আওয়ামী রেজিমের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ বিভাজন ও অস্থিতিশীলতার রাজনীতি থেকে জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক স্থিতিশীলতার যুগে প্রবেশ করবে, এটাই ছিল প্রত্যাশিত। যে ছাত্র-জনতা অকাতরে অসীম সাহসে পৈশাচিক রাষ্ট্রশক্তির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তারা লক্ষ্যহীন-উদ্দেশ্যহীনভাবে শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য প্রাণ বিসর্জন দেয়নি। তারা একটি নতুন জাতীয় ন্যারেটিভ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ার মধ্য দিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়েই ফ্যাসিস্ট রিজমকে বিদায় করার প্রতিজ্ঞা করেছিল। এখনো শত শত জুলাই যোদ্ধা আহত অবস্থায় চিকিৎসাধীন আছে। হাজার হাজার জুলাই যোদ্ধা ঘাতকের বুলেটে পঙ্গুত্ব ও অন্ধত্বের ব্যথা বুকে চেপে দিন বদলের স্বপ্ন দেখছে।

লাখ লাখ জুলাই যোদ্ধা পতিত স্বৈরাচারের দোসরদের যে কোনো হুমকি মোকাবেলা করার জন্য এখনো রাজনীতিতে ও রাজপথে অতন্দ্র প্রহরী হয়ে আছে। যদিও চব্বিশের ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশের জেন-জি বিপ্লব নানাভাবে স্খলনের শিকার হয়েছে। প্রথমত আওয়ামী ফ্যাসিবাদবিরোধী প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতা, প্রভাব ও স্বার্থদ্বন্দ্বের কারণে জুলাই অভ্যুত্থান পরবর্তী সংস্কার ও রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশাকে এক ধরণের টানপোড়েনের বিষয়ে পরিনত করা হয়েছে। বিশেষত অর্ন্তবর্তী সরকারের উপর চাপ ও প্রভাব খাটিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল ও নির্বাচনী কৌশল প্রয়োগের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের জাতীয় লক্ষ্যকে গৌণ করে তোলা হয়।

অন্যদিকে, জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারি শিক্ষার্থী প্রতিনিধিদের কয়েকজন পরিকল্পনাহীনভাবে অর্ন্তবর্তী সরকারে যোগ দেয়া এবং নিজেদের রাজনৈতিক দল গঠন করে জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে সুযোগসন্ধানিদের হাতে একটি খ-িত দলীয় ব্র্যাকেটে বন্দি করার মওকা তুলে দেয়া হয়। দেড় দশক ধরে জাতির ঘাড়ে চেপে বসা ফ্যাসিস্ট রেজিম যখন সরকারবিরোধী, মূল ধারার বাংলাদেশপন্থী ও ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোকে নির্মূল ও কোনঠাসা করে ক্ষমতার মসনদকে চিরস্থায়ী করার শেষ আয়োজন শুরু করেছিল, ঠিক তখনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফ্যাসিস্ট সরকারবিরোধী অভ্যুত্থান সংঘটিত হয়। তা নাহলে, বিদ্যমান আইনে পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা ২০২৯ সালে। দেশের বৃহত্তম জনসমর্থনপুষ্ট রাজনৈতিক দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এখনো সুস্থ্য-স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেননি। এ সময়ের জামায়াতে ইসলামিকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাত্র কয়েকদিন আগে নিষিদ্ধ করেছিল। গত দেড় দশকে হাসিনার ফ্যাসিস্ট রেজিম জামায়াতের প্রথম সারির শীর্ষ নেতাদের বিচারের নামে বিচারিক হত্যাকা-ের শিকারে পরিনত করে। বিএনপি-জামায়াতের অনেক সম্ভাবনাময় পেশাজীবী নেতাকে বছরের পর বছর ধরে গুম করে আয়নাঘরের বিভীষিকায় রেখেছিল। অর্থাৎ শেখ হাসিনাবিরোধী প্রধান রাজনৈতিক পক্ষগুলো ট্রমা কাটিয়ে গুছিয়ে ওঠার আগেই নিজেরাই নিজেদের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব, প্রভাব বিস্তার ও ভোটের রাজনীতির জটিল প্রতিযোগিতায় জড়িয়ে পড়েছে।

জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরের দিন থেকেই বাংলাদেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন ও প্রত্যাবাসনের অপপ্রয়াস অব্যাহত রয়েছে। ইন্ডিয়ান ডিপস্টেট এবং হিন্দুত্ববাদীরা এ দেশের সনাতন ধর্মাবলম্বী নাগরিকদেরকে তাদের অন্যতম সফ্টপাওয়ার ও জনবল হিসেবে বিচার-বিবেচনা করে থাকে। জুলাই অভ্যুত্থানের এক সপ্তাহের মধ্যেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর জুলুম-নির্যাতন ও বাস্তুচ্যুতির মিথ্যা ও কাল্পনিক সিন্ডিকেটেড প্রতিবেদন প্রকাশ করতে থাকে।

এরপর একে একে সনাতন ধর্মের ব্যানারে, আওয়ামী রেজিমের সুবিধাভোগী কিছু ভারতীয় সমর্থনপুষ্ট এনজিও কর্মীরা নানা প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষদের ঢাকায় এনে জড়ো করে এবং ইসকনের ব্যানারে দেশের বিভিন্ন স্থানে সরকারবিরোধী সমাবেশ থেকে ভয়ঙ্কর হুমকি-ধামকি দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকেই চ্যালেঞ্জ জানিয়েছিল। সেসব মিথ্যা প্রচারণা ও প্রলোভনের ফাঁদে দেশের দরিদ্র মানুষ ও সনাতন ধর্মাবলম্বীরা পা দেয়নি।

অনলাইন টিভি চ্যানেল রিপাবলিক বাংলার চাপাবাজ উপস্থাপক মুয়ুখ রঞ্জন যখন সীমাহীন ঔদ্ধত্ব্যের সাথে বলেন, বাংলাদেশ থাকবে না; পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশ দখলের হুমকি দিলেন, তখন দুই বাংলার সাধারণ মানুষ তা প্রত্যাখ্যান করেছে এবং বাংলাদেশের অর্ন্তবর্তী সরকার দেশের মানুষের প্রত্যাশিত স্বাধীন পররাষ্ট্রনীতি ও ভারতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সাহসী ও দৃঢ় অবস্থানের জানান দিতে থাকল, তখন তাদের অর্ক্রেেস্টড প্রপাগান্ডা পুরোটাই মাঠে মারা গেলেও তারা এখনো থেমে যায়নি। নানাভাবে নানা নামে এবং প্রকারে তাদের বাংলাদেশবিরোধী অপপ্রচার অব্যাহত আছে। এ সপ্তাহে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অপ্রীতিকর মন্তব্য করেছেন।

ভারতীয় একটি গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকারে তিনি ড. ইউনূসের কোনো বিশেষ উক্তি বা পদক্ষেপের প্রসঙ্গ ছাড়াই তাকে সংযত ভাষায় কথা বলার নসিহত করেছেন। প্রধান উপদেষ্টার দফতরের প্রতিক্রিয়ায় প্রেস সচিব মাহবুব আলম রাজনাথ সিংয়ের এমন মন্তব্যকে অসৌজন্যমূলক ও কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আখ্যায়িত করেছেন। মূলত ভারতের বিজেপি সরকার কোনো প্রতিবেশীর সাথে, এমনকি তার আন্তর্জাতিক বন্ধু ও কৌশলগত অংশীদারদের সাথেও স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তাদের সাম্প্রদায়ির মনোবৃত্তি ও কূটনৈতিক ব্যর্থতা পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি ও অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। বিজেপি সরকারের সময় একাধিকবার চীনের সাথে সীমান্ত সংঘাতে জড়িয়ে চরমভাবে নাস্তানাবুদ হয়েছে ভারতীয় বাহিনী। লজ্জাজনকভাবে বিশাল ভূমি হারানোরও অভিযোগ উঠেছে। এমনকি চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের সাথে সর্বশেষ সংঘাতে আকাশযুদ্ধে ভারতের বহুচর্চিত রাফায়েলের গর্বকে চুর্ণবিচুর্ণ করে মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তানি বিমান সেনারা। এখন তারা একতরফাভাবেই বাংলাদেশ সীমান্তে হুমকি ও উস্কানি দিচ্ছে।

