বিএনপি চেয়ারপারসন ও একাধিকবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দেশের মানুষ তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন। দেশের প্রতি তাঁর অটল দায়বদ্ধতা সবসময় স্পষ্ট ছিল; দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেকবার বলেছেন, ‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই।’ এ ধরনের বক্তব্য কোনো ‘প্রতিক্রিয়া’ নয়; বরং নাগরিক পরিচয়ের মৌলিক দর্শন। রাষ্ট্রের প্রতি আনুগত্য কী এবং শিকড় ধরে রাখার মূল্য কী, সেটাই এর মাধ্যমে স্পষ্ট হয়। এ ধরনের বক্তব্য আমাদের সামনে নতুন প্রশ্নও তোলে: কারা প্রকৃতপক্ষে বাংলাদেশ নামের রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের নামে। কিন্তু স্বাধীনতার পর প্রকৃত সুবিধা ভোগ করেছে উচ্চবিত্ত ও মধ্যবিত্তের বিশেষ অংশ। অথচ কৃষি, পোশাকশিল্প এবং রেমিট্যান্স– এই তিন স্তম্ভই দেশের অর্থনীতিকে দাঁড় করিয়ে রেখেছে। আর সবখানেই মুখ্য ভূমিকায় শ্রমজীবী মানুষ। রাষ্ট্রের
দুঃসময়ে, অর্থনৈতিক বিশৃঙ্খলায়, রাজনৈতিক অনিশ্চয়তায় আমরা বারবার দেখেছি এই নীরব শ্রমজীবী মানুষেরাই বাংলাদেশ নামের রাষ্ট্রের পাশে পরম মমতায় দাঁড়িয়েছে। দেশের অর্থনীতি লুটপাটের ভারে নড়বড়ে অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের পর মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ নানা দেশে থাকা শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সই দেশকে বড় ধরনের অর্থনৈতিক পতন থেকে রক্ষা করেছে। এসব মানুষ যে দেশে কাজ করে, সেখানকার নাগরিক নয়; তাদের পরিবার থাকে বাংলাদেশে। তাদের দায়িত্বও থাকে বাংলাদেশে। তারা ঘাম ঝরায় বিদেশে, কিন্তু হৃৎস্পন্দন দেশের মানুষের জন্য। কারণ তাদের শিকড় এ দেশেই।
অন্যদিকে বিদেশে নাগরিকত্ব নেওয়া একটি শ্রেণি হয় বিদেশে থাকে নতুবা দেশে থেকেও বিদেশে স্থায়ী জীবন গড়ে তোলে। তাদের পরিবার, সন্তান, নিরাপত্তা এমনকি তাদের স্বপ্নও থাকে বিদেশে। ফলে দেশের সঙ্গে তাদের সম্পর্ক আনুষ্ঠানিক; ব্যবহারিক নয়। তাদের অনেকে দেশের সম্পদ বিক্রির মাধ্যমে বিদেশে পুঁজি স্থানান্তর করে। এ ছাড়া সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীসহ দেশের অনেক অঞ্চলে শত শত বাড়ি বছরের পর বছর আলোহীন পড়ে থাকে। প্রবাসী মানুষের এসব বাড়ি স্থানীয়ভাবে আবাসন সংকট বাড়ায়; জমির দাম বাড়িয়ে অসমতা তৈরি করে; মধ্যবিত্ত-নিম্নবিত্তের জীবন আরও কঠিন করে তোলে। সবচেয়ে উদ্বেগজনক হলো, বিদেশি নাগরিকত্ব লুকিয়ে রেখেও অনেকে দেশে ক্ষমতা ও প্রভাব ধরে রাখে। বিদেশে নিরাপদ ‘দ্বিতীয় ঠিকানা’ রাখে, যাতে প্রতিকূল পরিস্থিতিতে দেশ ছেড়ে চলে যাওয়া যায়। ফলে বাংলাদেশ নামের রাষ্ট্রের প্রতি তাদের নৈতিক দায়দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। বস্তুত দেশের প্রকৃত ভরসা সেসব মানুষ, যাদের ‘দ্বিতীয় ঠিকানা’ নেই। রিকশাচালক, গার্মেন্টস কর্মী, কৃষক, মধ্যপ্রাচ্যপ্রবাসী শ্রমিক প্রভৃতি এক ঠিকানার মানুষের জীবন, ভবিষ্যৎ, আশা-স্বপ্ন সবই এই দেশের ভালো-মন্দের সঙ্গে জড়িত। তাদের সন্তানদের ভবিষ্যৎ এখানেই; নিরাপত্তা এখানেই; হৃদয়ের আশ্রয়ও এখানে। রাষ্ট্রের প্রতি প্রকৃত আনুগত্য তাদেরই।
