চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থা তৈরি ও পরিচালনার জন্য অপরিহার্য কম্পিউটার চিপ উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়া এবং তাদের সিইও জেনসেন হুয়াং সম্ভবত চীনের একটি গুপ্তচরবৃত্তির ফাঁদে পড়েছেন। এনভিডিয়া তাদের অত্যন্ত চাহিদাসম্পন্ন চিপগুলো সিঙ্গাপুরভিত্তিক ‘মেগাস্পিড’ নামে একটি স্বল্প পরিচিত ডেটা সেন্টার কোম্পানির কাছে বিক্রি করছিল। গত বছর মার্কিন কর্মকর্তারা এ আশঙ্কা প্রকাশ করেন যে আরোপিত বিধিনিষেধ এড়িয়ে মেগাস্পিড হয়তো চীনা কোম্পানিগুলোকে চিপ তৈরির জরুরি উপাদান সেমিকন্ডাক্টর পৌঁছে দিচ্ছে।

গত মাসে ‘নিউইয়র্ক টাইমস’ জানায়, মেগাস্পিডের একজন নির্বাহী কর্মকর্তা হুয়াং লে (যিনি ‘অ্যালিস হুয়াং’ নামেও পরিচিত এবং একজন চীনা নাগরিক) এনভিডিয়া প্রধানের সঙ্গে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ গড়ে তুলেছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, এই নারী আসলে চীনের গোয়েন্দা এজেন্ট। এনভিডিয়া তখন তাদের সিইওর সঙ্গে ওই নারীর যোগাযোগকে ‘স্বাভাবিক বা অপ্রত্যাশিত কিছু নয়’ আখ্যা দিয়ে জানায়, মেগাস্পিড ‘জাতীয় নিরাপত্তা সম্পর্কিত কোনো তথ্যই’ পায়নি। তবে গত রোববার কোম্পানির কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় এনভিডিয়ার সিইও বলেন: ‘আমি আমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলাম না। আমার কর্মকাণ্ড তাকে এবং আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত হতে পারে না।

আমি গভীরভাবে দুঃখিত।’ এরপর এনভিডিয়াও জানিয়েছে, ‘প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং একটি বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছেন– এমন সাম্প্রতিক প্রতিবেদনের প্রেক্ষিতে তারা একটি নিরপেক্ষ তদন্ত শুরু করছে।’ গত মাসে নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক বিবৃতিতে মেগাস্পিডও তাদের বর্তমান নেতৃত্ব ‘অভিযোগগুলোর পেছনের সত্য উদ্ঘাটনে প্রতিশ্রুতিবদ্ধ।’ ডোনাল্ড ট্রাম্প কী প্রতিক্রিয়া জানিয়েছেন? নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এক বছর আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এনভিডিয়াবিষয়ক তাদের উদ্বেগ মার্কিন প্রেসিডেন্টকে জানালেও তিনি তখন কোনো পদক্ষেপ নেননি। রোববার ট্রাম্প বলেছেন, এ জন্য তার কোনো অনুশোচনা নেই। হুয়াং সিইও হিসেবে বহাল থাকবেন কিনা– এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন: ‘আমার মনে হয় তাই। হ্যাঁ, অবশ্যই।’ ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী, হুয়াং এনভিডিয়ার প্রায় ৩.৬ শতাংশ শেয়ারের মালিক এবং তাঁর সম্পদের পরিমাণ ১৫৫ বিলিয়ন ডলার; তিনি বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকায় রয়েছেন।

