ঢাকা শহরের সর্বক্ষেত্রে জনসংখ্যার আধিক্য লক্ষ্যনীয়। জনসংখ্যার আধিক্যের কারণে এখানে সীমিত হয়েছে নাগরিক সুবিধাদি। ধারণ ক্ষমতার ৬/৭ গুণ অতিরিক্ত মানুষ যদি একটি শহরে বসবাস করে তাহলে এমনটাই হওয়াটাই স্বাভাবিক। তবে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, যেটা ঢাকা শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত লক্ষনীয়। সেটি হচ্ছে দেশের হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপ। ডাক্তার দেখাতে গেলে অতিমাত্রায় সময়ক্ষেপণ। সেইসাথে দেশের মোটামুটি সর্বত্র ওষুধের ডিসপেনসারিগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ভিড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও। অর্থাৎ চিকিৎসা ক্ষেত্র ও চিকিৎসকের সঙ্কটের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নতুন নতুন রোগ এবং রোগীর সংখ্যা। দেশের সব বিভাগের অধিকাংশ জেলাতেই ঘোরার সুবিধার্থে আমার কাছে এই বিষয়টি বেশ ভালোভাবেই নজরে এসেছে। তবে এই ইন্ডিকেটরগুলো একটি দেশ বা জাতির জন্য কখনোই ভালো ইঙ্গিত নয়। কেননা, দিনকে দিন অসুস্থ মানুষের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, সেটা বলার অবকাশ নেই। অসুস্থ মানুষের সংখ্যা যদি এভাবে বেড়েই চলে, তবে যতই বাড়তি হাসপাতাল নির্মাণ কিংবা বাড়তি চিকিৎসক নিয়োগ, কোনটাতেই সুফল বয়ে আনবে না। মানুষের এই অসুস্থতার প্রকৃত কারণ খুঁজে বের করে সেই কারণের সমাধান করতে পারলে তবেই এর লাগাম টেনে ধরা যাবে। নাহলে এটি ক্রমান্বয়ে বাড়তেই থাকবে এবং অদূর ভবিষ্যতে মহামারীতে রূপ নেবে। নি¤েœ একটি বাস্তব উদাহরণের মাধ্যমে এই নিদারুণ ঘটনার বর্ণনা দিলাম।
কিছুদিন আগে গ্রামের বাড়ি গিয়ে স্থানীয় বাজারে গিয়েছিলাম। বলে রাখা ভালো, আমাদের গ্রামের ওই বাজারটি মূলত সকালের দিকে বেশি জাঁকজমক হয়। কেননা, অধিকাংশ মানুষ ভোর বেলায় নিজ নিজ ঘেরের চিংড়ি ধরে বাজারে চলে আসে। এজন্য সকাল ৮টার ভিতর মোটামুটি চিংড়ি কেনাবেচা শেষ করে এরপর পারিবারিক চাহিদা মোতাবেক বাজার সদাই করেই সবাই বাড়ি ফেরে। তাই বলা চলে ভোর ৬টার দিকে বাজারের সরগরম অবস্থা থাকে। বাড়ি গেলে প্রায় প্রতিদিনই সকালে না হলে বিকালে বাজারে যাওয়া হয়। অনেক সময় কাজ না থাকলেও গল্প-গুজবে সময় অতিবাহিত করার জন্যও বাজারে যাই। বাজারে গিয়ে পরিচিত বিভিন্ন দোকানে বসি। ওষুধের ডিসপেনসারিতেও মাঝেমধ্যে বসা হয়। ডিসপেনসারিতে বসলে দেখতে পাই মোটামুটি সবাই বাজার থেকে ফেরার পথে একবার করে ডিসপেনসারিতে আসছে ওষুধ কিনতে। কেউ নিজের জন্য, না হলে পরিবারের সদস্যের জন্য। কেউ ১ সপ্তাহের, কেউ ২/৩ দিনের আবার কেউ ১ দিনের ওষুধ নিচ্ছে। প্রেসক্রিপশন দেওয়ার পরে ক্রেতা বলে দেয় কয়দিনের ওষুধ প্রয়োজন। ডিসপেনসারিওয়ালা সেভাবেই ওষুধ দিচ্ছে। তবে সকালে বাড়তি ক্রেতার চাপ সামাল দেওয়ার জন্য আরও ২ জন বাড়তি ব্যক্তি থাকে ওই ডিসপেনসারিতে। সবাই সমান তালে ওষুধ দিয়েই চলে। সকালে তাদের এদিক ওদিক ফেরার সময় থাকে না।
