একটি নির্দিষ্ট সময়ে একটি দেশ, বিদেশে যে পরিমাণ পণ্য ও সেবা রপ্তানি করে, তার চেয়ে যদি বেশি পরিমাণ পণ্য ও সেবা বিদেশ থেকে আমদানি করে, তখন তাকে বাণিজ্য ঘাটতি বলা হয়। আরো সহজ কথায়, কোনো দেশের মোট রপ্তানি আয় যদি মোট আমদানি ব্যয়ের চেয়ে কম হয়, তবে তাকে বাণিজ্য ঘাটতি বলে। বাজেট কথাটির সঙ্গে কমবেশি সবাই পরিচিত। কিন্তু বাজেট কী বা কত প্রকার সেটা সম্পর্কে অনেকেরই ধারণা খুব স্বচ্ছ নয়। এক কথায় বললে, বাজেট হচ্ছে একটি দেশের এক বছরের সম্ভাব্য সব আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব-নিকাশ বিবরণী। একটি নির্দিষ্ট সময়কালের জন্য সরকারের সম্ভাব্য ব্যয় এবং রাজস্বসহ অন্যান্য সব আয়ের একটি পূর্বাভাসও বলা যায় একে। আয় ও ব্যয় সমান কিনা, সেই প্রশ্নেই রাষ্ট্রের বাজেট দুই রকমের হয়ে থাকে। যেমন: সুষম বাজেট ও অসম বাজেট। সরকারের আয় ও ব্যয়ের ওপর ভিত্তি করে অসম বাজেটকে আবার দুভাগে ভাগ করা হয়। এগুলো হচ্ছে উদ্বৃত্ত বাজেট ও ঘাটতি বাজেট। কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে। বাজেটের এ ঘাটতি পূরণের লক্ষ্যে সরকার সাধারণ মানুষের কাছ থেকে ঋণ, বৈদেশিক ঋণ ও অনুদান নিয়ে থাকে।

বাজেট ঘাটতি দুইভাবে পূরণ করা হয়। বৈদেশিক উৎস: এটি মূলত বৈদেশিক ঋণ। এ বছর বাজেট ঘাটতি মেটাতে সরকার বিদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ২০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে। সরকার দুভাবে দেশের ভেতর থেকে ঋণ নেয়। যেমন, ব্যাংকিং ব্যবস্থা ও ব্যাংকবহির্ভূত ব্যবস্থা। ব্যাংকবহির্ভূত ব্যবস্থা হচ্ছে সঞ্চয়পত্র বিক্রি। এভাবে সাধারণ মানুষের কাছ থেকে ঋণ নেয় সরকার। অভ্যন্তরীণ উৎস থেকে বেশি ঋণ নেয়ার দুটি বিপদ আছে। ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতের জন্য অর্থ থাকবে কম। ফলে বিনিয়োগ কমে যাবে। আর ব্যাংকবহির্ভূত ব্যবস্থা থেকে ঋণ নিলে বেশি হারে সুদ দিতে হয়। এতে সুদ পরিশোধে সরকারকে বেশি পরিমাণ অর্থ বরাদ্দ রাখতে হয়। এতে পরের অর্থবছরের বাজেট বেড়ে যায়। সরকার বেশি পরিমাণ ঋণ নিলে মূল্যস্ফীতিও বাড়তে পারে।

এ বছর সরকার ঘাটতি বাজেট মেটাতে ব্যাংকিং ব্যবস্থা থেকে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেয়ার পরিকল্পনা করছে। আর ব্যাংক বহির্ভূত ব্যবস্থার আওতায় ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকেও ঋণ নেবে সরকার। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো সাধারণত ঘাটতি বাজেটই মোকাবিলা করে। বাংলাদেশের জন্ম লগ্ন থেকেই ঘাটতি বাজেট মোকাবিলা করেছে। বাংলাদেশে বাজেটে ঘাটতি বেশি থাকাটা ভালো নয়। সাধারণত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ পর্যন্ত ঘাটতিকে সহনীয় বলে ধরা হয়।

