত করবে এবং প্রতিযোগিতা বাড়াবে। (৫) ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করার জন্য সরকারকে নগদ লেনদেনের বিকল্প হিসেবে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহারকারীদের জন্য প্রণোদনা প্রদান করা উচিত। উদাহরণস্বরূপ, সরকার গ্রাহক এবং ব্যবসায়ীদের জন্য কিছু পেমেন্ট ট্যাক্স বা অফার দিতে পারে, যাতে ডিজিটাল পেমেন্টের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এবং নগদ লেনদেন কমানো যায়। (৬) ক্যাশলেস লেনদেনের সুরক্ষা নিশ্চিত করতে সাইবার সুরক্ষা আরও শক্তিশালী করা দরকার। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগে কড়া সাইবার সুরক্ষা ব্যবস্থা চালু করতে হবে।
এক্ষেত্রে, প্রয়োজনীয় আইন ও নীতিমালা বাস্তবায়ন করে প্রযুক্তিগত নিরাপত্তা বাড়াতে হবে। (৭) সরকারকে ক্যাশলেস সোসাইটির জন্য একটি সুস্পষ্ট ও টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে, যা দেশের অর্থনৈতিক পরিস্থিতি, জনগণের চাহিদা এবং প্রযুক্তিগত অবকাঠামো বিবেচনায় নিয়ে বাস্তবায়ন করা যাবে। এই পরিকল্পনায় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ব্যাংকিং সুবিধা, ফিনটেক উন্নয়ন এবং জনগণের জন্য ডিজিটাল সহায়তা অন্তর্ভুক্ত করা উচিত। এই পদক্ষেপগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ ক্যাশলেস সোসাইটির দিকে আরও দ্রুত অগ্রসর হতে পারবে এবং দেশের অর্থনীতি হবে আরও স্বচ্ছ, গতিশীল ও টেকসই।\r\nবাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে যদি আমরা ক্যাশলেস সোসাইটি গড়ে তুলি। ডিজিটাল লেনদেনের মাধ্যমে আমরা উন্নয়নশীল দেশের মান উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ, স্বচ্ছতা এবং গতির বৃদ্ধি দেখতে পারব। তবে, এটি একটি বড় উদ্যোগ, যেখানে সরকার, ব্যাংক, ফিনটেক প্রতিষ্ঠান, এবং জনগণ সকলেই একত্রে কাজ করতে হবে। ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে আমাদের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে এবং সেই পথেই আমরা সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারব। সার্বিক অর্থে ভবিষ্যতের নতুন দিগন্ত বাংলাদেশে ক্যাশলেস সোসাইটি, যা হবে এক যুগান্তকারী পদক্ষেপ।