গ্রামের ডিসপেনসারি হলেও মোটামুটি ক্রেতাদের চাহিদা অনুযায়ী ওষুধ আছে ওই ডিসপেনসারিতে। এজন্য বাজারে আরও ৬/৭টা ডিসপেনসারি থাকলেও ওই ডিসপেনসারিতে মোটামুটি বেশিই ভিড় থাকে। তবে অন্যান্য ডিসপেনসারিতে যে ক্রেতা যে একেবারে কম ঠিক তেমনটি নয়। বাজারে অবস্থিত অন্যান্য সব দোকানের ভিতর একই ধরনের দোকানের যে পুনুরাবৃতি আছে তার মধ্যে মনে হয় ওষুধের দোকান তথা ডিসপেনসারির সংখ্যাই বেশি। ছোট একটি বাজারের মোধ্যে ৬/৭টি ওষুধের দোকান সংখ্যাটি নেহাত কম নয়। বিষয়টি নিয়ে খুশি হওয়ার পর্যায় নেই। কেননা, গ্রামের মানুষ হয়েও তাদের দৈনন্দিন খরচের তালিকায় বরাদ্দ অর্থের মোটামুটি অর্ধেকটাই ওষুধের পেছনে ব্যয় করে। কয়েকজনকে জিজ্ঞাসা করার পরে তারা এই ধরনের তথ্যই দিল।
তবে যারা ওষুধ নিতে আসছিল তাদের সবারই গ্যাস্ট্রিকের ওষুধের একটা কমন ব্যাপার ছিল। এটা বুঝতে বাকি রইল না যে, অন্য সব ওষুধের সাথে ডাক্তার গ্যাস্ট্রিকের ওষুধ প্রেস্ক্রাইব করেছেন। আবার কেউ কেউ শুধুমাত্র গ্যাস্ট্রিকের ওষুধও নিতে আসছিল। অর্থাৎ গাঁও গ্রামের মানুষেরাও মোটামুটি শহুরে মানুষের মত অধিকাংশই গ্যাস্ট্রিকের ওষুধ খায়, এটাও নিশ্চিত। কিছুদিন আগে পত্রিকার রিপোর্ট হয়েছিল দেশে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে গ্যাস্ট্রিকের ওষুধ। এই রিপোর্টের বাস্তবতা ঐ ডিসপেনসারিতে বসে উপলব্ধি করতে পারলাম। তবে এসব ক্রেতার মুখ দেখলে বেশ মায়া লাগে। কেননা তাদের অনেকের অভিযোগ যে, এত ওষুধ খেয়েও তারা বা তাদের পরিবারের সদস্যরা পুরোপুরি সুস্থ হন না। কিছু ওষুধ খাওয়ার পরে ডাক্তার আবারো দেখা করতে বলেছেন।
বুঝতে বাকি রইল না যে, হয়ত ডাক্তার রোগীর রোগের সঠিক ডায়াগনস্টিক এখনো করতে পারেননি, নতুবা রোগের বিপরীতে ওষুধের কার্যক্ষমতা নেই। এসব ভাবতে থাকার সময়ে একজন এসে গ্যাস্ট্রিকের ওষুধ চাইল। ডিসপেনসারিওয়ালা ওমিপ্রাজল গ্রুপের একটা কোম্পানির ওষুধ বের করে দিল। সঙ্গতকারণে ওষুধের কোম্পানির নাম এবং ডিসপেনসারির নামটা এখানে উল্লেখ করছি না। ক্রেতা সেটি না নিয়ে কম দামীটা দিতে বলল। এরপর দেখলাম হুবুহ একই কোম্পানির ওষুধ ডিসপেনসারিওয়ালা বের করে দিল। দাম প্রায় ৫ ভাগের ১ ভাগ অর্থাৎ নকল ওষুধ। ক্রেতা এবং বিক্রেতা উভয়ই জানে ওষুধটা নকল তাই নকল ওষুধ নিয়েই