মহান আল্লাহকে চেনা ও জানার পরিধি যত বিস্তৃত হয়, তার সঙ্গে বান্দার ভালোবাসার বন্ধন তত দৃঢ় হয়। আল্লাহ সুউচ্চ ও সুমহান। তার মর্যাদাগত অবস্থান সবকিছুর ওপরে। তিনি রাজাধিরাজ এবং সব ক্ষমতার একচ্ছত্র মালিক। আসমান ও জমিনের দৃশ্য অদৃশ্য সবকিছুই তার নখদর্পণে। কিন্তু এই অসীম ক্ষমতা ও সুউচ্চ মর্যাদা সত্ত্বেও তিনি সৃষ্টিকুলের প্রতি উদাসীন নন। তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা হিসেবে বান্দার প্রতিটি নিঃশ্বাস ও হৃদয়ের স্পন্দন সম্পর্কেও সম্যক অবগত। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, একবার রাসুল (সা.) মিম্বরে উঠে তেলাওয়াত করলেন, ‘তারা আল্লাহর যথাযথ সম্মান করেনি। কেয়ামতের দিন সমগ্র ভূলোক থাকবে তার হাতের মুঠোয়। আসমানগুলো ভাঁজ করা অবস্থায় থাকবে তার অধীনে। তিনি পবিত্র, মহান। তারা যেসব জিনিসকে শরিক করে, তিনি তার ঊর্ধ্বে।’ (সুরা জুমার ৬৭) এরপর তিনি বলেন, আল্লাহতায়ালা সেদিন বলবেন, ‘আমিই পরাক্রমশালী। আমিই মহিমান্বিত। আমিই রাজাধিরাজ। আমিই সর্বোচ্চ।’ এভাবে তিনি নিজের মহিমা ঘোষণা করবেন। ইবনে ওমর (রা.) বলেন, রাসুল (সা.) এ বাক্যগুলো বারবার বলেই যাচ্ছিলেন। মিম্বর কেঁপে কেঁপে উঠছিল। মনে হচ্ছিল, যেন মিম্বর রাসুল (সা.)-কে নিয়ে হেলে পড়বে। (মুসনাদে আহমদ)

আল্লাহ সুমহান। তার নামসমূহ মহিমাময়। সত্তাগতভাবে তিনি সর্বোচ্চ, গুণগতভাবেও। সবকিছু তার অধীনস্থ। তিনি সর্বোচ্চ, তার চেয়ে উচ্চে কেউ নেই। তিনি পবিত্র। আসমানগুলোর ওপরে আরশে সমাসীন। এর প্রকৃত স্বরূপ সৃষ্টির বোধগম্য নয়। তিনি যেভাবে বলেছেন, সেভাবেই আছেন। এর দ্বারা আল্লাহর মর্যাদাগত উচ্চতা ও কর্তৃত্ববান হওয়াও উদ্দেশ্য হয়ে থাকে। তিনি জ্ঞান ও ইচ্ছার মাধ্যমে সৃষ্টির সঙ্গেই আছেন। তিনি সব সৃষ্টিকে আপন কর্তৃত্বে ঘিরে রেখেছেন। সৃষ্টিজগতের ওপর তারই আদেশ কার্যকর হয়। সবকিছু তারই ক্ষমতাধীন। কোনো কিছুই তার দৃষ্টির বাইরে নেই। কিছুই তাকে অক্ষম করতে পারে না। নৈকট্য ও সমুন্নতি দুটি গুণ আল্লাহর। দুটিই তার জন্য কোরআন-সুন্নাহ ও ইজমা দ্বারা প্রমাণিত। এর কোনো একটি অপরটিকে নাকচ করে না। আল্লাহতায়ালা বলেন, ‘তার মতো কেউ নেই। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।’ (সুরা শুরা ১১)। আল্লাহতায়ালা নিজের সম্পর্কে বলেন, ‘তিনি আসমান-জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন। এরপর আরশে সমাসীন হন। ভূগর্ভে যা প্রবেশ করে, যা তা থেকে বের হয়, আসমান থেকে যা নেমে আসে, যা আসমানে উত্থিত হয়, তিনি সব জানেন। তোমরা যেখানেই থাকো, তিনি তোমাদের সঙ্গে থাকেন। তোমরা যা করো, আল্লাহ তা দেখেন।’ (সুরা হাদিদ ৪) মহান আল্লাহ আরও বলেন, ‘তুমি কী দেখো না, আল্লাহ আসমান-জমিনে যা কিছু আছে, তা জানেন। তিনজনে কোনো গোপন পরামর্শ হলে, তিনি সেখানে চতুর্থজন হিসেবে থাকেনই। পাঁচজনে হলে, তিনি ষষ্ঠজন হিসেবে কিংবা তার কমবেশি হলেও তারা যেখানে থাকুক, তিনি তাদের সঙ্গে থাকেন। এরপর তিনি কেয়ামতের দিন তাদের কর্ম সম্পর্কে অবহিত করবেন। নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন।’ (সুরা মুজাদালা ৭)

