সরকার সম্প্রতি ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ প্রণয়ন করেছে। কিন্তু এ আইনের ৫০-এর (৪ক) ধারা ত্রুটিপূর্ণ বলে মনে হয়। সেখানে বলা হয়েছে, ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৬ নম্বর আইন)-এর ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩১ ধারাসমূহে বর্ণিত অপরাধ সংঘটন ও সহায়তার অপরাধে কোনো আদালত বা ট্রাইব্যুনালে নিষ্পন্নাধীন কোনো মামলা বা অন্যান্য কার্যধারা অথবা কোনো পুলিশ অফিসার বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট তদন্তাধীন মামলা বা কার্যক্রম বাতিল হইবে এবং উহাদের বিষয়ে আর কোনো কার্যক্রম গ্রহণ করা যাইবে না এবং উক্ত ধারাসমূহের অধীন কোনো আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত দণ্ড ও জরিমানা বাতিল বলিয়া গণ্য হইবে।’

অন্তর্বর্তী সরকারের মূল যুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ (ডিএসএ)-এর বিতর্কিত যেসব ধারা বাতিল করা হয়েছে, সেগুলো ছিল ‘কুখ্যাত’ এবং ‘স্পিচ অফেন্স’ বা মতপ্রকাশ দমনের কাজে ব্যবহৃত হয়েছে। পূর্ববর্তী সাইবার আইনের অধীনে দায়েরকৃত মামলার প্রায় ৯৫ শতাংশই এসব নিপীড়নমূলক ধারায় দায়ের করা হয়েছিল। এই পদক্ষেপকে তাই একটি সাধারণ আইনি সংস্কার হিসেবে দেখা হয়নি, বরং এটি ছিল একটি ‘পরিবর্তনকালীন ন্যায়বিচার’ বা বৈপ্লবিক রাজনৈতিক-আইনি পদক্ষেপ। সবচেয়ে গুরুতর সমালোচনার দিকটি হলো এর ‘আইনি দ্বৈততা’। সরকার ডিএসএ-এর ২৮ ধারাকে (ধর্মীয় অনুভূতিতে আঘাত) এতটাই ‘জনবিরোধী’ মনে করল যে, তার অধীনে প্রদত্ত দণ্ড পর্যন্ত বাতিল করে দিল। অথচ সেই একই সরকার নতুন সুরক্ষা অধ্যাদেশের ২৬ ধারায় ‘জাতিগত বা ধর্মীয় বিদ্বেষ’-এর মতো প্রায় একই ধরনের অপরাধ বহাল রেখেছে। এর অর্থ দাঁড়ায়, অন্তর্বর্তী সরকার নীতিগতভাবে অপরাধকে বাতিল করেনি, বরং রাজনৈতিকভাবে পূর্ববর্তী সরকারের দায়েরকৃত মামলাগুলো বাতিল করতে চেয়েছে। এটি আইনের শাসনের বদলে ‘আইনি সুবিধাবাদ’-এর এক নজির স্থাপন করে।

যখন আইন উপদেষ্টা বা সরকারের প্রতিনিধিরা অভিযুক্তদের মুক্তির ঘোষণা দেন, তখন তারা বাদীদের আইনি প্রতিকার সম্পর্কে সম্পূর্ণ নীরব থাকেন। এই নীরবতাই সমালোচনার মূল বিষয়। ডিএসএর অপব্যবহার হয়েছে, তার মানে এই নয় যে সব মামলাই হয়রানিমূলক ছিল। হাজার হাজার মামলার মধ্যে এমন অনেক মামলাই ছিল, যা প্রকৃত সাইবার অপরাধের যেমন ব্ল্যাকমেইলিং, প্রতিশোধমূলক পর্নোগ্রাফি, গুরুতর হয়রানি, বিদ্বেষমূলক বক্তব্যের প্রতিকার চেয়ে দায়ের করা হয়েছিল। যেসব বাদী (ভুক্তভোগী) হয়রানির প্রতিকার চেয়ে মামলা করেছিলেন, তারা তাদের মামলা বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন। রাষ্ট্র কার্যত এক শ্রেণির ভুক্তভোগীকে (ডিএসএতে অভিযুক্ত) ন্যায়বিচার দিতে গিয়ে আরেক শ্রেণির ভুক্তভোগীকে (মূল বাদী) ন্যায়বিচার থেকে বঞ্চিত করেছে।

সাইবার সুরক্ষা অধ্যাদেশের ৫০(৪ক) ধারা আইনগতভাবে ত্রুটিপূর্ণ। এটি ‘প্রক্রিয়াগত ন্যায়বিচার’-এর চেয়ে ‘তাৎক্ষণিক রাজনৈতিক সমাধান’কে অগ্রাধিকার দিয়েছে। ফলে ন্যায়বিচারের নামে একটি গভীর ন্যায়বিচারহীনতা তৈরি হয়েছে। যে রাষ্ট্র নাগরিকদের সাইবার অপরাধ থেকে সুরক্ষা দিতে আইন প্রণয়ন করেছিল, সেই রাষ্ট্রই তার আইনি খামখেয়ালিপনায় প্রকৃত ভুক্তভোগীদের (যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং, বিদ্বেষমূলক বক্তব্যের শিকার) আইনি প্রতিকার থেকে বঞ্চিত করেছে।

বাদীদের বলা হচ্ছে ‘নতুন করে মামলা করতে’। কিন্তু এটি একটি সরল প্রক্রিয়া নয়, বরং এটি বাদীর জন্য একটি নতুন ‘আইনি দুঃস্বপ্ন’। সাইবার অপরাধের প্রমাণ (ডিজিটাল লগ, সার্ভার ডেটা, আইপি অ্যাড্রেস) অত্যন্ত ভঙ্গুর। মামলা বাতিল ও নতুন করে দায়ের করার এই দীর্ঘ সময়ে অপরাধীর পক্ষে সেই ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলা প্রায় নিশ্চিত। ফলে নতুন মামলা প্রমাণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। যে নারী যৌন হয়রানির শিকার হয়ে একবার মামলা করার ট্রমা পার করেছেন, তাঁকে ফের একই দুঃস্বপ্নের মধ্য দিয়ে যেতে বাধ্য করা হচ্ছে। এটি ভুক্তভোগীর প্রতি রাষ্ট্রের চরম উদাসীনতার পরিচায়ক। এই জটিল আইনি ঘূর্ণাবর্ত থেকে বেরিয়ে এসে প্রকৃত ন্যায়বিচার ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে সরকারের উচিত অবিলম্বে একটি বিশেষ কমিটি বা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা, যারা ধারা ৫০(৪ক)-এর অধীনে বাতিল হওয়া সব মামলা পর্যালোচনা করবে।

মো. আসাদুজ্জামান: সহকারী অধ্যাপক, আইন ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয় asad@law.ku.ac.bd