গণঅভ্যুত্থান-উত্তর বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু থেকেই বিতর্কমুখর হয়ে উঠেছে। ১২ মার্চ উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির বক্তব্যের সময় ফেস্টুন, পোস্টারসহ বিরোধীদলীয় সদস্যদের প্রতিবাদ ও ওয়াকআউটের ঘটনা ঘটে। এই ওয়াকআউট অনুমিত হলেও ফেস্টুন, পোস্টার, স্লোগান ছিল নজিরবিহীন। অথচ এই রাষ্ট্রপতির কাছেই যখন উপদেষ্টা পরিষদ শপথ নেয়, সেখানে তৎকালীন ছাত্রনেতা ও পরবর্তীকালের এনসিপি নেতারা উপস্থিত ছিলেন। তখন ‘ফ্যাসিবাদের দোসর’ ধারণাটি বাধা হয়ে দাঁড়ায়নি। এমনকি গণঅভ্যুত্থানের পর থেকে সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডই সংবিধান ও বিধি মোতাবেক রাষ্ট্রপতির মাধ্যমেই সম্পন্ন হয়েছে। তারপরও অন্তর্বর্তী সরকারের আমলে রাষ্ট্রপতির ডাকনাম ধরে যত্রতত্র স্লোগানসহ নানামুখী তৎপরতার আড়ালে রয়েছে প্রচ্ছন্ন মব সন্ত্রাস। দেশের রাষ্ট্রপতির পদ সাংবিধানিক এবং তাঁর কার্যক্রম বিধিবদ্ধভাবে সুনির্দিষ্ট। তারপরও রাষ্ট্রপতির বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গারের কার্যকারণ অবশ্যই গভীর বিশ্লেষণের দাবি রাখে।

অধিবেশনের দ্বিতীয় দিন জুলাই সনদের প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে জাতীয় সংসদে বিতর্ক হয়। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী নির্ধারিত সময় অর্থাৎ নির্বাচনের ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান প্রশ্ন উত্থাপন করেন। সরকারি দলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানান, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় রাষ্ট্রপতি এই পরিষদের অধিবেশন আহ্বান করেননি। তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, এটি না অধ্যাদেশ, না আইন। কোনো অবৈধ আদেশ দিয়ে সংবিধান সংশোধন করা যায় কিনা, সেটি একটি বিশাল আইনি ও সাংবিধানিক প্রশ্ন।’ এদিকে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান না করলে রাজপথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিরোধীদলীয় জোট।

২. কথা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা একমাত্র জামায়াত-এনসিপি জোটই ধারণ করে না। বরং আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের দীর্ঘ দেড় দশকে জেল-জুলুম, মামলা-হামলায় বিএনপির নেতাকর্মী অনেক বেশি নির্যাতিত ও নিপীড়িত ছিলেন। চব্বিশের জুলাইতে কোটা সংস্কার আন্দোলন দমনে তৎকালীন সরকারের নিপীড়ন, সহিংসতা, দম্ভ, দমনমূলক মনোভাবই জনবিস্ফোরণের জন্ম দেয়। রাষ্ট্রীয় দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সব দল-মত-পথের মানুষের ঐক্যই সরকারের পতন ঘটায়। রাজপথে মানুষের এই যূথবদ্ধ ঐক্য গণতন্ত্র ও বাকস্বাধীনতার পক্ষে সর্বোচ্চ রায়ের প্রকাশ। একই সঙ্গে দুঃশাসন, গোষ্ঠীপ্রীতি, কর্তৃত্ববাদ ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধেও মানুষের অবস্থান জুলাই গণঅভ্যুত্থানের চেতনা।

অন্তর্বর্তী সরকারের শাসনামলে রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার উদ্যোগের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই জাতীয় সনদ তৈরি হয়। তার মধ্যে ৮৪টি সংস্কার প্রস্তাবের ৪৮টিই সংবিধান সম্পর্কিত। এর সপক্ষে যতই বাক্য বিস্তার করা হোক, অন্যতম লক্ষ্য যে দুই বড় দল বিএনপি ও আওয়ামী লীগকে সংকুচিত রাখা– এই যুক্তির প্রত্যুত্তর কী? বিএনপির নানা ত্রুটি-বিচ্যুতি সত্ত্বেও মনে রাখতে হবে, জুলাই গণঅভ্যুত্থানের অনেক আগে দলটি ৩১ দফা সংস্কার কর্মসূচি হাজির করেছিল। বাম দলগুলো নির্বাচনসহ রাষ্ট্র সংস্কারের কথা বহু বছর ধরে বলে আসছে। অথচ সংসদে বর্তমান বিরোধী জোটের অবস্থান দেখে মনে হচ্ছে, অন্য কোনো দলই দেশের রাজনীতিতে সংস্কার চায় না!