লন্ডনভিত্তিক গণমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস গত ৭ নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনের শিরোনামে প্রশ্ন রেখেছে, বাংলাদেশের জেন-জি বিপ্লব ব্যর্থ হতে চলেছে কিনা? জুলাই অভ্যুত্থানের পর থেকেই ভারত এই অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাশিত পরিবর্তন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও গণতান্ত্রিক রূপান্তরকে ব্যর্থ করে দিতে সর্বাত্মক প্রয়াস চালিয়েছে। গত চুয়ান্ন বছরে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী স্বার্থ টিকিয়ে রাখতে যা কিছু করনীয় তার সবই করেছে। তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ফ্রন্ট্র থেকে পঞ্চম বাহিনী পর্যন্ত ব্যর্থ হলে ভারতবিরোধী অংশে থাকা ডাবল এজেন্ট ও কাউন্টার ইন্টিলিজেন্ট এস্টাবলিশমেন্ট কিংবা নন-কনভেনশনাল অপারেটিভস ও কৌশল ব্যবহার করে কৌশলগত স্বার্থ টিকিয়ে রাখার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক।

ভারতীয় হেজিমনি এজেন্ডার সব কৌশল ডিঙিয়ে দেশ যখন একটি জুলাই সনদ বাস্তবায়নের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে তখন, জুলাই সনদ, গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষিত টাইমলাইনকে সাংঘর্ষিক অবস্থানে দাঁড় করিয়ে সবকিছুকে এক নতুন অনিশ্চয়তার সম্মুখীন, এমনকি নির্বাচন নিয়ে জাতিকে সন্দিহান করে তোলা হচ্ছে। এহেন বাস্তবতায় ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনটিতে উপস্থাপিত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। তবে প্রায় দুই হাজার শহীদের জীবন ও চল্লিশ হাজার আহত জুলাই যোদ্ধার ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ও সম্ভাবনা যদি কোনো বিশেষ দল বা গোষ্ঠির কারণে ব্যর্থ হয়ে যায়, তাদের রাজনৈতিক ভাগ্য ও ভরাডুবি আওয়ামী লীগের মতই শোচনীয় হতে পারে।

পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি, জামায়াত ও এনসিপির মত দলগুলোর মধ্যে স্বার্থদ্বন্দ্ব থাকতেই পারে। আওয়ামী লীগের মতো না হলেও এসব দলের নেতৃত্বের মধ্যে ভারতীয় এজেন্ট কিংবা হানিট্রাপে পরা লোকদের অবস্থানও খুব অস্বাভাবিক বিষয় নয়। দলের নীতিনির্ধারক ও শীর্ষ নেতৃত্বকে এসব বিষয়ে নিজের কঠোর ও স্বচ্ছ অবস্থান পরিষ্কার করতে হবে। ভোটের রাজনীতির হীনস্বার্থে জুলাই অভ্যুত্থানের স্পিরিটের বাইরে গিয়ে আওয়ামী লীগ ও ভারতীয় স্বার্থের ন্যারেটিভ চর্চা করে কারোই শেষ রক্ষা হবে না। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং জাতীয় নির্বাচন নিয়ে ইতিমধ্যেই একটা সাধারণ মতৈক্য প্রতিষ্ঠিত হয়েছে। যেনতেন প্রকারে একটা নির্বাচন করাই এবারের নির্বাচনী প্রক্রিয়ার মূল লক্ষ্য নয়। জুলাই সনদের আলোকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার অব্যাহত রাখা, গুম-খুনের বিচারের দৃশ্যমান অগ্রগতি এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার রূপান্তর নিশ্চিত করার জন্যই অর্ন্তবর্তী সরকার ও বিভিন্ন কমিশনের নিরলস প্রয়াস চলছে। ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি করে পারস্পরিক অবিশ্বাস, বৈরীতা ও সাবোটাজ করে পুরো প্রক্রিয়া ভন্ডুল করে দেশকে পুরনো বন্দোবস্তে ফিরিয়ে নেয়া পঞ্চম বাহিনী ও তৃতীয় পক্ষের কাজ।