ক্রেতা খুশি। আমি ডিসপেনসারিওয়ালার কাছে ব্যাপারটা জিজ্ঞাসা করলে সে হাসি দিয়েই বলে ‘ওনার নাকি অরিজিনাল টার চেয়ে নকলটায় ভালো কাজ করে। তাই উনি নকলটা নেয়’। আমি নকল ওষুধের ভিতর আসলে কী আছে সেটা জানার চেষ্টা করছিলাম। ডিসপেনসারিওয়ালার উত্তর ‘এখানে তেমন ক্ষতিকর কিছু নেই। আটা ময়দা জাতীয় কিছু দিয়ে বানায় এগুলো। তাই মানুষ খেলে উপকার না হলেও ক্ষতি হয় না’। আর যিনি ক্রেতা উনি হয়ত মানসিকভাবে শান্তিতে থাকে যে ডাক্তার তো গ্যাস্ট্রিকের ওষুধ লিখেছে। সেটাই তো খাচ্ছে সুতরাং ভয়ের কারণ নেই। গ্রামের মানুষ, কত কিছুই তো নকল জিনিস নিয়ে ব্যবহার করে। ওষুধও হয়ত নকল নিলে কিছু হবে না। এমনটাই ভাবা স্বাভাবিক।
পুরো বিষয়টা নিয়ে একটু চিন্তা করতেই মাথাটা চক্কর দিয়ে আসল। ওষুধ তাও আবার নকল! এতদিন শাক-সবজি, ফলমূল, মাছ-মাংস, মিষ্টি-মিঠাই, তেল-মসলা থেকে শুরু করে প্রসাধনী সামগ্রীতে ভেজাল দেখা গেলেও ওষুধে ভেজাল শুনতেই মনটা কেমন একটা হয়ে গেল। মানুষ ভেজাল খাদ্য সামগ্রী খেয়ে অসুস্থ হলে সেখান থেকে সুস্থ হতে গেলে যে ওষুধ খাবে সেটারও আর সুযোগ নেই। কেননা ওষুধেও ভেজাল। স্বভাবতই আমাদের শরীরের ভিতরে বেশ জটিল কেমিস্ট্রি আছে। প্রতিনিয়ত শরীরের অভ্যন্তরের বিভিন্ন অর্গান থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থের নিঃসরণ হচ্ছে। যার তারতম্য হলেই আমরা অসুস্থ বোধ করি এবং চিকিৎসকের শরনাপন্ন হই। চিকিৎসক নানান পরীক্ষা-নিরীক্ষা করে রোগের সঠিক ডায়াগনস্টিক করে সঠিক ওষুধ প্রেস্ক্রাইব করেন। যেটাতে মানুষ সুস্থ হয়ে ওঠে। তাই সঠিক ডায়াগনস্টিক এর মাধ্যমে রোগ নিরূপণ করা যেমন ডাক্তারের কর্তব্য, ঠিক তেমনি চিকিৎসার জন্য সঠিক ওষুধ প্রেস্ক্রাইব করাটাও জরুরি। চিকিৎসকগণ ঠিক এটাই করার চেষ্টা করেন। এছাড়া নানাধরনের দুর্ঘটনায় আক্রান্ত হয়ে সুস্থ মানুষেরা চিকিৎসকের কাছে যায়। যেখানে চিকিৎসক রোগের ধরন অনুযায়ী টেস্ট এবং ওষুধ দিয়ে থাকেন। কিন্তু সেখানে যদি ওষুধে ভেজাল হয় তাহলে রোগ থেকে আরোগ্য লাভের চেয়ে পুনরায় নতুন রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা থেকে যায়। বিষয়টি কিন্তু সত্যিই উদ্বেগজনক।
সম্প্রতি বিবিসি বাংলা তে প্রকাশিত ভেজাল ওষুধ নিয়ে বেশ দীর্ঘ এক প্রতিবেদন পড়লাম। প্রতিবেদনের প্রথমেই বলা হয়েছে, ‘বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে আবারও সক্রিয় হয়ে উঠেছে ভেজাল ও নকল ওষুধের কারবারিরা। শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল, সবখানেই ছড়িয়ে পড়ছে নকল ও ভেজাল ওষুধ, যা নিয়ে রোগী ও চিকিৎসকদের মধ্যে উদ্বেগ লক্ষ করা যাচ্ছে’। শহরের