রমজান মাস মুসলিম উম্মাহর জন্য কেবল একটি ইবাদতের সময় নয়; এটি আত্মশুদ্ধি, সংযম, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই মাসে মানুষ ভোগের চেয়ে ত্যাগকে, অপচয়ের চেয়ে মিতব্যয়কে এবং স্বার্থপরতার চেয়ে সহমর্মিতাকে গুরুত্ব দেয়। বাস্তবতা হলো, রমজান যত ঘনিয়ে আসে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার ততই অস্থির হয়ে ওঠে। ফলে সংযমের এই মাস অনেকের জন্য স্বস্তির বদলে উদ্বেগ ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। \r\n১৪৪৭ হিজরি সনের রমজান মাস শুরু হওয়ার প্রস্তুতি যখন চলছে, তখনই নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নতুন করে ভাবনার দাবি রাখে। রমজানের শুরুতে রেখে যদি এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তবে বাজারে সংকট সৃষ্টি হওয়া প্রায় অনিবার্য হয়ে উঠবে। এটি শুধু অর্থনৈতিক সমস্যা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে সামাজিক ন্যায়বিচার, নৈতিকতা এবং রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রশ্ন।\r\nরমজান মাসে খাদ্যাভ্যাসে স্বাভাবিক পরিবর্তন আসে। সেহরি ও ইফতারকে কেন্দ্র করে পরিবারগুলো কিছু বাড়তি খাদ্যসামগ্রী সংগ্রহ করে। চাল, আটা, ডাল, চিনি, ভোজ্যতেল, ছোলা, খেজুর, পেঁয়াজ, আলু, দুধ, ডিম ও মাংসের মতো পণ্যের ওপর চাপ বেড়ে যায়। এটি একটি স্বাভাবিক চাহিদা-চক্র। কিন্তু সমস্যা তখনই প্রকট হয়, যখন এই স্বাভাবিক চাহিদাকে অজুহাত বানিয়ে বাজারে অস্বাভাবিক অস্থিরতা তৈরি করা হয়। সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম সংকট, গোপন মজুতদারি এবং অতিরিক্ত মুনাফার প্রবণতা রমজান এলেই যেন পরিণত হয় নিয়মে। ফলে সাধারণ মানুষের নিত্যজীবন চরম চাপের মুখে পড়ে।