ফেব্রুয়ারি কেবল ক্যালেন্ডারের একটি নির্দিষ্ট মাস নয়, এটি এখন বাঙালির আত্মমর্যাদা, প্রকাশের অহঙ্কার এবং নিজেকে বিশ্বমঞ্চে উন্মোচনের অনন্য প্রতীক হয়ে উঠেছে। প্রতিবছর ফেব্রুয়ারি ফিরে আসে আমাদের হৃদস্পন্দন হয়ে। এই মাসে আমরা স্মরণ করি সেইসব বীর সন্তানদের, যারা মায়ের ভাষার সম্মান রক্ষায় নিজের রক্ত বিলিয়ে দিয়েছিলেন। ১৯৫২ সালের সেই উত্তাল দিনগুলো আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। এটি কেবল শোকের মাস নয়, বরং বাঙালির সাংস্কৃতিক জাগরণের এক অবিরাম উৎস। ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালটি ছিল বাঙালি জাতির ইতিহাসের এক সন্ধিক্ষণ।

পাকিস্তান সরকারের উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার একপাক্ষিক সিদ্ধান্তের বিরুদ্ধে তৎকালীন পূর্ব বাংলার ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে। ২০ ফেব্রুয়ারি জারি করা হয় ১৪৪ ধারা, যার উদ্দেশ্য ছিল কণ্ঠরোধ করা। কিন্তু বাঙালির রক্তে তখন প্রতিবাদের আগুন। ১৯৫২ এর সেই মুহূর্ত থেকে আজ পর্যন্ত একুশে আমাদের জাতীয় অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে, যা আমাদের বারবার নিজের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। ২১ ফেব্রুয়ারি সকালে ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন রাজপথে নেমে আসে, তখন চারদিকে টানটান উত্তেজনা। মিছিলে অংশ নেওয়া সাধারণ মানুষের মুখে ছিল কেবল একটিই দাবি ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’। হঠাৎ পুলিশের গুলিতে রাজপথ রঞ্জিত হয় সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরের রক্তে।

ভাষার জন্য রাজপথে জীবন দেওয়ার এই ঘটনা বিশ্ব ইতিহাসে বিরল। সেই রক্তস্ন্নাত আত্মত্যাগই প্রমাণ করেছিল যে, কোনো শক্তিই একটি জাতির স্বকীয়তা এবং তার মায়ের ভাষাকে স্তব্ধ করে দিতে পারে না। ৫২-র ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার রক্ষার লড়াই ছিল না, এটি ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম সোপান। এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালির মনে প্রথম স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। ভাষা শহীদদের রক্ত আমাদের শিখিয়েছিল যে, রাজনৈতিক শৃঙ্খল ভাঙার আগে সাংস্কৃতিক মুক্তি প্রয়োজন। বায়ান্নর সেই চেতনা ক্রমান্বয়ে ৬৬-র ছয় দফা, ৬৯-র গণঅভ্যুত্থান এবং পরিশেষে ৭১-র মহান মুক্তিযুদ্ধের দিকে আমাদের ধাবিত করে। ফেব্রুয়ারি মাসের অন্যতম অনুষঙ্গ হলো ‘অমর একুশে বইমেলা’।

শহীদ মিনারের ভাবগাম্ভীর্য আর বাংলা একাডেমির প্রাঙ্গণজুড়ে বইয়ের ঘ্রাণে মুখরিত থাকে পুরো মাস। এটি কেবল বই কেনা-বেচার মেলা নয়, বরং বাঙালির মেধা ও মননের এক বিশাল মিলনমেলা। নতুন প্রজন্মের পাঠকদের কাছে বইমেলা আমাদের সমৃদ্ধ সাহিত্য ও সংস্কৃতির সেতুবন্ধন হিসেবে কাজ করে। অমর একুশে বইমেলা আমাদের শিখিয়ে দেয় যে, ত্যাগের মধ্য দিয়েই পরম প্রাপ্তি ঘটে এবং জ্ঞানই হলো একটি জাতির শ্রেষ্ঠ সম্পদ। বাঙালির এই আত্মত্যাগ আজ আর কেবল নিজ দেশের সীমানায় সীমাবদ্ধ নেই। ১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। এর ফলে বিশ্বের সকল জাতির নিজ নিজ মাতৃভাষা রক্ষার অধিকারটি আজ সর্বজনীন স্বীকৃতি পেয়েছে।