একটি সরল অঙ্ক করা যাক। দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে সাত কোটি ভোটার গণভোটে অংশ নিয়েছেন। অর্থাৎ ছয় কোটি ভোটার অংশই নেননি। আবার তিন কোটি ভোটার ‘না’ ভোট দিয়েছেন। যদি যুক্তি দেওয়া যায়, ১৩ কোটি ভোটারের ৯ কোটিই ‘হ্যাঁ’ ভোট দেননি– ‘হ্যাঁ’ পক্ষের লোকজন এই অঙ্ক উড়িয়ে দেবেন কীভাবে? শুধু তাই নয়; চার প্রশ্নে গণভোটের প্রক্রিয়াটিই জটিল ও বোধগম্যতার বাইরে ছিল। এর মধ্যে আবার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের উদ্বাহু অবস্থান ছিল অবিশ্বাস্য। কথায় কথায় ‘জাতীয় ঐকমত্য কমিশন’ দেখানোও বিস্ময়কর বৈ কি! যেখানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৪; সেখানে ৩৩টি রাজনৈতিক দল কীভাবে সমগ্র জাতির প্রতিনিধিত্ব করে? আবার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেবার সুযোগ দেওয়া হলেও সংস্কার বৈঠকে ডাকা হয়নি! এক যাত্রায় পৃথক ফল– এই ‘হাঁসজারু’ কার্যক্রমের পথ ধরেই এসেছিল গণভোট। দেশের অর্ধেকের বেশি সংখ্যক মানুষকে বিবেচনার বাইরে রেখে পরিস্থিতির সুযোগ নিয়ে অদ্ভুত গণভোটের রায় জাতির কাঁধে চাপিয়ে দেওয়া যায়?

৩. গণভোট কিংবা সংবিধান সংস্কার কমিশন– সবই নির্বাচিত জাতীয় সংসদের সার্বভৌমত্বের ওপর অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের ভূত চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। যেখানে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সংবিধান সংশোধন সম্ভব, সে ক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজন কেন? উত্তর অনেক থাকতে পারে; কিন্তু এটি সুবিবেচনাপ্রসূত নয়। গণভোট আগে, পরে সংসদে বাস্তবায়নযোগ্য– এটিও একই মানসিকতার। কর্মসংস্থান, ফসলের ন্যায্য দাম, শ্রমিকের মজুরি, নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নিত্যকার বাঁচার লড়াই, নারীর মর্যাদা ইত্যাদি প্রশ্নে আমরা সংসদে বিরোধী দলকে সরব ও প্রশ্নমুখর দেখতে চাই। দেখতে চাই সরকারি দলকে বিবেচনাসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে প্রস্তুত থাকতে। আমরা দেখতে চাই গণতন্ত্র ও বাকস্বাধীনতার ক্ষেত্রে বিরোধী দলকে প্রশ্ন ও উপাত্ত সংসদে হাজির করতে। যাবতীয় গোষ্ঠীপ্রীতি ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে উজ্জীবিত সংসদই প্রকৃত জুলাইকে ধারণ করতে পারে।

মব সন্ত্রাস অন্তর্বর্তী সরকারের আমলে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছিল। আইন নিজের হাতে তুলে নেওয়ার এই অমোঘ সুযোগ এখনও অনেকে হারাতে চান না। সংসদের ভেতরে যুক্তিতর্কেই যেখানে মীমাংসা হবার কথা, সেখানে জুলাই সনদ আদেশ বাস্তবায়নে রাজপথের আন্দোলনের কথাও আমরা শুনতে পাচ্ছি। কার জন্য এই আন্দোলনের হুমকি? তবে কি বর্তমান বিরোধী দল সেই অতীত দিনের বিরোধী দলের মতো মারমুখী হয়ে উঠতে চাইছে? নাকি গত ১৮ মাসের মব সন্ত্রাসের মজা কেউ কেউ ভুলতে পারছে না!

গণঅভ্যুত্থান-উত্তর এ দেশের মানুষ আর কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেখতে চায় না। রক্তস্নাত যে আন্দোলন, মানুষের আত্মাহুতি, প্রাণত্যাগ– সবই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। অন্তর্ভুক্তিমূলক সমাজের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের অন্যতম প্রত্যয়, তা কাগুজে কথা হয়ে থাকতে পারে না। এ ব্যাপারেও সরকারি ও বিরোধী দলকে কথা বলতে হবে। রাষ্ট্র তার প্রত্যেক মানুষকে সমান মর্যাদা, সম্মান ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন নিশ্চিত করবার অধিকার সংরক্ষণ করে– জুলাই গণঅভ্যুত্থানে এই সত্য বারবার সামনে এসেছে। আমরা জাতীয় সংসদের চলমান অধিবেশনে এর সপক্ষে সব দলের সুস্পষ্ট অবস্থান দেখতে চাই।

অন্তর্বর্তী সরকারের আমলে যে নির্বিচার মামলার শিকার হয়ে সাধারণ মানুষ ধুঁকছে কারাগারে, তার আশু অবসান জরুরি। আগামী দিনে কথা বলা বা মত প্রকাশের জন্য কাউকে যাতে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার না হতে হয়, সে ব্যাপারে সুস্পষ্ট অঙ্গীকার অবাধ মতপ্রকাশের অনেক বাধাই দূর করবে। সব মিলিয়ে রাষ্ট্র ব্যক্তির পাশে থাকবে। হুকুমের মালিক হয়ে নয়, নিশ্চিত সহায় হয়ে। এটিই চব্বিশের গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় প্রেরণা।

মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক mahbubaziz01@gmail.com