শেষ মুহূর্তে এসে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর অনৈক্য, মতপাথর্ক্য বা অনড় অবস্থান পুরো জাতিকে এক ধরণের অনিশ্চয়তা ও অস্বস্তির মধ্যে ঠেলে দিয়েছে। বিশেষত জেন-জি বা নতুন প্রজন্ম রাজনৈতিক দলগুলোর ক্ষমতার দ্বন্দ্বকে ভালোভাবে গ্রহণ করতে পারছে না। এবারের নির্বাচনে চল্লিশ শতাংশের বেশি ভোটারের বয়স চল্লিশের নিচে। দেশের সব রাজনৈতিক দলের ব্যর্থতার পর যে অরাজনৈতিক প্রজন্ম নিজেদের জীবন বাজি রেখে প্রবল স্বৈরাচারি ফ্যাসিস্টকে তাড়িয়ে নতুন রাজনৈতিক সম্ভাবনা দিগন্ত খুলে দিয়েছে, তাদের প্রত্যাশাকে অগ্রাহ্য করে কোনো দল ক্ষমতায় যেতে বা ক্ষমতায় টিকে থাকতে পারবেনা।

পতিত আওয়ামী স্বৈরাচার দেড় দশক ধরে নিপীড়ন-নির্যাতন, গুম-খুন, আয়নাঘর, গায়েবি মামলা, বিচারিক হত্যাকা- ও নানা প্রলোভন দিয়েও সরকারবিরোধী রাজনৈতিক জোট ভাঙতে না পারলেও অনুকূল পরিবেশে এক বছরের মাথায় সহযোদ্ধা রাজনৈতিক নেতারা পরস্পর বৈরী শক্তিতে পরিনত হওয়ার মধ্য দিয়ে বুঝা যাচ্ছে, তারা আসলে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় পতিত স্বৈরাচার ও ভারতীয় এজেন্ডার ফাঁদে পা দিয়েছে। অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে, বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামি আন্দোলনের কোনো নেতার মধ্যে যদি পঞ্চম বাহিনীর ভূত চেপে থাকে, তবে তাদের সতর্ক হওয়া জরুরি। দেশের সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা দেশের গণতন্ত্রকামি সাধারণ মানুষ ও জেন-জি প্রজন্মের তীক্ষè দৃষ্টি ও পর্যবেক্ষণের আওতায় রয়েছেন। কোনো কিছুই গোপণ থাকবে না।

নিজেরা ফাঁদে পা দিয়ে কিংবা শো-ডাউনের রাজনীতি করে রাজনৈতিক শক্তির ঐক্যে ফাঁটল ও ভাঙ্গণ সৃষ্টি করে এক-এগারোর মত পরিস্থিতি সৃষ্টি করার মতলববাজি জাতি প্রত্যাখ্যান করবে। গণভোট ও জুলাই সনদ নিয়ে সৃষ্ট মতবিরোধ জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করে তুলছে। এখানে ক্ষমতার দাবিদার কিংবা অংশীদার রাজনৈতিক পক্ষগুলো ছাড়াও সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমলাতন্ত্রের মধ্যে লুকায়িত পতিত স্বৈরাচারের দোসর ও আধিপত্যবাদী শক্তির এজেন্টরা সক্রিয় রয়েছে। সমঝোতার স্বার্থে গৌণ মতপাথর্ক্য মিটিয়ে ফেলতে না পারলে অনেক বড় ঘটনা বা বিপত্তির দায়ভার বহন করতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন আর কোনো রাজনৈতিক পক্ষকে অন্ধভাবে সমর্থন করছেন না। অর্ন্তবর্তী সরকারকে দোষারোপ না করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ার সম্ভাব্য দল হিসেবে বিএনপিকে এখন থেকেই রাজনীতির চালকের আসনে বসতে হবে। গত ১৫ মাসের রাজনৈতিক বাস্তবতায় দেখা গেছে, বিএনপির প্রতিপক্ষ যেন বিএনপি নিজেই। এ সময়ে বিএনপির শতাধিক নেতাকর্মী আভ্যন্তরীণ কোন্দল ও সংঘাতে নিহত হয়েছে। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কারসহ সাংগঠনিক পদক্ষেপ নেয়ার পরও অবস্থার খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। একাত্তরের মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের সিপাহী-জনতার বিপ্লব ও নব্বইয়ের গণতান্ত্রিক অভ্যুত্থানের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চব্বিশের জুলাই যোদ্ধারা অতন্দ্র প্রহরীর মত জেগে আছে। দীর্ঘদিনে জমে ওঠা জঞ্জাল ও বিভাজনের রাজনৈতিক ন্যারেটিভ ভেঙ্গে দিয়ে জাতীয় ঐক্যের প্রত্যাশাই হবে আগামী বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত।

bari_zamal@yahoo.com