তুলনায় গ্রামে ভেজালের কারবার বেশি। এটাই স্বাভাবিক, কেননা গ্রামের মানুষ শহরের মানুষের তুলনায় একটু বেশিই সহজ সরল এজন্য সেখানে ভেজাল কারবারিরা একটু বেশিই সুযোগ নেয়। ঢাকাবাসীর গৃহীত প্রায় সব জিনিসের মধ্যেই ভেজাল। এমনকি ঢাকা শহর বায়ু দূষণে বার বার শীর্ষে অবস্থান করে, তাই ঢাকা শহরের বায়ু অর্থাৎ প্রাণিকূলের গৃহীত অক্সিজেনেও ভেজাল বলা যায়। তাই ঢাকাবাসী ভেজাল খাবে এটা মোটামুটি তারা মেনেই নিয়েছে। কিন্তু গ্রামের মানুষ সেদিক থেকে তুলনামূলক সৌভাগ্যবান বলা চলে। এজন্য যে তারা ফ্রেশ বাতাস কিংবা ফ্রেশ শাক-সবজি, ফলমূল, মাছ-মাংস খায়। কিন্তু ওষুধের ভেজালের পরিমাণ শহরের চেয়ে গ্রামে বেশি হলে গ্রামের মানুষেরও সমান তালে শহুরে মানুষের মত ঝুঁকিতে রয়েছে সেটি বলার অপেক্ষা রাখে না। গ্রামে মেয়াদ উত্তীর্ণ ওষুধের আধিক্যের সাথে এখন যুক্ত হয়েছে ভেজাল ওষুধ।
বিজ্ঞানবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী নেচারে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, শুধুমাত্র ঢাকা শহরে বিক্রি হওয়া অ্যান্টিবায়োটিকের মধ্যে প্রায় ১০ শতাংশ ওষুধই নকল, ভেজাল এবং নিম্নমানের। ঢাকার বাইরে এই পরিস্থিতি আরও খারাপ এবং সংখ্যাটাও আরও বড় হবে। কিন্তু এটি বন্ধ করার জন্য যে ধরনের তৎপরতা থাকা প্রয়োজন, সরকারের তরফে সেটি লক্ষ করা যাচ্ছে না বলে অভিযোগ করছেন অনেকে। ভেজাল ও নিম্নমানের ওষুধের বিরুদ্ধে বছরের পর বছর ধরে অভিযান চালাচ্ছেন ঔষধ প্রশাসন অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু তারপরও নকল ও ভেজাল ওষুধের উৎপাদন এবং বিক্রি বন্ধ হচ্ছে না। এর মূল কারণ, আইনের কঠোর প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাব। ২০২৩ সালে পাস হওয়া ওষুধ ও কসমেটিক আইনে নকল ও ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তির যাবজ্জীবন কারাদ-ের বিধান রাখা হয়েছে। আইন পাস হওয়ার পরে গত দুই বছরে নকল ওষুধ কারবারিদের মধ্যে কয়েকজন ধরাও পড়েছে। কিন্তু কাউকেই যাবজ্জীবন সাজা দিতে দেখা যায়নি। উল্টো দেখা যাচ্ছে, যারা ধরা পড়ছেন তারাও কয়েক মাসের মধ্যে ছাড়া পেয়ে পুনরায় ব্যবসা শুরু করেছে। কারণ, শাস্তি না হলে অপরাধ আরও বেশি হবে সেটাই স্বাভাবিক। এই নকল ওষুধ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ওষুধ প্রশাসনেরও নজরদারির ঘাটতি রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধ সারাদেশে ছড়িয়ে পড়াকে জাতীয় স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। টাকা খরচ করে এসব ওষুধ কিনে মানুষ কেবল প্রতারিতই হচ্ছে না, বরং এর ফলে তাদের ভোগান্তি বাড়ছে। এমনকি অনেকে মারাও যাচ্ছেন। চিকিৎসকরা মতামত, ভেজাল ও নকল ওষুধ দুইভাবে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে। এর মধ্যে কিছু তাৎক্ষণিক ক্ষতি হচ্ছে, আর কিছু হচ্ছে দীর্ঘমেয়াদী। তাৎক্ষণিক ক্ষতিটা হলো রোগীর ভোগান্তি। আটা ময়দা দিয়ে বানানো নকল ওষুধ যেহেতু কাজ করেনা সেক্ষেত্রে রোগ সারছে না। অন্যদিকে, যেগুলোতে রাসায়নিক উপাদান রয়েছে, সেগুলোর কারণে দীর্ঘ মেয়াদে রোগীর শরীরে নতুন নানান স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। আবার গুরুতর অসুস্থ রোগীর ক্ষেত্রে নকল-ভেজাল ওষুধ মৃত্যুরও কারণ হয়ে দাঁড়াচ্ছে। গতবছর ঢাকার বেশকিছু হাসপাতালে অ্যানেস্থেসিয়া বা চেতনানাশক ওষুধ দেওয়ার পর অন্তত তিনটি শিশুর মৃত্যু হয়। পরে চেতনানাশকে ব্যবহৃত ‘হ্যালোথেন’ পরীক্ষা করে চিকিৎসকরা জানতে পারেন যে, সেগুলোতে ভেজাল ছিল। এ ঘটনার পর দেশের সরকারি-বেসরকারি সকল হাসপাতালে চেতনানাশক ওষুধ হিসেবে হ্যালোথেনের ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। আশির দশকে ভেজাল ও নিম্নমানের প্যারাসিটামল সিরাপ খেয়ে প্রায় ২৭০০ জন শিশুর কিডনি ও লিভার বিকল হয়ে মৃত্যু ঘটেছিল। যে সলভেন্ট বা দ্রাবক ব্যবহার করে এই সিরাপ তৈরি করা হয়েছিল তা কিডনি ও লিভার অকেজো করে ফেলে, যা শিশু মৃত্যুর কারণ।
ওষুধে ভেজাল রোধে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে ঢেলে সাজাতে হবে। তাদের সক্ষমতা বাড়াতে হবে, দুর্নীতিমুক্ত করতে হবে এবং দেশব্যাপী ভেজাল ওষুধ উৎপাদন ও বিপণনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করতে হবে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওষুধের গুণগত মান নিয়মিত পরীক্ষা করার ব্যবস্থা করতে হবে। ওষুধের পাইকারি ও খুচরা বিক্রির ক্ষেত্রে কঠোর নীতিমালা প্রণয়ন এবং তার যথাযথ প্রয়োগ করতে হবে। প্রতিটি বিভাগীয় শহরেই ওষুধের পাইকারি বাজার থাকে। মূলত এই পাইকারি বাজারগুলো থেকেই সারাদেশে এসমস্ত নিম্নমানের ওষুধ সরবরাহ করা হয়। সেজন্যই বিভাগীয় পর্যায়ের পাইকারি ওষুধের বাজারে নিয়মিত তল্লাশি চালানো দরকার। কোনো লাইসেন্স প্রাপ্ত অথবা লাইসেন্সবিহীন কোম্পানি যাতে নকল ওষুধ তৈরি করতে না পারে সেজন্য ওষুধ প্রশাসনের ব্যাপক তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। প্রস্তুতকৃত নকল ও ভেজাল ওষুধ যেন বাজারে সরবরাহ না হয় সে লক্ষ্যে দেশের বাজারগুলো ব্যাপক নজরদারির মধ্যে নিয়ে আসতে হবে। আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এ সমস্ত কর্মকা- বন্ধ করা সম্ভব।
লেখক: গবেষক ও কলামিস্ট। ধলড়ুসড়হফধষ৩২৫@ুধযড়ড়.পড়স