একটি জাতির ভাষার লড়াই আজ সারা বিশ্বের ভাষা ও সংস্কৃতি রক্ষার প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। ১৭ নভেম্বর ১৯৯৯ ছিল সেই ঐতিহাসিক দিন, যখন বাঙালির রক্তদান বিশ্ব দরবারে অনন্য সম্মান লাভ করে। এটি আমাদের জন্য পরম গর্বের বিষয়। ফেব্রুয়ারি এলেই আমরা ঘটা করে ভাষা চর্চা করি। কিন্তু বছরের বাকি সময় শুদ্ধ বাংলা ব্যবহারের ক্ষেত্রে আমাদের উদাসীনতা লক্ষ্য করা যায়। প্রমিত বাংলা ভাষার চর্চা ও শব্দ ব্যবহারের ক্ষেত্রে সঠিকতা বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ভিনদেশি শব্দের অযাচিত অনুপ্রবেশ এবং ভাষার বিকৃতি রোধে আমাদের সজাগ হতে হবে। শহীদদের রক্ত তখনই সার্থক হবে, যখন আমরা ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে বাংলার যথাযথ মর্যাদা নিশ্চিত করতে পারব।

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়, বিশেষ করে উচ্চশিক্ষা ও বিজ্ঞানের ক্ষেত্রে বাংলার ব্যবহার এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিভাষার অভাব এবং ঔপনিবেশিক মানসিকতার কারণে অনেক ক্ষেত্রে ইংরেজিকে প্রাধান্য দেওয়া হয়। অথচ উন্নত দেশগুলো নিজ ভাষায় শিক্ষা গ্রহণ করেই বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারি আমাদের মনে করিয়ে দেয় যে, জ্ঞান-বিজ্ঞানের সকল শাখায় বাংলার ব্যবহার বাড়াতে হবে। উচ্চতর গবেষণায় বাংলার প্রয়োগ ঘটাতে পারলে আমাদের মেধা ও সৃজনশীলতা আরও বিকশিত হবে এবং জাতি সমৃদ্ধ হবে। আদালতের রায় এবং আইনি প্রক্রিয়ায় বাংলা ভাষার ব্যবহার সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথকে সহজ করে। বিচার প্রার্থীরা যখন তাদের নিজের ভাষায় রায় শুনতে বা পড়তে পারেন, তখন বিচার বিভাগের ওপর তাদের আস্থা বাড়ে।

সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ আদালতে বাংলা ব্যবহারের প্রবণতা বেড়েছে, যা অত্যন্ত ইতিবাচক। তবে সকল স্তরে শতভাগ বাংলা প্রচলন নিশ্চিত করতে শক্তিশালী উদ্যোগ প্রয়োজন। আইনের ভাষা সহজবোধ্য বাংলার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের জাতীয় অঙ্গীকার হওয়া উচিত। বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলা ভাষাকে এগিয়ে নেওয়া জরুরি। ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার সহজলভ্যতা এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলার সফল অন্তর্ভুক্তি আমাদের ভাষাকে বৈশ্বিক করেছে। তবে অনলাইনে সঠিক তথ্যের বাংলা ভাণ্ডার আরও সমৃদ্ধ করতে হবে। সার্চ ইঞ্জিন এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনে বাংলার ব্যাকরণগত নির্ভুলতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। তরুণ প্রজন্ম যেন প্রযুক্তির মাধ্যমে পৃথিবীকে বাংলা ভাষায় জয় করতে পারে, সেই পরিবেশ আমাদের তৈরি করতে হবে। একুশে ফেব্রুয়ারির চেতনা কেবল বাংলার জন্য নয়, এটি পৃথিবীর সকল মাতৃভাষা রক্ষার ডাক দেয়। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিজস্ব মাতৃভাষা ও বর্ণমালা রক্ষায় আমাদের বিশেষ মনোযোগী হতে হবে। অনেক ভাষা আজ বিলুপ্তির পথে, যা আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতি। সরকারি উদ্যোগে এসব ভাষার পাঠ্যপুস্তক প্রণয়ন ও সংরক্ষণের ব্যবস্থা করা উচিত। নিজের ভাষা ভালোবাসার পাশাপাশি অন্যের মাতৃভাষাকে শ্রদ্ধা করা এবং বিলুপ্তির হাত থেকে রক্ষা করাই হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রকৃত সার্থকতা। ফেব্রুয়ারি আমাদের আত্মত্যাগের দীক্ষায় দীক্ষিত হওয়ার মাস। শহীদদের প্রতি আমাদের ঋণ কোনোদিন শোধ হবে না। তবে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে পারলে সেই ঋণ কিছুটা লাঘব হবে। অমর একুশে আমাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকুক এবং এই মাস হোক আমাদের নতুন করে জেগে ওঠা এবং আত্মপরিচয়ে বলীয়ান হওয়ার শ্রেষ্ঠ সময়।

লেখক : শিক্ষার্থী, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