অনেক দেশ এই বাস্তবতা উপলব্ধি করে নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি করেছে। জাপান ও সিঙ্গাপুর দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না; বিদেশি নাগরিকত্ব নিলেই ভারতীয় নাগরিকত্ব বাতিল হয়; ডেনমার্ক, সুইডেন, নরওয়ে দীর্ঘদিন দেশের বাইরে থাকলে নাগরিকত্ব পুনর্মূল্যায়ন করে। কারণ নাগরিকত্ব কোনো সুবিধার কাগজ নয়– এটি দায়িত্ব, শপথ ও আনুগত্যের সম্পর্ক।
বাংলাদেশকেও ভাবতে হবে: দেশের সম্পদ, ভূমি, রাষ্ট্রীয় সুবিধা এবং রাজনৈতিক প্রভাব কি সেই মানুষদের হাতে থাকবে, যাদের শিকড় দেশ নয়, বিদেশে? আর যাদের একমাত্র ঠিকানা বাংলাদেশ; যারা লুটপাটের মাঝেও দেশের পাশে দাঁড়ায়; যারা রেমিট্যান্স পাঠায়, যারা শিকড় ছাড়ে না; তাদের কি পেছনে ফেলে রাখা হবে? এটি রাষ্ট্রের ভবিষ্যতের প্রশ্ন। বাংলাদেশ যাদের একমাত্র ঠিকানা তাদেরই ওপর রাষ্ট্রের অস্তিত্ব ও শক্তি দাঁড়িয়ে থাকে; যাদের কাছে বাংলাদেশ কোনো বিকল্প নয়।
যারা নতুন দেশের প্রতি আনুগত্যের শপথের মাধ্যমে নতুন নাগরিকত্ব নেয়, তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে জন্মসূত্রের নাগরিকত্ব রহিত করাই যুক্তিযুক্ত মনে করি। এতে তারা আরও স্পষ্ট হবে, আর রাষ্ট্রও নির্ভর করতে পারবে একক আনুগত্যসম্পন্ন নাগরিকদের ওপর। এতে দেশের বৃহত্তর জনগোষ্ঠীরই কল্যাণ। রাষ্ট্রকে এমন পথ বের করতে হবে– যারা নতুন দেশের নাগরিকত্ব নিতে চায়, তারা সেটা বেছে নিতে পারবে। তারা দূরদেশে সুখে থাকুক এবং সম্ভব হলে জন্ম দেশের জন্য কাজ করুক। ভারতীয়রা এটা করে দেখিয়েছে। সারা পৃথিবীতে তারা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি নিয়েছে। সেখানে ভারতীয়দের নিয়ে গেছে। যদিও ভিনদেশে নাগরিকত্ব নিতে গিয়ে তাদের ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করতে হয়েছে, কিন্তু ভারতীয় বংশোদ্ভূত হিসেবে তারা অন্য দেশে নিজেদের ও ভারতকে মর্যাদাশীল করেছে। এটাই স্বাভাবিক প্রক্রিয়া।
অন্যদিকে আর যারা তাদের স্বজনদের দেশে রেখে সাময়িকভাবে শ্রম বিক্রি করতে বিদেশে যায়, রাষ্ট্রকে অবশ্যই তাদের পাশে আরও ভালোভাবে দাঁড়াতে হবে। কারণ তারা নিয়মিত রেমিট্যান্স পাঠায়; দেশের অর্থনীতি টিকিয়ে রাখে। তারা যে আনুগত্য বদলায় না, সেটাই সবচেয়ে বড় শক্তি। তাদের পরিবারই রাষ্ট্রের সামাজিক কাঠামোকে শক্ত করে।
আমাদের দুটো মডেলকেই শক্তিশালী করতে হবে। কারণ সাড়ে সাত কোটি মানুষ নিয়ে স্বাধীন হওয়া ভূখণ্ডে ২০ কোটি মানুষের জন্য কর্মসংস্থান ও যাবতীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব নয়। তাই যারা সংগ্রাম করে টিকতে ও ওপরে উঠতে চায়, ভিনদেশে তাদের যাওয়াকে সহজতর করতে হবে। যারা স্বজন দেশে রেখে বিদেশে সাময়িকভাবে যেতে চায়, তাদের পাশেও রাষ্ট্রকে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করাই হবে আমাদের সামনের দিনগুলোর চ্যালেঞ্জ।
মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন
