আজ বিশ্ব প্রবীণ দিবস। প্রতিবছর অক্টোবরের ১ তারিখ দিবসটি পালিত হয়। বর্তমান পৃথিবীর বাস্তবতায় বয়স্কদের সেবায় তরুণদের জন্য প্রণোদনা বাস্তবায়নের ক্ষেত্রে নৈতিক স্বীকৃতি, শিক্ষাগত ও কর্মজীবনের সুবিধা এবং আর্থিক পুরস্কারের সমন্বয় প্রয়োজন। এই পারস্পরিক দ্বৈত উদ্দেশ্যমূলক পদ্ধতি একদিকে যেমন বয়স্কদের একাকিত্ব দূর করে, অন্যদিকে তরুণ প্রজন্মকে প্রয়োজনীয় জীবন দক্ষতা ও সামাজিক স্বীকৃতি প্রদান করে। পক্ষান্তরে আন্তঃপ্রজন্ম-স্বনির্ভরতার গ্রন্থি দৃঢ় করে।

যুবকদের জন্য প্রণোদনার কার্যকর কাঠামোকে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে: এক. শিক্ষাগত ও কর্মজীবনের সুবিধা: শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদিত একটি আনুষ্ঠানিক সনদ, যা শিক্ষার্থীদের সিভিকে মূল্য সংযোজন করে। দুই. বস্তুগত ও সামাজিক ভর্তুকি: স্বেচ্ছাসেবকদের জন্য যাতায়াত বা পরিষেবায় ছাড় প্রদানের লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় খাতের সঙ্গে সহযোগিতা করা। তিন. নানাভাবে আর্থিক প্রণোদনা: সরাসরি উপবৃত্তি, ঘণ্টাপ্রতি মজুরি; পরিচর্যার ঘণ্টার বিনিময়ে হ্রাসকৃত আবাসন ভাড়া ইত্যাদি। চার. বৈশ্বিক মডেল: ক) হিউম্যানিটাস (নেদারল্যান্ডস): শিক্ষার্থীরা নার্সিং হোমে বিনামূল্যে বসবাস করে এবং প্রতি মাসে ৩০ ঘণ্টা সঙ্গ দেয় প্রবীণদের। খ) সাইবার-সিনিয়রস (উত্তর আমেরিকা): তরুণরা বয়স্কদের ডিজিটাল সাক্ষরতা শেখানোর মাধ্যমে সামাজিক কাজের ঘণ্টা অর্জন করে।

তরুণ ও বয়স্করা যত বেশি সময় একসঙ্গে কাটাবেন, উভয় দলের জন্য সুবিধা তত বাড়বে। কিশোরদের মধ্যে প্রাণবন্ত ও সংক্রামক শক্তি থাকে, যা বয়স্কদের জন্য অপরিসীম আনন্দ বয়ে আনতে পারে। গবেষণায় দেখা যায়, তরুণ ও বয়স্কদের মধ্যে সংযোগ স্থাপন যোগাযোগকে উন্নত করতে এবং আত্মবিশ্বাস ও স্মৃতিশক্তি বৃদ্ধি করতে পারে। এ ছাড়াও কিশোররা আন্তঃপ্রজন্মীয় সম্পর্ক থেকে উপকৃত হয়। বিশেষ করে যাদের নিজ দাদা-দাদি বা নানা-নানি নেই; সম্প্রদায়ের বয়স্কদের সঙ্গে মেলামেশা অনেক সুবিধা প্রদান করে। বয়স্করা তাদের জ্ঞান দিয়ে কিশোর বা তরুণদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক দক্ষতা বিকাশে সহায়তা করতে পারেন। বয়স্করা সাধারণত খুব ধৈর্যশীল শ্রোতা হন। তাদের অবিভক্ত মনোযোগ দেন কিশোরদের, যা প্রায়ই বাবা-মা বা শিক্ষকদের পক্ষে দেওয়া কঠিন হয়ে পড়ে। বিপরীতভাবে তরুণ প্রজন্ম তাদের বয়োজ্যেষ্ঠদের কাছে উদ্ভাবনী, গতানুগতিকতার বাইরের চিন্তাভাবনা এবং সমস্যা সমাধান পদ্ধতি তুলে ধরে প্রজন্মগত ব্যবধান দূর এবং ব্যক্তিগত বিকাশে সহায়তা করে। মিথস্ক্রিয়াগুলো হচ্ছে যেমন: ক) ব্যক্তিগত জীবনের গল্পের মাধ্যমে অভিজ্ঞতা শেয়ার করা; খ) চিত্রাঙ্কন, মৃৎশিল্প বা কোলাজ তৈরির মতো কার্যকলাপের মাধ্যমে উভয়ের সৃজনশীলতা প্রকাশ করা; গ) একসঙ্গে খাবার প্রস্তুত করলে রান্নার রেসিপি, রন্ধন ঐতিহ্য এবং রান্নার কৌশল শানিত হয়; ঘ) অনেকের আগ্রহের বিষয়গুলোর মধ্যে বাগান করা, বই পড়া, ফটোগ্রাফি বা সংগীত ইত্যাদির সঙ্গে মিলে গেলে তা অনেক উপভোগ্য হয়; ঙ) প্রকৃতির মাঝে হাঁটা বা খেলাধুলা করলে বিভিন্ন বয়সের ব্যক্তিদের দলবদ্ধভাবে শারীরিক কার্যকলাপে উৎসাহিত করে।

পৃথিবীতে নানা প্রকার চ্যারিটি শপ আছে। যেমন– যুক্তরাষ্ট্র ও কানাডায় থ্রিফট স্টোর, হসপিস শপ, রিসেল শপ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অপরচুনিটি শপ এবং সেকেন্ড-ইন-ওয়ান নামেও উল্লেখ করা হয়। এখানে বিত্তশালীরা তাদের পুরোনো, ব্যবহৃত অক্ষত কাপড়, ফার্নিচার, বই, ইলেকট্রনিকস, গাড়ি ইত্যাদি দান করেন তালিকাভুক্ত রসিদের বিনিময়ে, যার পরিবর্তে তারা বার্ষিক ট্যাক্সে রিবেট পান। সেই জিনিসগুলো পরে নামমাত্র যৌক্তিক দামে (ট্যাক্সসহ) নিম্ন-মধ্যবিত্ত বা নিম্নআয়ের ব্যক্তিরা কেনেন। এই স্টোরগুলো পরিচালনা করেন বা চাকরি করেন সাধারণত ৬৫ ঊর্ধ্ব বেকার প্রবীণরা। কিন্তু আসল শারীরিক শ্রমশক্তি হিসেবে কাজ করে পার্টটাইম বা ফুলটাইম কিশোর বা যুবক। এভাবেও প্রবীণ ও তরুণের মধ্যে সমন্বয়মূলক কাজ গড়ে তোলা যায়।

ডা. গোলাম শওকত হোসেন: চিকিৎসক ও লেখক