আল্লাহ সবকিছুর নিকটে। এ নৈকট্য সব সৃষ্টির বেলায় প্রযোজ্য। আরেকটা আছে বিশেষ নৈকট্য, যা তিনি দিয়ে থাকেন নবী-রাসুল ও নেককার বান্দাদের। তিনি তাদের সাহায্য করেন। শক্তি জোগান। ভালোবাসেন। সৎকাজের সুযোগকরে দেন। সঠিক পথ দেখান। বিপদে রক্ষা করেন। যথার্থ সিদ্ধান্ত নিতে সহায়তা করেন। মুসা ও হারুন (আ.)-কে আল্লাহ আদেশ দিলেন ফেরাউনকে সৎপথে আহ্বান জানাতে। তারা বললেন, ‘হে আমাদের রব! আমরা তার থেকে আমাদের ওপর সীমালঙ্ঘন ও বাড়াবাড়ির আশঙ্কা করছি।’ তিনি বলেন, ‘তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি। আমি দেখি ও শুনি।’ (সুরা তাহা ৪৫-৪৬) ফেরাউন সৈন্য নিয়ে মুসা (আ.) ও তার জাতিকে ঘিরে ফেলল। মুসা (আ.)-এর সঙ্গীরা মনে করল, তাদের সব পথ বন্ধ হয়ে গেছে। তারা বলল, ‘নিশ্চয় আমরা ধৃত হব।’ (সুরা শুআরা ৬১) মুসা (আ.) পূর্ণ প্রত্যয়ের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালকের প্রতি সুধারণার ভিত্তিতে বললেন, ‘কিছুতেই নয়। নিশ্চয় আমার রব আমার সঙ্গে আছেন। তিনি আমাকে মুক্তির পথ দেখাবেন।’ (সুরা শুআরা ৬১) আল্লাহ কারও সঙ্গে থাকলে, আল্লাহর সাহায্যও তার সঙ্গে থাকে। তিনি তাকে পথ দেখান। আত্মবিশ্বাসী করেন। বাধা ডিঙানোর শক্তি দেন। আল্লাহতায়ালা আমাদের নবী (সা.)-কে বলেন, ‘ধৈর্যের সঙ্গে আপন রবের আদেশ পালন করে যাও। তুমি আমার দর্শনেই আছ।’ (সুরা তুর ৪৮)

আল্লাহ যদি কারও সঙ্গে না থাকে, আর সে দুঃখ-কষ্ট ভোগ করতে থাকে, আসল দুঃখের বিষয় মূলত সেটাই। আল্লাহর নৈকট্যের অনুভব হৃদয়ে শান্তি আনে, স্থিতি সৃষ্টি করে। হৃদয় থেকে দূর করে ব্যথা-বেদনার ভার। ইবনুল কায়্যিম (রহ.) বলেন, ‘যে আল্লাহর মারেফাত লাভ করে, সে অবশ্যই তাকে ভালোবাসে। যে আল্লাহকে ভালোবাসে, তার হৃদয়ের আঁধার বিদূরিত হয়। মন থেকে ব্যথা- বেদনা, দুঃখ-কষ্ট বিলোপ হয়। হাসি-আনন্দে মনের ঘর আবাদ হয়। চারদিক থেকে অভিনন্দন ও সুসংবাদ লাগাতার আসতে থাকে। কারণ, আল্লাহ সঙ্গে থাকলে কোনো কষ্ট থাকতে পারে না। সর্বোতভাবে দুঃখী তো সেই, যে আল্লাহকে হারিয়েছে। যে আল্লাহকে পেয়েছে, তার আর বেদনা কীসে? যে আল্লাহকে হারিয়েছে, তার আবার খুশি কীসে?’ আল্লাহর বিশেষ নৈকট্য পেয়েছেন ইব্রাহিম (আ.)। যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ বললেন, ‘হে আগুন! ইব্রাহিমের জন্য ঠাণ্ডা ও আরামদায়ক হয়ে যাও।’ (সুরা আম্বিয়া ৬৯) আরও পেয়েছেন ইউনুস (আ.)। যখন তিনি সমুদ্র তলদেশে মাছের পেটে অন্ধকারে ছিলেন, আল্লাহতায়ালা তার অবস্থা তুলে ধরে বলেন ‘সে সেই ঘোর অন্ধকার থেকেই ঘোষণা দিল, তুমি ছাড়া কোনো রব নেই। তুমি পবিত্র, আমিই অপরাধী ছিলাম।’ (সুরা আম্বিয়া ৮৭-৮৮) আল্লাহ যেভাবে তার নবী-রাসুলদের সাহায্য করেছেন, সেভাবে তাদের অনুসারীদেরও করবেন। তিনি বলেন, ‘নিশ্চয় আমি আমার রাসুলরা ও তাদের অনুসারীদের পার্থিব জীবনে সাহায্য করব। সাহায্য করব সেদিনও, যেদিন সাক্ষীরা দণ্ডায়মান হবে।’ (সুরা মুমিন ৫১)

লেখক : শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

muftimahbub503@gmail.com