জোর যার মুল্লুক তার - বাংলা ভাষাভাষী মানুষের কাছে অতি পরিচিত ও বহুল ব্যবহৃত এক প্রবচন। বিজ্ঞানপ্রযুক্তির আধুনিক সভ্যতার যুগেও গণমাধ্যমের কল্যাণে বিশ্ববাসী দেখল জবর দখলের এক বিরল দৃশ্য। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে আসার দৃশ্য। একে আমরা পৃথিবীর অন্যতম পরাশক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক সার্বভৌমত্ব ছিনতাই বলা যায়। কোনো দেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের যে ভিত্তির ওপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা দাঁড়িয়ে আছে, এই অভিযান তার ওপর সরাসরি আঘাত।\r\nআন্তর্জাতিক আইন ও নৈতিকতা রাষ্ট্রের সার্বভৌমত্ব নিশ্চিত করে। বাস্তবতা বলছে ভিন্ন কথা।
ইতিহাস ও সমসাময়িক বৈশ্বিক ঘটনাপ্রবাহ প্রমাণ করে, সার্বভৌমত্ব কোনো স্বতঃসিদ্ধ জন্মগত অধিকার নয়; এটি পেশি শক্তি, সামরিক শক্তি ও জোটের কৌশলগত অবস্থানের ওপর পুরোপুরি নির্ভরশীল। যার জ্বলন্ত দৃষ্টান্ত ভেনিজুয়েলায় মার্কিনি আগ্রাসন! বিশ্ববাসী জ্ঞাত আছে, মনরো ডকট্রিন থেকে শুরু করে ভেনিজুয়েলার নিকোলাস মাদুরোর অসহায় শিকার এই দীর্ঘ ধারাবাহিকতা দেখায়, শক্তিশালী রাষ্ট্রের সামনে দুর্বল রাষ্ট্রের সার্বভৌমত্ব কতটা অসহায় ও ভঙ্গুর হতে পারে। ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই, ১৮২৩ সালে ঘোষিত মনরো ডকট্রিন প্রথমে ছিল ইউরোপীয় উপনিবেশবাদের বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক অবস্থান। সময়ের সঙ্গে সঙ্গে এটি রূপ নেয় আধিপত্য বিস্তারে। \r\nলাতিন আমেরিকাকে রক্ষা করার আহ্বানে যুক্তরাষ্ট্র কার্যত অঞ্চলটিকে নিজের কব্জায় নিয়ে আসার কসরত করছে। ভিয়েতনাম দখল, চিলিতে সালভাদোর আয়েন্দের গণতান্ত্রিক সরকার উৎখাত, পানামায় রাষ্ট্রপ্রধান নরিয়েগাকে অপহরণ, ইরাকে মিথ্যার ভিত্তিতে যুদ্ধ, লিবিয়ায় মানবাধিকারের নামে রাষ্ট্র ধ্বংস, তালেবান উৎখাতের নামে আফগানিস্তানকে শশ্মান বানানো, সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলকে দিয়ে ইরানে প্রক্সি হামলাÑ এ সবই একই নীতির বিভিন্ন রূপ। ১৯৬০-১৯৭৫ ভিয়েতনাম যুদ্ধ, ১১ সেপ্টেম্বর ১৯৭৩ সালে চিলিতে স্যালভাদোর আয়েন্দে সরকারকে উৎখাত, ২০ ডিসেম্বর ১৯৮৯ পানামার প্রেসিডেন্ট মানুয়েল নরিয়েগা সরকারকে উৎখাত ও অপহরণ, আফগানিস্তানে তালেবান উৎখাতের নামে ৭ অক্টোবর ২০০১-এ মার্কিন হামলাÑ যা শেষ হয় ২০২১-এর ১৫ আগস্ট। ফলে দীর্ঘ ২০ বছরের যুদ্ধে মার্কিনিদের পরাজয়ের ফলে পুরো দেশ তালেবানের কর্তৃত্বে চলে যায়। ২০২০ সালের ২০ মার্চ ২০০৩ সালে ইরাকে মিথ্যা তথ্যের ভিত্তিতে অসম যুদ্ধে মাত্র কয়েক সপ্তাহে বাগদাদ গুড়িয়ে দেওয়া হয়।
