ভূমি শুধু একটি ভৌগোলিক সীমানা বা উৎপাদনের উপকরণমাত্র নয়; এটি মানুষের জীবন, জীবিকা, নিরাপত্তা ও মর্যাদার অবিচ্ছেদ্য ভিত্তি। মানুষের বসবাস, খাদ্য উৎপাদন, সামাজিক স্থিতি এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা সবকিছুর কেন্দ্রবিন্দুতেই রয়েছে ভূমির ওপর ন্যায্য অধিকার। যে সমাজে ভূমির বণ্টন বৈষম্যমূলক এবং রাষ্ট্রীয় ভূমি শক্তিশালী বা প্রভাবশালী গোষ্ঠীর হাতে কুক্ষিগত হয়ে পড়ে, সেখানে সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন ও সাংবিধানিক প্রতিশ্রুতি শুধু কাগুজে ঘোষণায় সীমাবদ্ধ থাকে। বাংলাদেশের সমাজ ও অর্থনীতির বাস্তবতায় খাসজমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ।
এই জমি মূলত রাষ্ট্রের মালিকানাধীন সেই ভূমি, যা জনস্বার্থে ব্যবহারের কথা এবং বিশেষত ভূমিহীন, গৃহহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসন ও জীবিকার নিশ্চয়তার জন্য সংরক্ষিত। বাস্তবে দেখা যায়- এই খাসজমিই বহু ক্ষেত্রে ভূমিহীনদের ভাগ্যে পৌঁছায় না; বরং রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক দুর্বলতা ও কাঠামোগত দুর্নীতির ফলে তা দখল হয়ে যায় প্রভাবশালী মহলের হাতে। ফলে রাষ্ট্রের সামাজিক দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ হয় এবং সংবিধানে ঘোষিত সাম্য ও সামাজিক ন্যায়বিচারের আদর্শ ক্ষুণ্ন হয় গুরুতরভাবে। ভূমিহীন জনগোষ্ঠী বাংলাদেশের একটি বড় সামাজিক বাস্তবতা। স্বাধীনতার পঞ্চাশ বছরেরও বেশি সময় পরও বিপুলসংখ্যক মানুষ নিজ ভূমি বা বসতভিটার অধিকার থেকে বঞ্চিত।
এই বঞ্চনা শুধু অর্থনৈতিক নয়- এটি সামাজিক মর্যাদা, রাজনৈতিক ক্ষমতা ও মানবিক নিরাপত্তার সংকটও বটে। ভূমি না থাকায় একজন মানুষ রাষ্ট্রের নাগরিক হয়েও কার্যত অনিরাপদ ও অধিকারহীন অবস্থায় বসবাস করতে বাধ্য হয়। এই প্রেক্ষাপটে খাসজমির ন্যায্য বণ্টন ভূমিহীনদের জন্য অনুকম্পা নয়; এটি তাদের সাংবিধানিক অধিকার।\r\nবাংলাদেশের সংবিধান রাষ্ট্রকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে কল্পনা করেছে, যেখানে সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সংবিধানের প্রস্তাবনা, মৌলিক নীতিগুলো এবং নাগরিকের মৌলিক অধিকার-সংক্রান্ত ধারাগুলো স্পষ্টভাবে ঘোষণা করে যে, রাষ্ট্র সকল নাগরিকের জন্য ন্যূনতম জীবনমান, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
খাসজমি ব্যবস্থাপনা ও ভূমিহীনদের পুনর্বাসনের প্রশ্নটি তাই সরাসরি সংবিধানের এই মৌলিক দর্শনের সঙ্গে যুক্ত। তবুও প্রশ্ন থেকে যায়- খাসজমি কি সত্যিই ভূমিহীনদের অধিকার হিসেবে স্বীকৃতি পাচ্ছে? রাষ্ট্রীয় নীতি ও আইন বাস্তবায়নে কোথায় বাধা সৃষ্টি হচ্ছে? প্রশাসনিক সিদ্ধান্ত ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে কীভাবে সাংবিধানিক প্রতিশ্রুতি বাস্তব জীবনে ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে? এ সব প্রশ্নের উত্তর অনুসন্ধান করা শুধু আইনবিদ বা প্রশাসকের দায়িত্ব নয়; এটি ন্যায়বিচার প্রত্যাশী একটি সমাজের সম্মিলিত দায়িত্ব। এই প্রবন্ধে খাসজমি ও ভূমিহীনদের সাংবিধানিক অধিকার বিষয়টি শুধু আইনি ধারার আলোচনায় সীমাবদ্ধ থাকবে না; বরং সংবিধানের নৈতিক দর্শন, রাষ্ট্রের দায়িত্ববোধ এবং সামাজিক ন্যায়বিচারের বৃহত্তর কাঠামোর ভেতর থেকে বিষয়টিকে বিশ্লেষণ করার প্রয়াস থাকবে। কারণ খাসজমির প্রশ্ন শেষ পর্যন্ত একটি মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করায়- রাষ্ট্র কি তার সবচেয়ে দুর্বল নাগরিকদের পাশে দাঁড়াতে সক্ষম, নাকি ক্ষমতার ভারসাম্য বরাবরের মতোই ন্যায়ের পথকে আড়াল করে রাখবে?