প্রযুক্তি নিয়ে কি যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক জটিল? যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত সম্পর্কের ইতিহাস বেশ জটিল। যুক্তরাষ্ট্রের থিঙ্কট্যাঙ্ক ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ (সিএসআইএস) শত শত গুপ্তচরবৃত্তির ঘটনা নথিবদ্ধ করেছে। এ ছাড়া মেধাসম্পদ বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরির অভিযোগে মার্কিন কোম্পানিগুলো ১২শরও বেশি মামলা দায়ের করেছে। তবে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোও অনেক ক্ষেত্রে নিজেরাই নিজেদের এমন পরিস্থিতির মুখোমুখি করেছে। উদাহরণস্বরূপ, অ্যাপল তাদের আইফোন তৈরির জন্য চীনের মূল ভূখণ্ডের অংশীদারদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এর একটি বড় কারণ হলো, তারা বিদেশের অন্য প্রতিযোগীদের তুলনায় অনেক কম খরচে এই কাজ করতে রাজি ছিল। আবার এই অংশীদাররা হুয়াওয়েইর মতো কোম্পানির জন্য ফোন তৈরি করেও মুনাফা অর্জন করেছে।

যুক্তরাষ্ট্র কেন চিপ রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে? সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ২০২২ সালে যুক্তরাষ্ট্র ‘চিপস অ্যাক্ট’ পাস করে। রপ্তানি নিয়ন্ত্রণের এই কঠোর পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো উন্নত সেমিকন্ডাক্টর তৈরির ক্ষেত্রে চীনের সক্ষমতাকে বাধাগ্রস্ত করা। ‘চিপস অ্যাক্ট’-এর ফলে এনভিডিয়ার অধিকাংশ চিপ–বিশেষ করে উন্নত প্রযুক্তির চিপগুলো–চীনে বিক্রি নিষিদ্ধ হয়ে যায়। ট্রাম্পের শাসনামলে এই নীতি সুসংহতভাবে রপ্তানি নিয়ন্ত্রণের পরিবর্তে বিভিন্ন বাণিজ্যিক চুক্তির ওপর বেশি গুরুত্ব দিতে শুরু করে।

বিতর্কিত বিষয় হলো, ট্রাম্প প্রথমে এনভিডিয়ার অপেক্ষাকৃত কম উন্নত চিপ ‘এইচ২০’ চীনে বিক্রি করাকে নিষিদ্ধ করেছিলেন। পরে তিনি এনভিডিয়াকে ‘এইচ২০’ এবং এমনকি অনেক বেশি উন্নত ‘এইচ২০০’ মডেলের চিপও দেশটির কাছে বিক্রির অনুমতি দেন। এই পুরো প্রক্রিয়ায় মার্কিন সরকার বিক্রয়লব্ধ আয়ের একটি অংশ নিজের কোষাগারে নিয়ে নেয়। ঘটনাটির প্রভাব কোথায় কতটা হতে পারে?

এআই বিপ্লবে এনভিডিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোম্পানি; তাদের চিপগুলোকে অনেকটা ‘গোল্ড রাশ’ বা স্বর্ণ সন্ধানের যুগে খনি শ্রমিকদের ব্যবহৃত কোদাল বা সরঞ্জামের সঙ্গে তুলনা করা যেতে পারে। ৪.৫ ট্রিলিয়ন ডলার (৩.৩ ট্রিলিয়ন পাউন্ড) মূল্যের এই কোম্পানির অবস্থানে বড় কোনো আঘাত এলে তা শুধু এনভিডিয়া নয়, সামগ্রিকভাবে মার্কিন প্রযুক্তি খাতের শেয়ার মূল্যায়নের ওপরও প্রভাব ফেলতে পারে। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ডেটা-সেন্টারবিরোধী প্রার্থীদের সাফল্যের পর মার্কিন প্রযুক্তি খাতের শেয়ারগুলো এই মাসের শুরু থেকেই বেশ অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি শিল্প বিশ্লেষক ড্যান আইভস বলেছেন, এই কেলেঙ্কারির ফলে ‘কংগ্রেসে একাধিক তদন্ত’ শুরু হতে পারে এবং এটি এনভিডিয়ার শেয়ারের মূল্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ড্যান মিলমো ও আইশা ডাউন: গার্ডিয়ানের প্রযুক্তি প্রতিবেদক; গার্ডিয়ান থেকে সংক্ষেপিত ভাষান্তর সাইফুর রহমান তপন