অর্থনীতিবিদরা বলেছেন দীর্ঘমেয়াদি আমদানি নির্ভর একটি রাষ্ট্র সবসময় পরগাছা হয়ে থাকতে হয়। কখনোই রাষ্ট্রটি অর্থনীতিতে স্বনির্ভর হতে পারে না। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের চলমান অবস্থা অনেকটা সেইরকমই মনে হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য সমান নয়। অধিকাংশ ক্ষেত্রেই অর্থনৈতিকভাবে অগ্রসর দেশের সঙ্গে উন্নয়নশীল ও অনুন্নত দেশের অসম বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান থাকে। ফলে উন্নয়নশীল দেশগুলোতে ব্যাপক বাণিজ্য ঘাটতি দেখা যায়। যেমন ২০১৪-১৫ অর্থ বছরে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ১৩,৮৮১.২৬ মিলিয়ন মার্কিন ডলার। (সূত্র:বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬)। বাণিজ্য ঘাটতির কারণ আমদানি নির্ভরতা। দেশের ভেতরে প্রয়োজনীয় পণ্য উৎপাদনে ঘাটতি থাকলে বিদেশ থেকে বেশি আমদানি করতে হয়।

রপ্তানি কম হওয়া: আন্তর্জাতিক বাজারে দেশের উৎপাদিত পণ্যের চাহিদা কম থাকলে বা রপ্তানিযোগ্য পণ্য কম থাকলে। মূল্যবৃদ্ধি: আমদানিকৃত পণ্যেও (যেমন জ্বালানি তেল, কাঁচামাল) আন্তর্জাতিক বাজার মূল্য বৃদ্ধি পেলে। বাণিজ্য ঘাটতির প্রভাবে অর্থনীতির উপর চাপ বাড়ে ফলে ঘাটতি পূরণের জন্য দেশকে বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়, যা রিজার্ভ কমিয়ে দেয়। মুদ্রার যথার্থ মানের পতন ঘটে, ঘাটতি বেশি হলে স্থানীয় মুদ্রার মান দ্রুত হ্রাস পায়। তবে পর্যাপ্ত রেমিট্যান্স বা বিদেশি বিনিয়োগ থাকলে সাময়িকভাবে এই ঘাটতি সামাল দেওয়া সম্ভব হয়। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাণিজ্য ঘাটতি বাড়লে রিজার্ভ কমে অর্থনীতির উপর চাপ বাড়াবে। বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি প্রবৃদ্ধি বাড়ানোর বিকল্প নেই বলে তারা মনে করেন। এছাড়া আমদানির আড়ালে অর্থপাচার বন্ধের পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন বা ইকোনোমিক ইউনিয়নের সদস্য হওয়া জরুরি বলে তারা উল্লেখ করেছেন।

বাণিজ্যমন্ত্রী ৫৮ দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির তালিকা সংসদে তুলে ধরেন। তিনি জানান, চীন থেকে বাংলাদেশ ১ হাজার ৮৫৬ কোটি ৩৪ লাখ ডলারের পণ্য আমদানি করেছেন, বিপরীতে রফতানি করেছেন মাত্র ৬৯ কোটি ৪৪ লাখ ৯০ হাজার ডলারের পণ্য। ভারতের ক্ষেত্রে বাংলাদেশ রফতানি করেছে ১৭৬ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলারের পণ্য আর আমদানি করেছে ৯৬২ কোটি ৪১ লাখ ডলারের পণ্য। এছাড়া ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ঘাটতি ৩৫৮ কোটি ৯৪ লাখ ৯০ হাজার ডলার। দেশটি থেকে বাংলাদেশ ৩৬৪ কোটি ৬২ লাখ ডলারের পণ্য আমদানি করলেও রফতানি করেছে মাত্র ৫ কোটি ৬৭ লাখ ১০ হাজার ডলারের পণ্য। সিঙ্গাপুরের সঙ্গে ২৮০ কোটি ৩৫ লাখ ডলার, ব্রাজিলের সঙ্গে ২৪৫ কোটি ৫ লাখ ৬০ হাজার ডলার, কাতারের সঙ্গে ২১০ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ডলার এবং মালয়েশিয়ার সঙ্গে ২১ কোটি ৫ লাখ ৫০ হাজার ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে।

অসম বাণিজ্যকে সুসম বাণিজ্যে পরিণত করতে হলে রফতানি আয় ১৫০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া সম্ভব। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ২৩ জুন ২০২৬ মঙ্গলবার আয়োজিত কর্মশালায় এ কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দেশের রফতানি আয় এখনকার ৫০-৫৫ বিলিয়ন ডলারের গন্ডি থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মনে করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার ভাষ্য অনুযায়ী, সম্ভাবনাময় কয়েকটি খাতকে সুনির্দিষ্ট পরিকল্পনা, নীতিগত সিদ্ধান্ত, সহায়তা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারলে এ লক্ষ্য অর্জন কঠিন নয়।

লেখক: গবেষক, প্রাবন্ধিক ও গ্রন্থকার।